পাথরঘাটায় অস্ত্রসহ ১১ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার লঞ্চঘাট এলাকায় র্যাবের সদস্যরা আজ শনিবার সকালে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে। এ সময় তাঁদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়।র্যাবের দাবি, ডাকাতির প্রস্তুতিকালে গোপন খবরের ভিত্তিতে এ ১১ জনকে আটক করা হয়। এরা জলদস্যু। তাদের কাছ থেকে ট্রলারে থাকা একটি একনলা বন্দুক, ছয়টি এলজি, ২২টি গুলি ও দুটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। ঘটনা সম্পর্কে র্যাব-৮-এর (পটুয়াখালী) উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার নুরুজ্জামান বলেন, পাথরঘাটা লঞ্চঘাট এলাকায় একদল জলদস্যু ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে আজ ভোরে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। লঞ্চঘাট সংলগ্ন একটি তিনতলা বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে মনির, রহিম, জলিল পেয়াদা, বিল্লাল হোসেন সরকার, মনির খাঁ, কাওসার, নূরজামাল, কামাল খাঁ, সোহাগ মোল্লা, রাজ্জাক মোল্লা ও শাহীন ফকিরকে আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে লঞ্চঘাট এলাকার একটি ট্রলার থেকে অস্ত্র উদ্ধার করে র্যাব। আটক ব্যক্তিরা ইলিশ মৌসুম ও ঈদ সামনে রেখে সাগরে ডাকাতি করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।