পাথরঘাটায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় গতকাল সোমবার রাতে র‌্যাবের গুলিতে ওয়ালিউর রহমান ওরফে অলি ওরফে কৃষ্ণসাগর (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।র‌্যাবের দাবি, সুন্দরবন-সংলগ্ন পাথরঘাটার দক্ষিণ চরদুয়ানি এলাকায় তাদের সঙ্গে জলদস্যুদের বন্দুকযুদ্ধে ওয়ালিউর নিহত হন। ওয়ালিউর সুন্দরবনকেন্দ্রিক জলদস্যু কৃষ্ণসাগর বাহিনীর প্রধান ছিলেন। তাঁর বিরুদ্ধে বঙ্গোপসাগর ও উপকূলে ডাকাতি, চাঁদাবাজি, অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁর নামে বিভিন্ন থানায় বেশ কয়েকটি ডাকাতি ও খুনের মামলাও আছে। ঘটনা সম্পর্কে র‌্যাব-৮-এর ভাষ্য হচ্ছে, কৃষ্ণসাগর বাহিনীর সদস্যরা পাথরঘাটার দক্ষিণ চরদুয়ানি এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব গতকাল রাতে সেখানে অভিযান চালায়। এ সময় জলদস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি করলে জলদস্যুরা পালিয়ে যায়। পরে র‌্যাব সেখানে এক জলদস্যুর লাশ পড়ে থাকতে দেখে। আজ সকালে দক্ষিণ চরদুয়ানি এলাকার জেলেরা লাশটি ওয়ালিউরের বলে শনাক্ত করেন। পরে র‌্যাব লাশটি পাথরঘাটা থানায় হস্তান্তর করে। র‌্যাবের দাবি, তাঁরা ঘটনাস্থল থেকে চারটি শ্যুটারগান, আটটি গুলি ও একটি রামদা উদ্ধার করেছে। পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আজ সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, ওয়ালিউর বাগেরহাট সদর উপজেলার ডেমা কাশেমপুর গ্রামের আবদুল গনি ফকিরের ছেলে।