পাথরঘাটায় কালবৈশাখী, শিশুসহ তিনজনের মৃত্যু
বরগুনার পাথরঘাটা উপজেলায় কালবৈশাখী ঝড়ের আঘাতে বসতবাড়ি বিধ্বস্ত হয়ে গতকাল বুধবার রাতে এক শিশুসহ তিনজন মারা গেছে। ওই উপজেলার চারটি ইউনিয়নের পাঁচ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকার অনেক গাছপালা উপড়ে গেছে।কালমেঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর আফরোজ জানান, ঝড়ের কারণে গতকাল রাতে পূর্ব কালমেঘা গ্রামে একটি কাঠের বাড়ি বিধ্বস্ত হয়ে একই পরিবারের তিনজন মারা গেছে। নিহত ব্যক্তিরা হলেন ওই বাড়ির ইব্রাহিম হাওলাদারের স্ত্রী ফেরদৌসি বেগম (৩০), তাঁদের পাঁচ বছরের ছেলে ফয়সাল ও ভাই জাকির হাওলাদারের স্ত্রী পারভীন বেগম (৩০)।আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মুর্শিদুল ইসলাম নিহত ব্যক্তিদের বাড়ি পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ইউপি চেয়ারম্যান নূর আফরোজ। ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আফরোজ, রায়হানপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, পাথরঘাটা সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ও কাকচিড়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, গতকাল রাতের ঝড়ে এ চারটি ইউনিয়নের পাঁচ শতাধিক বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কাকচিড়া বাজারের কাছে একটি বেড়িবাঁধটি ভেঙে গেছে।