পাথরঘাটায় বলেশ্বর নদে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদে গত শুক্রবার দিবাগত রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। এ সময় দুটি ট্রলার থেকে ১৬টি আগ্নেয়াস্ত্র, ৪৮৯টি গুলি ও চারটি রামদা উদ্ধার করে র‌্যাব। নিহত ব্যক্তিরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার পূর্ব সোনাতলা গ্রামের মানিক আকন ওরফে মানিক ডাক্তার (৪৫) ও মংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের আমড়াতলা গ্রামের জাহাঙ্গীর (৪২)। র‌্যাবের ভাষ্যমতে, মানিক সুন্দরবনকেন্দ্রিক জলদস্যু ডাক্তার বাহিনীর প্রধান। জাহাঙ্গীর জলদস্যু রাজু বাহিনীর প্রধান রাজুর ছোট ভাই।র‌্যাব-৮-এর পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক মেজর কাজী শমসের উদ্দিনের ভাষ্যমতে, বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার দিবাগত রাত ১২টার পর র‌্যাবের তিনটি দল বলেশ্বর নদে টহল দেয়। পাথরঘাটার জ্ঞানপাড়াসংলগ্ন গোড়াখাল এলাকায় জলদস্যুরা দুটি ট্রলারে অবস্থান করছে—এমন সংবাদ পেয়ে রাত আড়াইটার দিকে জলদস্যুদের তিন দিক থেকে ঘিরে ফেলা হয়। জলদস্যুরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালালে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। ভোর সাড়ে চারটা পর্যন্ত দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। বন্দুকযুদ্ধ থামলে জলদস্যুদের ট্রলারে দুজনের মৃতদেহ দেখা যায়। এ সময় দুটি ট্রলার থেকে জলদস্যুদের ব্যবহূত ১২টি ওয়ান শ্যুটারগান, দুটি এয়ারগান, একটি বিদেশি শটগান, ভারতে তৈরি একটি রিভলবারসহ ৪৮৯টি গুলি, ১৬টি গুলির খোসা ও চারটি রামদা উদ্ধার করা হয়। র‌্যাব কর্মকর্তা শমসের প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া অস্ত্র ও নিহত দুজনের লাশ গতকাল শনিবার সকালে পাথরঘাটার চরদুয়ানী পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। এ সময় স্থানীয় লোকজন লাশ দুটি সুন্দরবনকেন্দ্রিক জলদস্যু ডাক্তার বাহিনীর প্রধান মানিক ডাক্তার ও জলদস্যু রাজু বাহিনীর প্রধান রাজুর ছোট ভাই জাহাঙ্গীরের বলে শনাক্ত করেন। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব আলী জানান, বন্দুকযুদ্ধে নিহত দুই জলদস্যুর লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। র‌্যাব সদস্যদের গুলি করে হত্যার চেষ্টা ও অস্ত্র আইনে জলদস্যুদের বিরুদ্ধে দুটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে র‌্যাব।মানিক ও জাহাঙ্গীরের মৃত্যু বন্দুকযুদ্ধেই হয়েছে কি না, তা নিরপেক্ষ ও স্থানীয় সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি। এর আগে বঙ্গোপসাগরের জেলে ও মাছ ব্যবসায়ীরা জানিয়েছিলেন, সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের নারকেলবাড়ি এলাকায় গত ৪ অক্টোবর দুই দল জলদস্যুর ‘বন্দুকযুদ্ধে’ মানিক ডাক্তার নিহত হন বলে তাঁরা শুনেছিলেন। কিন্তু স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই সংবাদটি নিশ্চিত করেননি।এদিকে জেলেদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন বরগুনা ট্রলার মালিক সমিতির নেতারা।