পাথরঘাটায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু কৃষ্ণসাগর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ অলীয়ার রহমান ওরফে অলী ফকির ওরফে কৃষ্ণসাগর (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পাথরঘাটার চরদুয়ানি ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানিসংলগ্ন বলেশ্বর নদের তীরে এ ঘটনা ঘটে।র্যাব-৮-এর সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. আবদুর রকিব জানান, কৃষ্ণসাগর সুন্দরবনকেন্দ্রিক জলদস্যু কৃষ্ণসাগর বাহিনীর প্রধান। তাঁর বিরুদ্ধে বাগেরহাট ও রামপাল থানায় একটি হত্যা, পাঁচটি ডাকাতি এবং অস্ত্র আইনে ও মারামারির ঘটনায় তিনটি করে মামলা রয়েছে। কৃষ্ণসাগরের বাড়ি বাগেরহাটের সদর উপজেলার ডেমা গ্রামে। র্যাবের ভাষ্য মতে, সোমবার রাতে র্যাবের সদস্যরা খবর পান জলদস্যু কৃষ্ণসাগর ও তাঁর বাহিনীর সদস্যরা দক্ষিণ চরদুয়ানি এলাকায় বিশাল অস্ত্রের চালান গ্রহণের জন্য অপেক্ষা করবে। র্যাব-৮-এর একটি দল রাত সাড়ে তিনটার দিকে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় কৃষ্ণসাগর দক্ষিণ চরদুয়ানি গ্রামের বলেশ্বর নদসংলগ্ন পরিত্যক্ত একটি কুঁড়েঘরে ছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি করে পালানোর চেষ্টা করে। র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় বলেশ্বর নদে অবস্থানরত একটি ট্রলার থেকেও র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তখন থেমে থেমে র্যাব ও সন্ত্রাসীদের মধ্যে ১৫ থেকে ২০ মিনিট গুলিবিনিময় চলে। পরে ওই ট্রলারটি দ্রুত সাগরের দিকে পালিয়ে যায়। গুলিবিনিময় থামলে ঘটনাস্থল থেকে কৃষ্ণসাগরের গুলিবিদ্ধ লাশ এবং চারটি ওয়ানশুটার গান, একটি রামদা এবং আটটি গুলি উদ্ধার করা হয়।খবর পেয়ে পাথরঘাটা থানা পুলিশের একটি দল ভোররাত পৌনে পাঁচটার দিকে ঘটনাস্থলে যায়। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক প্রথম আলোকে জানান, সুরতহাল প্রতিবেদন শেষে কৃষ্ণসাগরের লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।এ দিকে কৃষ্ণসাগরের নিহত হওয়ার খবর শুনে তার লাশ দেখতে গতকাল সকালে শতাধিক জনতা চরদুয়ানি এলাকায় ভিড় করে। পাথরঘাটায় অবস্থানরত সমুদ্রগামী জেলেরা স্বস্তি প্রকাশ করে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে বলেন, কৃষ্ণসাগর বাহিনীর অত্যাচারে আমরা অতিষ্ঠ। টোকেন দিয়ে চাঁদা আদায়, মাছধরা ট্রলারে ডাকাতি, জেলেদের অপহরণ এবং হত্যা করে গোটা দক্ষিণ উপকূলে তারা ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করেছিল। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির জ্যেষ্ঠ এক নেতা নাম গোপন রাখার শর্তে প্রথম আলোকে বলেন, সুন্দরবনে কৃষ্ণসাগর বাহিনীর মতো অন্তত ১০টি সশস্ত্র জলদস্যু বাহিনী রয়েছে। তারা জেলে অপহরণ, চাঁদাবাজি ও ডাকাতি করে বছরে কয়েক শ কোটি টাকা হাতিয়ে নেয়। এসব বাহিনীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।