পাথরই ওদের প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শমসের আলীর পায়ে আর হাতে সাদা ঘায়ের মতো হয়ে গেছে। ১৫ বছরের অধিকাংশ দিনই তাঁর কেটেছে মহানন্দার পানিতে। বুকসমান পানিতে ডুব দিয়ে আবার উঠে এসেছেন ডালিভর্তি পাথর নিয়ে। ‘ভাল ছি বারে। পত্তেক দিন দুই থেকে তিন শ টাকা আয় হচে। বর্ষার দুই-তিন মাস সময়ডাত ছুয়াপুতা লেহেনে বাড়িত বসে রহছি। লদিডা (মহানন্দা) হামাক বাঁচায় থুইছে।’ বললেন ৬০ বছর বয়সী শমসের আলী। শমসের আলীর মতো পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে শুরু করে তেঁতুলিয়া উপজেলার রেস্ট হাউস পর্যন্ত কয়েক হাজার মানুষ মহানন্দার পানিতে ডুবে ডুবে পাথর তুলছেন। সে পাথর এনে তাঁরা জড়ো করেন নদীতীরে। এসব মানুষ তাঁদের জীবনের ২০ বছরের বেশির ভাগ সময়ই নদীতে ডুবে কাটিয়েছেন। আজিজ নগরের জহির উদ্দীন তো বলেই ফেললেন, ‘লদিডাত লামলেই মনে হচে দুইটা ডুব বেশি দু। তাইলে আরহ দুইটা পইসা বেশি পাম।’জিরো পয়েন্ট এলাকার অধিকাংশ পুরুষ নদী থেকে পাথর তোলা, আর গৃহবধূরা সে পাথর চালনা দেওয়া, পাথর ভাঙার কাজ করেন। নিষ্প্রাণ পাথরের বদৌলতে প্রাণ প্রদীপ জ্বলে তাঁদের সংসারে। পাথর যেভাবে সংগ্রহ করা হয়: হাড়ভাঙা পরিশ্রমের মধ্য দিয়ে অভিনব কায়দায় সংগ্রহ করা হয় এসব পাথর। এসব শ্রমিকেরা জানান, বাস, ট্রাক বা ট্রাক্টরের পুরোনো বড় বড় টিউবে বাতাস ঢুকিয়ে ফুলিয়ে নেন তাঁরা। ওই টিউবের ওপর প্লাস্টিকের দড়ি প্যাঁচান। মাঝখানে ফাঁকা জায়গায় বেছান প্লাস্টিকের চট। ব্যাস তৈরি হয়ে গেল বিশালাকার একটি থলে। বৃত্তাকার বিশাল ওই থলের মধ্যে দড়ি বেঁধে কোমরের সঙ্গে আটকে এক হাতে কোদাল, ছানি অন্য হাতে বাঁশের ডালি নিয়ে পানিতে ডুব দেন তাঁরা। ডুব দিয়ে বালি খুড়ে তুলে আনেন ডালিভর্তি বিভিন্ন আকৃতির পাথর। ওই পাথরগুলো ঢেলে দেন বিশালাকার থলের মধ্যে। কখনো একা কখনও পাঁচ-ছয় জনের দল করেও পাথর তুলতে নামেন তাঁরা। একেকজন প্রতিদিন ১৫ থেকে ২০ ঘনফুট পর্যন্ত পাথর সংগ্রহ করতে পারেন। মহানন্দায় এত পাথর যেভাবে: মহানন্দা নদীটি ভারত-বাংলাদেশের সীমানা নির্ধারণ করেছে। নদীটি বাংলাদেশের হলেও এর উৎস ভারতে। ভারতের আঁকাবাঁকা পাহাড়ি পথ পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে নদীটি। ক্ষরস্রোতে ওপার থেকে গড়িয়ে গড়িয়ে আসে বিভিন্ন আকৃতির পাথর। পাথরের বাজার: মহানন্দার পাড়ে বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়া পর্যন্ত পাকা রাস্তার ধারে গড়ে উঠেছে পাথরের বাজার। ফড়িয়ারা এখান থেকে ছোট-বড় মিলিয়ে গড়ে ২৩ টাকা থেকে ২৫ টাকা দরে প্রতি ঘনফুট পাথর কেনেন। এলাকায় পাথর কেনার মাঝারি ব্যবসায়ী রয়েছেন ১২ জন ও বড় ব্যবসায়ী রয়েছেন চারজন। প্রতি মাসে মহানন্দা নদী থেকে সংগৃহীত তেঁতুলিয়া ও বাংলাবান্ধা থেকে প্রায় সাড়ে চার শ ট্রাক পাথর দেশের বিভিন্ন স্থানে যায়। শ্রমিকদের আয় ও পরিবার: তেঁতুলিয়ার দেবনগর, সাহেব জোত, বুড়াবুড়ি, বালাবাড়ি, রওশনপুর, খয়খাট পাড়া, পুরাতন বাজার এলাকায় গিয়ে দেখা যায়, মহল্লাগুলো বেশ ঘনবসতি পূর্ণ। পড়ন্ত বিকেলে সাহেব জোত পাড়ার নারী ও পুরুষের ঘরে ফিরতে দেখা যায়। আজ কত পাথর তুললেন জিজ্ঞাসা করলে জহিরুল হেসে জবাব দেন, ২০ সিএফটি। ওঠেই (ওই জায়গায়) ২০ টাকা দরে বেঁচে দিছি। গোসল সেরে আমজাদ হাত-পায়ে মলম লাগাচ্ছিলেন। এত সাদা সাদা দাগ কেন, জানতে চাইলে বলেন, ‘চামড়া বালুতে খাইছে। নদীত যারা কাম করি সবারই একেই দশা। পত্তেক দিন ২০ টাকার ওষুধ লাগে।’ রওশনপুর গ্রামের শ্রমিক কাদের, নুরুল, মিনহাজ জানান, সপ্তাহে পাঁচ দিনের বেশি কাজ করা যায় না। প্রতিদিন কমপক্ষে ২৫০ টাকা আয় হয়। তবে বর্ষার সময় তিন মাস সম্পূর্ণ বেকার থাকতে হয়। কৃষি বা অন্য কোনো কাজ করা সম্ভব হয় না। তাঁরা জানান, অনেকের দু-এক বিঘা জমি থাকলেও পাথরের কারণে বর্ষায় আমন ধান ছাড়া অন্য কোনো ফসল আবাদ করা যায় না। লোকজনের অভাবে গরু-ছাগলও পোষা যায় না। সমস্যা: দেবনগর গ্রামের পজিরুল ১৭ বছর ধরে নদী থেকে পাথর তুলে সংসার চালান। তিনি জানান, একেকজন প্রতিদিন ১৫ থেকে ২০ ঘনফুট পাথর তুললেও ন্যায্য দাম পান না। ফড়িয়াদের কাছে নদীর পাড়েই ২০ থেকে ২৩ টাকা গড় মূল্যে পাথর বিক্রি করতে বাধ্য হন তাঁরা। সংসারে অভাব, প্রতিদিন টাকার প্রয়োজন। ঠান্ডা, জ্বর, হাত-পায়ে ঘা, ডায়রিয়া তো লেগেই থাকে। আরেক পাথর শ্রমিক আনসারুল বলেন, অভাবের তাড়নায় পাথর তুলছি। ছেলেমেয়েকে স্কুলে দিছি। আমি চাই না ওরা পাথর তুলুক। যে যা বলেন: তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, পাথর শ্রমিকেরা জীবন-জীবিকার যুদ্ধে এত ব্যস্ত যে, নদী থেকে পাথর তোলা আর বিক্রি করার বাইরে অন্য কোনো বিষয়ে তাঁদের অভিজ্ঞতা নেই। সারা দিন পরিশ্রম আর রাতে ঘুম, এই তাঁদের জীবন। তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান ও পাথর শ্রমিক নেতা মুক্তারুল হক জানান, রংপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলার অভাবী ও নদী ভাঙা লোকজন তেঁতুলিয়ায় এসে বসবাস করছেন। তাঁদের নিজের জমিজমা নেই। আশির দশক থেকে মহানন্দা থেকে পাথর তোলা শুরু হয়েছে। নদীতীরবর্তী প্রায় ২০-২৫টি গ্রামের কমপক্ষে ১৫ হাজার মানুষ এ কাজের সঙ্গে জড়িত। সরকারি কোনো সুযোগ-সুবিধা না থাকায় ব্যবসায়ীদের কাছে পাথর শ্রমিকেরা জিম্মি বলে স্বীকার করেন চেয়ারম্যান। কাজী শাহাবুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মাহাবুব কাজী, তেঁতুলিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক আজিজুল ইসলাম, বণিক সমিতির সভাপতি মোখলেসুর রহমান জানান, পাথর শ্রমিকেরা যে পরিমাণে শ্রম দেন তার তুলনায় পাওনা তাঁরা পান না। এখানে সরকারিভাবে পাথর ক্রয়কেন্দ্র থাকলে শ্রমিকেরা ন্যায্য দাম পেতেন। বর্ষায় এসব শ্রমিকের জন্য ভিজিডি, ভিজিএফ বা রিলিফ খুব দরকার।