পাথরঘাটায় ১৪৪ ধারা জারি
বরগুনার পাথরঘাটা পৌর শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাথরঘাটা মোটরসাইকেল চালক সমিতি ও রিকশা শ্রমিক ইউনিয়ন আজ রোববার শহরে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় উপজেলা প্রশাসন সকালে ১৪৪ ধারা জারি করে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দে প্রথম আলো অনলাইনকে ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করে বলেন, শহরে দুই পক্ষ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে, এমন আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তা বলবত্ থাকবে।২৫ জানুয়ারি শহরে মোটরসাইকেল-চালকদের কাছে টোল আদায়কে কেন্দ্র করে পৌর কর্মচারী ও মোটরসাইকেল-চালকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে পৌর মেয়র মল্লিক মোহাম্মদ আইয়ুবের বিরুদ্ধে মোটরসাইকেল-চালকেরা শহরে মিছিল করেন। এ ঘটনায় পৌর কর্মচারী মাহাতাব আকন বাদী হয়ে ওই দিনই ২৬ জন মোটরসাইকেল-চালকের নামে পাথরঘাটা বিচারিক হাকিম আদালতে মামলা করেন। মামলার প্রতিবাদে আজ শহরে সমাবেশের ডাক দেয় পাথরঘাটা মোটরসাইকেল চালক সমিতি। অন্যদিকে মেয়র মল্লিক মোহাম্মদ আইউবের পক্ষে রিকশা শ্রমিক ইউনিয়নও পাল্টা সমাবেশ ডাকে।