পাথর তোলায় তিন নদী ভরাট আবাদি জমি ক্ষতিগ্রস্ত
বুড়িমারীতে ধরলার দিকে তাকালে চোখে পড়ে ধু ধু বালুরাশি। নদীর তলদেশ থেকে পাথর আর বালু তুলে নদীর বুকেই স্তূপ করে রাখা হয়েছে। কোথাও কোথাও নদী এমনভাবে ভরাট হয়ে গেছে, বোঝাই যায় না যে এখানে নদী ছিল।শমশেরপুর গ্রামে সাঁকোর ওপর দাঁড়ালেও চোখে পড়ে একই দৃশ্য। দূরে পাথর নেওয়ার জন্য অপেক্ষা করছে কয়েকটি ট্রাক। শুকিয়ে গেছে নদীর পানি। নদীর পাশেই চাত্রারপাড় এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বদলে গেছে কৃষিজমির পরিবেশ। পাথর তোলার কারণে নদীর স্বাভাবিক প্রবাহ রুদ্ধ হয়েছে। সিঙ্গিমারী নদীর অস্তিত্বই বিলীন হতে চলেছে।নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা পাটগ্রামের কুচলিবাড়ী ইউনিয়নের শমশেরপুর গ্রামের আমিনুল ইসলাম নদীর দিকে আঙুল তুলে বলেন, ‘পাথর তোলার ফলে সিঙ্গিমারী নদীর অস্তিত্ব বিলীন হতে চলেছে। নদীর গতিপথ বদলে গেছে। একসময় এ নদীর অনেক গভীরতা থাকলেও এখন হেঁটেই পার হওয়া যায়। পাথর তুলে ফসলি জমিতে বালু ফেলায় অনেক জমি অনাবাদি হয়ে পড়েছে।’একই এলাকার লুৎফর রহমান জানান, পাথর তুলে পাশের ফসলি জমিতে ফেলার কারণে চাত্রারপাড় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সেখানে এখন আর চাষাবাদ হচ্ছে না।সরেজমিনে ঘুরে দেখা গেছে, পাটগ্রামের ধরলা, সানিয়ারজান ও সিঙ্গিমারী নদীর প্রায় ৫৫ কিলোমিটার নদীপথ পাথর তুলতে গিয়ে ভরাট করে ফেলা হয়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, হিমালয় পর্বতশ্রেণীর ভিত্তিভূমি হিসেবে এ এলাকার ভূ-অভ্যন্তরে পাথর পাওয়া যায়। পরিবহন খরচ কম হওয়ায় একটি প্রভাবশালী চক্র এই তিন নদী থেকে পাথর তুলছে। নদীতে পাইপ বসিয়ে মেশিন দিয়ে বালুমিশ্রিত পাথর টেনে এনে পাশের জমিতে স্তূপ করে রাখা হয়। এ কারণে আবাদি জমির পরিমাণও কমছে। নদীর গতিপথ বদলাচ্ছে। মাটির উপরিভাগ দেখে বোঝা যায় না, ভেতরের অংশ ফাঁকা হয়ে আছে। এতে যেকোনো স্থানে ভূমিধসেরও আশঙ্কা রয়েছে।লালমনিরহাট জেলা প্রশাসন সূত্র জানায়, নদী থেকে মেশিন দিয়ে পাথর তোলা বেআইনি। নির্দিষ্ট জায়গার ইজারা নিয়ে পাথর তোলা যায়, তবে পাথর তুলতে হবে হাত দিয়ে। অন্যান্য এলাকায় এ নিয়ম চলে আসছে যুগ যুগ ধরে। প্রচলিত খনি ও খনিজ সম্পদ বিধিমালা অনুযায়ী সেতু, কালভার্ট, রাস্তাঘাট, স্কুল-কলেজ, রেলপথ, পাকা বাড়ি, বাঁধ, বৈদ্যুতিক লাইন ইত্যাদি জনগুরুত্বসম্পন্ন স্থাপনা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পাথর তোলার নিয়ম রয়েছে, কিন্তু এ নিয়মনীতির তোয়াক্কা করছে না পাথর ব্যবসায়ীরা।পাটগ্রামে প্রায় ৫০০ মেশিন দিয়ে পাথর তোলা হচ্ছে। পাটগ্রাম পৌর এলাকাসহ বুড়িমারী জিরো পয়েন্ট থেকে ধরলা নদীর বাংলাদেশের শেষ সীমানা পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার নদী থেকে পাথর তোলা হয়। ইসলামপুর, আজিজপুর, বানিয়াডাঙ্গী, মাসানটারী, কাউয়ামারী, বাংলাবাড়ী, চাত্রারপাড়, ধরলা ও সিঙ্গিমারী নদীর ভূগর্ভ থেকে প্রতিদিন বিপুল পরিমাণ পাথর তোলা হচ্ছে। এসব মেশিন প্রতিদিন প্রায় ১০০ ফুট গভীর গর্ত থেকে পাথর তুলে মরণ খাদের সৃষ্টি করছে। বিভিন্ন সময়ে অভিযানের কারণে পাথর তোলা বন্ধ থাকলেও অভিযান বন্ধ হলে আবার শুরু হয়। পাথর তোলার এই কাজে বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ শক্তিশালী নেটওয়ার্ক কাজ করছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেন।ফসলি জমি থেকে অবৈধভাবে পাথর তোলার অভিযোগ জমা হচ্ছে লালমনিরহাট জেলা প্রশাসকের দপ্তরে। ধবলসুতীর মাঝিপাড়ার আবদুল জলিল প্রধান জেলা প্রশাসকের কাছে দেওয়া আবেদনে উল্লেখ করেন, এলাকার কিছু প্রভাবশালী পাথর ব্যবসায়ী আজিজপুর মৌজায় তাদের ভোগদখলীয় আবাদি জমিতে পাথর তুলছে। প্রায় সাড়ে ১৩ একর জমি জোর করে দখলের পর অবৈধভাবে পাথর তুলছে তারা। ওই সব জমি অনাবাদি হয়ে পড়ছে। বাধা দিলে পাথর ব্যবসায়ীরা তাদের নানাভাবে হুমকি দিচ্ছে।নদী থেকে পাথর তোলা প্রসঙ্গে লালমনিরহাট জেলা প্রশাসক মোখলেসার রহমান প্রথম আলোকে বলেন, পাথর উত্তোলন বন্ধে বহুবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেশিন ভেঙে ফেলা হয়েছে। অনেক টাকা জরিমানা করা হয়েছে। ১৮টি মামলা করা হয়েছে। বেশ কয়েকজনকে আটক রাখা হয়েছিল কয়েক মাস। স্থানীয় ব্যক্তিরা সহযোগিতা না করলে প্রশাসন এটা বন্ধ করতে পারবে না।পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীন প্রথম আলোকে বলেন, পাথর তোলা নদী ভরাট হওয়ার অন্যতম কারণ। দলীয় কিছু লোকজন এর সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের কিছু করার নেই। সরকারকে উদ্যোগ নিতে হবে।