পাথরঘাটায় ‘বন্দুকযুদ্ধে’ তিন জলদস্যু নিহত
বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদের মাঝেরচর এলাকায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও কোস্টগার্ডের সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কুদ্দুস মোল্লা ওরফে নাতি কুদ্দুস (৩৮), মংলার আরব আলী ওরফে কোম্পানি আরব (৩৬) ও খুলনার দাকোপ উপজেলার ইদ্রিস আলী ওরফে রাঙা ইদ্রিস (৪০)।র্যাবের ভাষ্যমতে, নিহত ব্যক্তিরা সুন্দরবনকেন্দ্রিক জলদস্যু রাজু বাহিনীর সদস্য। এর মধ্যে রাজুর ভগ্নিপতি কুদ্দুস হলেন তাঁর বাহিনীর সেকেন্ড ইন কমান্ড।বন্দুকযুদ্ধের পর জলদস্যুদের ব্যবহূত একনলা পাঁচটি বন্দুক, চারটি এলজি, একটি এয়ারগান, বন্দুকের ৩৩০টি গুলি ও ১৬টি কার্তুজ, চারটি রামদা, একটি ট্রলার এবং বিপুল পরিমাণ চাল ও অন্যান্য খাদ্যদ্রব্য উদ্ধার করা হয়। র্যাব-৮-এর বরিশালের সহকারী পরিচালক লেফটেন্যান্ট মহিউদ্দীন জানান, তাঁরা খবর পান রাজু বাহিনীর সদস্যরা বলেশ্বর নদের মাঝেরচরে অবস্থান নিয়ে বঙ্গোপসাগরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। বৃহস্পতিবার রাত পৌনে দুইটার দিকে র্যাব ও কোস্টগার্ড বাহিনীর সদস্যরা যৌথভাবে ওই এলাকায় অভিযান চালান। এ সময় তীরে ভেড়া ট্রলারে থাকা জলদস্যুরা তাঁদের উপস্থিতি টের পেয়ে র্যাব ও কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাব ও কোস্টগার্ড পাল্টা গুলি চালায়। প্রায় এক ঘণ্টা গোলাগুলির পর জলদস্যুরা পালিয়ে যায় এবং চরে কুদ্দুস মোল্লা, আরব আলী ও ইদ্রিস আলীর মৃতদেহ দেখা যায়।গতকাল শুক্রবার সকালে নিহত তিনজনের লাশ পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ফাঁড়ির পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।কোস্টগার্ড ও র্যাব সূত্র জানায়, নিহত তিন জলদস্যুর বিরুদ্ধে সুন্দরবনসংলগ্ন বিভিন্ন থানায় ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম প্রথম আলোকে বলেন, বন্দুকযুদ্ধে তিন জলদস্যু নিহত এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) করেছে। এ ছাড়া ওই ঘটনায় র্যাব তিনটি মামলার প্রস্তুতি নিচ্ছে।পাথরঘাটা উপজেলা ট্রলার মালিক সমিতির এক নেতা প্রথম আলোকে বলেন, তিন জলদস্যুর নিহত হওয়ার খবরে জেলেরা কিছুটা স্বস্তি পেয়েছেন। কিন্তু এ ঘটনার প্রতিশোধ নিতে জলদস্যুরা নিরীহ জেলেদের ওপর আরও বেশি নির্যাতন ও লুটপাট চালাতে পারে। এ নিয়ে জেলেরা আতঙ্কে আছেন।