পাতে হাতের সেমাই
ঢাকাইয়াদের ঘরে এখনো ঈদের দিন নানা রকম সেমাইয়ের সঙ্গে ঘরে বানানো সেমাইয়ের একটি পদ চাই। ঢাকায় সেমাইয়ের তিনটি আলাদা ধরন রয়েছে। একটি হলো হাতে বানানো চুই সেমাই। চুই সেমাইয়ের চেয়ে একটু বড় আকারের সেমাই হলো কাটা সেমাই। আরও রয়েছে লোহা বা পিতলের কলে হাতল ঘুরিয়ে বানানো কলের সেমাই। এখন ঢাকার বনেদি পরিবারগুলোয় ঢুঁ মারলেই মিলবে এসব সেমাইয়ের খোঁজ।বংশাল সাতবাড়ির আশরাফ উদ্দিনের বাড়িতে গিয়ে কলে বানানো সেমাইয়ের দেখা মিলল। একটা কাঠের টুলের ওপর বসানো হয়েছে সেমাইয়ের কল। এই কলের মুখ দুটি। একটি মুখ ময়দার খামির দেওয়ার জন্য ফাঁকা, আর অন্য মুখে ছিদ্রওয়ালা ঝাঁঝরি লাগানো। একজন কলের মুখে ময়দার দলা দিয়ে যাচ্ছেন, আর অন্যজন হাতল ঘুরিয়ে সেমাই পেষায় ব্যস্ত। এতে নিচ দিয়ে পড়ছে সুতার মতো সেমাই। গৃহকর্ত্রী জাহানারা বেগম জানান, সেমাইয়ের কলে বানানো সেমাই প্রথমে রোদে শুকিয়ে কড়কড়ে করা হয়। তারপর বয়ামে ভরে রাখা হয়। রান্নার আগে বড় ডেকচিতে হালকা আঁচে ভেজে নিলে এই সেমাই একটু লালচে হয়। তারপর রান্না করতে হয়।লক্ষ্মীবাজারের মো. মোহসীন বলেন, ‘সেমাইয়ের কল সারা বচ্ছর ব্যবহার করি না। জংমং ধইর্যা থাকে। ঈদের আগে আগে ত্যাল-উল দিয়া চাল্লু করি। তারপর সেমাই পিষাই। খালি এট্টু বালা খাওনের ল্যাগা নিজ আতে (হাতে) কল গুড়াই।’ সেমাইয়ের কলের সঙ্গে ঢাকাই পরিবারগুলোর আভিজাত্যও জড়িত ছিল একসময়। লালবাগ প্রথম লেনের বাসিন্দা আবদুর রাজ্জাক বলেন, ‘আমার দাদাবাড়ির সেমাইয়ের কলটি ছিল পিতলের। সেটি চায়না থেকে আনা হয়েছিল। আর নানাবাড়ির কলটি ছিল লোহার। সেটি দেশি ছিল। এ জন্য দাদাবাড়ির সবাই গর্ব করত।’যাঁদের কল নেই, তাঁরা কাঠের রেহাল দিয়ে হাতে তৈরি করেন সেমাই। এতে রেহালের ওপর ময়দার দলা রেখে তা এক হাতে কায়দা করে ঘষা হয়, তখন নিচে রাখা পাত্রে সরু হয়ে ময়দার সুতা পড়তে থাকে।কলের সেমাইয়ের মতোই ঘরে বানানো আরেকটি সেমাইয়ের পদ চুই সেমাই। চুই সেমাই কোথাও কোথাও চিমটি সেমাই নামে পরিচিত। এটি হাতের তর্জনী আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে চিমটি কেটে কেটে বানানো হয়। দেখতে অনেকটা জিরার দানার মতো। এই সেমাই বানাতে সময় অনেক বেশি লাগে। ফলে ঢাকাই পরিবারগুলো রোজার আগে থেকেই এটি বানাতে শুরু করে। রায়সাহেব বাজারের বাসিন্দা মাকসুদা খাতুন জানান, চুই সেমাই বানাতে কোনো ঝামেলা নেই। অবসর-আড্ডার সময় মহিলারা হাতে ময়দার দলা নিয়ে বসেন। আড্ডার ফাঁকে ফাঁকে চলে দুই আঙুলের ঘষায় সেমাই বানানো। চুই সেমাইকে রোদে শুকিয়ে বয়ামজাত করে অনেক দিন সংরক্ষণ করা যায়। তবে রান্নার আগে আলতো আঁচে একটু ভেজে নিলেই সেমাইয়ের কড়কড়ে ভাবটা চলে আসে।মালিটোলার সাগির হোসেন চুই সেমাই প্রসঙ্গে বলেন, সেমাইটি ঢাকার প্রায় সব পরিবারেই একসময় করা হতো। চুই সেমাইয়ের মতোই কাঠের পিঁড়িতে হাতের তালুর ঘষায় বানানো হয় কাটা সেমাই। এটা আকারে চুই সেমাইয়ের চেয়ে একটু বড়।ঢাকার কোনো কোনো চেইন শপে ‘হ্যান্ডমেড’ লেবেল দিয়ে বাসায় তৈরি সেমাই কিনতে পাওয়া যাচ্ছে। এগুলো বিকোচ্ছে দেদার। বেচারাম দেউড়ির বাসিন্দা জয়নাল আবেদিন বলেন, ‘চারদিকে ভেজাল আর দূষিত খাবারের মধ্যে সেমাইয়ের এই পদগুলো টিকিয়ে রাখা উচিত। এতে আমাদের স্বাস্থ্য যেমন রক্ষা পাবে, তেমনি বাঁচবে ঐতিহ্য।’