পাথরঘাটায় কোস্টগার্ড-জেলে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩
বরগুনার পাথরঘাটা উপজেলায় অবৈধ জাল উদ্ধারকে কেন্দ্র করে কোস্টগার্ড ও জেলেদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে তিনজন জেলে গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয়রা দাবি করেছে। তবে এ ব্যাপারে কোস্টগার্ড কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছে। উপজেলার পদ্মা এলাকার বলেশ্বর নদে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে বলেশ্বর নদে বেড় জাল (স্থানীয় নাম ঘোপ জাল) উদ্ধারের জন্য কোস্টগার্ডের পদ্মা ক্যাম্পের সদস্যরা অভিযান চালান। এ সময় স্থানীয় জেলেরা প্রতিবাদ জানালে কোস্টগার্ডের সদস্যদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। এ সময় তিন জেলে গুলিবিদ্ধ হন। প্রায় আধা ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। ঘটনার পর জেলে ও তাঁদের পরিবারের সদস্যরা পুনরায় সংগঠিত হয়ে স্থানীয় কোস্টগার্ড ক্যাম্পের চারপাশে অবস্থান নেয় এবং ক্যাম্প ঘেরাও করে রাখে। বেলা দুইটায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সেখানে উত্তেজিত কয়েক শ জেলে অবস্থান করছিলেন। খবর পেয়ে পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান শওকত হাছানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দে ঘটনাস্থলে যান। তাঁরা জেলেদের শান্ত থাকার আহ্বান জানান ও ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। তবে বিক্ষুব্ধ জেলেরা এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সেখান থেকে সরে যেতে অস্বীকৃতি জানান। এ ব্যাপারে পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) শাহ নেওয়াজ আজ দুপুরে প্রথম আলোকে বলেন, গুলিবিদ্ধ জেলে শাহজাহান (৪০), ওলি (২০) ও শাহ আলমকে (৩৫) প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।কোস্টগার্ডের পাথরঘাটা ক্যাম্পের কমান্ডার সাব লেফটেন্যান্ট হারুন অর রশিদ ঘটনার বিষয়ে প্রথম আলোকে বলেন, অবৈধ জাল উদ্ধারে অভিযান চালালে কিছু জেলে কোস্টগার্ড সদস্যদের ওপর হামলা চালান। তবে জেলেদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়েছে কি না এবং তাতে কেউ গুলিবিদ্ধ হয়েছে কি না—এ ব্যাপারে তিনি কিছু বলতে অস্বীকৃতি জানান।