একটা সময় ছিল যখন ধানখেত, নদীর চর, জলাধারের ধারে অনেক পাখি দেখা যেত। পাখিগুলোর কোনোটি লেজ নাচাত, কোনোটি দ্রুত পায়ে হাঁটত আবার কোনোটি আকর্ষণীয় ভঙ্গিতে উড়ে যেত। হন্যে হয়ে পাখিগুলোর বাসা খুঁজতাম। কিন্তু কোনো দিন সেসব পাখির বাসা খুঁজে পেতাম না। যখন পাখিবিদ্যা সম্পর্কে কিছুটা জানা হলো তখন বুঝতে পারলাম, আসলে ছেলেবেলার দেখা সেসব পাখি আমাদের দেশে বাসা করে না। ওই সব পাখি ছিল মূলত কাদাখোঁচা, সোনা বাটান, বন বাটান, জৌরালি, কারলিউ, খঞ্জনা, কেস্ট্রেল ইত্যাদি। এরা পরিযায়ী পাখি। কোনো না কোনো মাসে আমাদের দেশে আসে জীবনের প্রয়োজনে। প্রয়োজন মিটিয়ে চলে যায় ওদের বাসা করার উপযোগী কোনো দেশে। কয়েক বছর আগে জানুয়ারির এক সকালে সিলেটের ছাতকের কাছে সুরমা নদী পার হয়ে পাথর চাউলি হাওরে গিয়ে এক পাখির দেখা পাই। বিদ্যুতের তারে বসে ছিল সে। কিছুক্ষণ পর পর ডাইভ দিয়ে ধানখেতে নামে পোকামাকড় ধরার জন্য। একবার ছোট একটা ইঁদুর ধরে চলে গেল অনেক দূরের গাছে। পাখিটির নাম পাতি কেস্ট্রেল। বৈজ্ঞানিক নাম Falco tinnunculus। পরিযায়ী শিকারি পাখি। শীতের সময় আসে আমাদের দেশে। ধানখেত, মাঠের কাছের কোনো গাছে কিংবা বিদ্যুতের তারে বসে থাকে শিকার ধরার জন্য। দাগি পিঠ ও হলুদ পায়ের এই শিকারি পাখি একাকী কিংবা জোড়ায় চরে বেড়ায়। মেয়েপাখি আকারে বড়। দেহের পালক বাদামি বা পাটকেলে। মরচে রঙের ছিট আছে। লেজের আগায় কালো বলয় আছে। পা ও আঙুল হলদে। নখর কালচে। এই পাখির প্রজননভূমি হিমালয়ের গিরিচূড়ায় ও পাকিস্তানের পার্বত্য এলাকা। খাড়া পাহাড়ের ফাটল ও পরিত্যক্ত দালানের ফোকরে খড়কুটো, লতাপাতা দিয়ে বাসা বাঁধে। কখনো কাকের খালি বাসায়ও ডিম দেয় এরা। ডিম হলুদ, সংখ্যায় তিন থেকে ছয়টি। ২৭ থেকে ২৯ দিনে ডিম ফোটে। শীতের সময় সিলেট, ঢাকাসহ দেশের সব বিভাগেই পাখিটি দেখা যায়। তৃণভূমি, আবাদি জমি ও পাহাড়ের ঢালে বিচরণ করতে ভালোবাসে। খাদ্যতালিকায় রয়েছে বোলতা, উইপোকা, ছোট ইঁদুর, টিকটিকি, ছোট পাখি, পাখির ছানা ইত্যাদি।