পাথরঘাটায় দুই মাস পর কবর থেকে কিশোরের লাশ উত্তোলন
প্রায় দুই মাস পর ৩ অক্টোবর বরগুনার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পাথরঘাটার তালুকের চরদুয়ানী গ্রাম থেকে কিশোর ইলিয়াসের (১৩) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ইলিয়াসকে হত্যার অভিযোগ এনে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সাতজনের বিরুদ্ধে পাথরঘাটা বিচারিক হাকিম আদালতে মামলা দায়েরের পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়। জানা গেছে, সাগরপাড়ে ঝিনুক কুড়াতে নিয়ে কিশোর ইলিয়াসকে হত্যা এবং পরে আলামত নষ্ট ও লাশ গোপনের অভিযোগে বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমানসহ সাতজনকে আসামি করে নিহত ইলিয়াসের বাবা আ. রাজ্জাক গত ৩০ আগস্ট পাথরঘাটা উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে একটি হত্যা মামলা করেন। আদালতের বিচারক অমিত কুমার দে মামলাটি পাথরঘাটা থানার ওসিকে এজাহারভুক্ত করার নির্দেশ দিলে পুলিশ মামলাটির তদন্ত শুরু করে। গত ২৮ জুলাই নিহত ইলিয়াসের লাশ ময়নাতদন্ত ছাড়া দাফন করায় বরগুনার নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের উপস্থিতিতে ৩ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান এই লাশ উত্তোলন করেন। এ সময় পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আলী ও কাঁঠালতলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল সিকদার উপস্থিত ছিলেন।নিহত ইলিয়াসের স্বজনেরা জানান, গত ২৬ জুলাই ইলিয়াসকে আসামিরা প্রলোভন দেখিয়ে সুন্দরবনসংলগ্ন সাগর উপকূলীয় চর এলাকায় ঝিনুক কুড়াতে নিয়ে পিটিয়ে হত্যা করেন এলাকার ঝিনুক ব্যবসায়ী ও ট্রলারের মালিক মো. মোস্তফা ও শাহ আলম মাঝি। ইলিয়াসের বাবা আ. রাজ্জাক জানান, ইলিয়াসকে হত্যার পর লাশ গুম করে। পরে তারা (আসামিরা) এলাকায় ইলিয়াস নিখোঁজ হয়েছে বলে প্রচার চালায়। একপর্যায় গ্রামের মানুষের মধ্যে সন্দেহ হলে আসামিদের ব্যাপক চাপ দেওয়া হয়। এতে বাধ্য হয়ে আসামিরা ঘটনার দুদিন পর ইলিয়াসের মুখমণ্ডল থেঁতলানো লাশ নিয়ে এসে ইউপি চেয়ারম্যান হাবিবুরের সহযোগিতায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করে। মামলার তদন্ত কর্মকর্তা ও পাথরঘাটা থানার এসআই মজিবর রহমান জানান, মামলার তদন্ত চলছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘সুন্দরবন থেকে লাশ এসে পৌঁছার পর আমি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসেছিল। তবে ময়নাতদন্ত করা না-করা পুলিশের ব্যাপার। আমাকে হয়রানি করার জন্য এ মামলা দায়ের করা হয়েছে।’