পাথরঘাটায় হরিণ ও মাংস উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার কোস্টগার্ড ও বন বিভাগের কর্মকর্তারা গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে জেলার সুন্দরবন অঞ্চলের পাথরঘাটা এলাকায় হরিণ শিকারিদের ট্রলার থেকে একটি জীবিত হরিণ, ৩৫০ কেজি মাংস এবং একটি শিকারি মদনটাক পাখি উদ্ধার করেছে।পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনের কমান্ডার হারুন অর রশীদ আজ বুধবার প্রথম আলো ডটকমকে বলেন, কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা জিনতলা এলাকার বিষখালী নদীতে তাদের ট্রলারটি নোঙর করে পালিয়ে যায়। তিনি জানান, ওই ট্রলার থেকে হরিণ, মাংস ও পাখি ছাড়াও হরিণ শিকারের কাজে ব্যবহূত ২০০ কেজি রশির তৈরি ফাঁদ এবং দুটি হরিণের মাথা উদ্ধার করা হয়েছে। তিনি জানান, উদ্ধার করা জিনিসপত্র পাথরঘাটা বন বিভাগের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।বন বিভাগের পাথরঘাটা রেঞ্জের কর্মকর্তা আবদুল লতিফ খান বলেন, এ বিষয়ে পাথরঘাটা বিট কর্মকর্তা নজরুল ইসলাম একটি মামলা দায়ের করেন। সব জিনিসপত্র পাথরঘাটা জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে সাধারণত উদ্ধার করা হরিণের মাংসে কেরোসিন তেল ঢেলে মাটি চাপা দেওয়া হয়।