পাতিশিয়াল
দেশে ৪০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী বিপন্ন, অতিবিপন্ন ও সংকটাপন্ন অবস্থায় টিকে আছে। বন বিনাশ, পিটিয়ে মারা, শিকার ও পর্যাপ্ত খাবার আর বাসস্থানের অভাবে এসব প্রাণী সংখ্যায় কমে যাচ্ছে।এদের মধ্যে গাঁয়ের পাতিশিয়াল (Canis aureus) টিকে আছে সংকটাপন্ন অবস্থায়। আশির দশকেও পাতিশিয়াল দেখা যেত প্রায় সব জেলায়, গ্রামের ঝোপঝাড়ে। এখন গ্রামের লোকই শিয়ালের দেখা পায় না। গত কয়েক বছরে ৩০টি জেলার প্রায় ৩০০ গ্রাম সফর করেছি। গ্রামবাসীর কাছে জানতে চাইলে জবাব এসেছে—শিয়াল আগে অনেক ছিল, এখন একেবারে কমে গেছে।শিয়ালের সঙ্গে মানুষের দ্বন্দ্ব কবে শুরু হয়েছে জানা নেই। তবে খাদ্যের অভাব যখন প্রবল হয়েছে, তখনই শিয়াল লোকালয়ে এসে পোষা হাঁস-মুরগির ওপর হানা দিয়েছে। তাই আজও গাঁয়ের মানুষ শিয়াল দেখলে যে করেই হোক মারার জন্য মরিয়া হয়ে ওঠে। মূলত এ কারণেই একদিন আমার নিজের গ্রাম থেকে শিয়ালের পদচিহ্ন মুছে গেছে। তাও আজ থেকে ১৫ বছর আগে।পাতিশিয়ালের আকার আমাদের পোষা কুকুরের মতোই। লেজটি গুটিয়ে রাখে অর্থাৎ নিচের দিকে নামানো থাকে। গায়ের রং বাদামি, পেছনের অংশে কালো লোম থাকে।শিয়াল নিশাচর। তবে কখনো খুব সকালেও দেখা যায়। পেটে ক্ষুধা থাকলে দিনের বেলায়ও বের হয়। সন্ধ্যায় শিয়াল ডেকে ওঠে। দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ঝোপের ভেতর, মাটির গর্তে লুকিয়ে পড়ে। সাধারণত দলে চলে, একাকীও ঘুরতে দেখা যায়। এরা সর্বভূক। প্রধান খাবার পোকামাকড়, পাখি, ছোট আকারের মেরুদণ্ডী প্রাণী, টিকটিকি, মৃতদেহ, শাকসবজি, আখের রস, ভুট্টা ইত্যাদি। খাবারের অভাব দেখা দিলে লোকালয়ে হানা দেয় হাঁস-মুরগি ধরতে। সিলেটের মৌলভীবাজার ও বড়লেখায় শিয়ালের ভালোই ডাক শোনা যায়। গবেষণায় দেখা গেছে, বর্ষার সময় মানুষের হাতে শিয়াল মারা পড়ে বেশি। খাবারের জন্য তখন লোকালয়ে আসতেই হয় এদের। আর তখনই মানুষের হাতে নিরীহ এই প্রাণীর মৃত্যু ঘটে।বন্যপ্রাণী রক্ষায় সরকারের কঠোর ব্যবস্থা, বনভূমি রক্ষা, সচেতনতা বাড়ানো এবং জীবপ্রেমই পারে শিয়ালকে বাঁচিয়ে রাখতে।