পাথারিয়ার সোনালি ফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাথারিয়া পাহাড়ের কথা শুনেছি অনেক আগে। অধ্যাপক দ্বিজেন শর্মা তাঁর শৈশব-কৈশোর কাটিয়েছেন এই পাহাড়ে ঘুরেফিরে। তাঁর বিভিন্ন লেখায় সেই প্রসঙ্গ এসেছে অসংখ্যবার। সম্প্রতি জেনেছি, আমাদের একমাত্র বুনো ম্যাগনোলিয়া ডুলিচাঁপা পাথারিয়া পাহাড়েরই বাসিন্দা।মৌলভীবাজার জেলায় একাধিকবার গেলেও আগে কখনো পাথারিয়া পাহাড়ে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। এবার অনেকটা পরিকল্পনা করেই গিয়েছি। আস্তানা গেড়েছি পাহাড়ের কোলে বড়লেখা উপজেলা সদরে। অতি প্রত্যুষে আমরা ডিমাই বাজার হয়ে পাহাড়ের পাদদেশে পৌঁছলাম। তারপর হারিয়ে গেলাম পাহাড়ের নির্জনতায়। একটি পাহাড়ি ছড়া পার হতে গিয়েই চোখ আটকে গেল ঢালুতে। হলুদ রঙের কার্পেটে মোড়ানো যেন বিশাল পুষ্পস্তবক। ঝোপজঙ্গল পেরিয়ে অনেক কষ্টে পৌঁছলাম সেখানে। ভারি সুন্দর ফুল। সুগন্ধিও দারুণ!একেবারেই অচেনা ফুল। নমুনা সংগ্রহ করলাম। কিছুদিন পর বড়লেখা উপজেলার সমনবাগ চা-বাগান এলাকার প্রাকৃতিক টিলা এবং খাগড়াছড়ির পাহাড়েও এ ফুল দেখেছি। আমাদের অজান্তে বন-পাহাড়ে প্রকৃতি কতভাবেই না নিজের সাজসজ্জা করে নিচ্ছে!ঢাকায় ফিরে এসে নমুনা পাঠালাম বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়ামে। সেখানকার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সরদার নাসির উদ্দিন জানিয়েছেন, গাছটির বৈজ্ঞানিক নাম Caesalpinia enneaphyllum। স্থানীয় বাসিন্দারা গাছটির প্রচলিত কোনো নাম জানাতে পারেননি।বলধা গার্ডেনে অবশ্য কনকসুধা নামে একটি লতানো ফুল আছে। সিসালপিনিয়া গণে আমাদের দেশে ঘনিষ্ঠ প্রজাতি রাধাচূড়া ও কনকচূড়া। কোনো কোনোটি এসেছে দক্ষিণ আমেরিকার উষ্ণ অঞ্চল থেকে। পাতার গড়ন প্রায় একই রকম হলেও গাছ একেবারেই আলাদা।কাষ্ঠল লতার গাছ। যৌগপত্র দুই পক্ষল, ২০ থেকে ৩০ সেন্টিমিটার লম্বা, প্রতিটি পক্ষে ৮ থেকে ১২ জোড়া আয়তাকার পত্রিকা, দেড় থেকে দুই সেন্টিমিটার লম্বা, ঘনবদ্ধ ও বিপ্রতীপভাবে বিন্যস্ত। ফুল হলুদ-সোনালি রঙের, ছোট টিউবের মতো, নিচের দিকে ঘণ্টার মতো ঝুলে থাকে। মোড়ানো পাপড়ির একটি অংশ ওপরের দিকে ওল্টানো, মাঝখানে পুংকেশরের ডগা কিছুটা কালচে রঙের। মঞ্জরি দণ্ড শাখাবহুল। ফুল নিচ থেকে ওপরের দিকে পর্যায়ক্রমে ফোটে। প্রধান প্রস্ফুটন মৌসুম কার্তিক-অগ্রহায়ণ মাস। সিসালপিনিয়া মূলত উষ্ণ ও উপ-উষ্ণ অঞ্চলের গুল্ম কিংবা বৃক্ষ। বৃক্ষ, গুল্ম ও লতাসহ সারা বিশ্বে এদের দুই সহস্রাধিক রকমফের দেখা যায়।