পান-দোকানির সোনার মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারিদ্র্যকে জয় করেছেন সাঁতার দিয়ে। দারিদ্র্যক্লিষ্ট সোনিয়া আক্তারের মুখে এখন আর ক্লিশে নয়, সোনালি হাসি। দারিদ্র্য আর রক্ষণশীলতার প্রাচীর ডিঙিয়ে চোখে তাঁর সোনালি স্বপ্ন। সেই স্বপ্নের কথা জানাচ্ছেন বদিউজ্জামানতখনো পুরোপুরি ভোর হয়নি। পুবের আকাশে আলো ফুটতে শুরু করেছে। পাশের ঘর থেকে দাদির ডাক, ‘ও টুম্পা, ওঠ। সাঁতরাইতে যাবি না...।’সোনিয়ার পথচলাও ছিল নদীর স্রোতের মতো। বাড়ির পাশেই নবগঙ্গা নদী। চাইলে সেখানেই সাঁতরাতে পারে সোনিয়া আক্তার (টুম্পা)। কিন্তু অনুশীলনের জন্য ছোট্ট সোনিয়া ছুটে যায় মাইল খানেক দূরের ধূপাঘাটার ব্রিজে। অনেক সময় কিছু খাওয়ারও সময় থাকত না!সোনিয়া তখনো ‘কোলের শিশু’। বড় ভাই উজ্জ্বল সাঁতার শিখতেন ‘জাহিদ স্যারের’ কাছে। ছোট বোনের বায়না, ‘আমাকেও নাও-না ভাইয়া।’ বোনের আবদার মেটান ভাই। নিয়ে যান কোচ জাহিদ মোল্লার কাছে, যিনি সম্পর্কে সোনিয়ার মামা। এই ‘জাহিদ মামার’ কাছেই সাঁতারের হাতেখড়ি সোনিয়ার।২০০৩ সালে যশোর শিক্ষা বোর্ডের পক্ষে বয়সভিত্তিক সাঁতার দিয়ে শুরু। ২০০৬-এ ঢাকায় জাতীয় জুনিয়র প্রতিযোগিতায় সোনিয়া জিতল ১১টি সোনা, দুটি ব্রোঞ্জ। গত ৩১ অক্টোবর ঢাকায় মিরপুর সাঁতার পুলে শেষ হওয়া ওয়ালটন ২৪তম জাতীয় সাঁতারে ১১টি ইভেন্টের ১০টিতেই জিতেছে সোনা। নয়টিই নতুন জাতীয় রেকর্ড!১৯৯৬ সালে রেহানা জামানের গড়া ১০টি সোনা জেতার রেকর্ড ছুঁয়ে ফেলল সোনিয়া। রেহানার রেকর্ড ছিল দুটি ইভেন্টে। সোনিয়ার নয়টি!সোনিয়ার বাড়ি ঝিনাইদহ শহরের পাশে ভুটিয়ারগাতী গ্রামে। এই গ্রামের বেশির ভাগ মানুষই রক্ষণশীল। তাই ছোট্ট সোনিয়াকে শুনতে হয়েছে, ‘মেয়েমানুষ সাঁতার শিখে কী হবে?’কিন্তু বাবা আনিসুর রহমানের মনে এই প্রশ্ন কখনো আসত না। আর্থিক সচ্ছলতায় জীবন চলছিল না ঠিকভাবে, নুন আনতে পানতা ফুরোত। ঝিনাইদহ শহরে নতুন হাটখোলায় ছোট্ট একটা পানের দোকানই ছিল আয়ের একমাত্র সম্বল। দোকানে বসে বাবা ভাবতেন, ‘মেয়ে যখন চায়, শিখুক না সাঁতার।’ মেয়েকে বলতেন, ‘তোর যখন এতই শখ, তুই সাঁতরাবি। তোকে কে বাধা দেবে?’বাধার প্রাচীর ডিঙিয়ে অনেক পথ পাড়ি দিয়ে ফেলেছে সেই ছোট্ট সোনিয়া।২০০৪ সালে বগুড়ায় জাতীয় জুনিয়র বয়সভিত্তিক সাঁতারে সুলায়মান সুইমিং ক্লাবের হয়ে সাঁতরাল সোনিয়া। ওইটুকুন মেয়ে জিতল ছয়টি রুপা। চোখে পড়লেন কোচ সুলায়মানের। সোনিয়ার কোচ জাহিদ মোল্লার কাছে গিয়ে সুলায়মান বললেন, ‘আমি এই মেয়েকে নিতে চাই। বিকেএসপিতে ভর্তি করতে চাই। ওর মধ্যে অনেক সম্ভাবনা।’সে বছরই নভেম্বরে ১৪ দিনের ক্যাম্প হলো বিকেএসপিতে। ভর্তির সুযোগ মিলল সেখানে। পাঁচ বছর পড়াশোনাও করা হলো বিকেএসপিতে। কিন্তু আবারও আর্থিক দৈন্যের কাছে আত্মসমর্পণ। বিকেএসপির সামান্য পড়াশোনার খরচও দিতে পারছিলেন না সোনিয়ার বাবা।অগত্যা মেয়েকে ভর্তি করে দিলেন গ্রামের ভুটিয়ারগাতী মাদ্রাসায়। ওখানেই এখন নবম শ্রেণীতে পড়ছে ছোট্ট সোনিয়া। আর জাতীয় প্রতিযোগিতায় খেলছে বাংলাদেশ আনসারের হয়ে। আনসার প্রতি মাসে সাত হাজার টাকা হাতখরচ দেয় সোনিয়াকে। সঙ্গে রেশন (চাল, ডাল, চিনি, তেল)। সোনিয়ার এই ‘আয়’ টানাটানির সংসারে একটু হলেও সচ্ছলতা এনেছে।জীবনযুদ্ধে অবতীর্ণ সোনিয়া, কিন্তু তার কিশোরী মনে ঠিকই খেলা করে চঞ্চলতা। নবগঙ্গার ধারে কোনো এক বিকেলে দাঁড়ালেই মনে পড়ে বিকেএসপির বান্ধবীদের সঙ্গে হইচই হুল্লোড়ের স্মৃতি, ‘জানেন, আমি ওদের খুব মিস করি। পপি, বীথি, মনি, পাপিয়াদের ভুলতে পারি না।’‘স্যাররা জানতে পারলে আমাদের বকা দেবেন। তাই মিথ্যা বলে ক্যানটিন থেকে চুপিচুপি মুড়ি-চানাচুর কিনে আনতাম। রাত ১২টার সময় ওই মুড়ি-চানাচুর দিয়ে পার্টি হতো’—সোনিয়ার মুখে হাসি। সোনিয়া গান পছন্দ করে—হূদয় খান, ন্যান্সি আর তপুর গানের ভক্ত।মেয়েদের সাঁতারে ডলি, সবুরা, মাহফুজাদের পর সোনিয়াকে নিয়েও স্বপ্ন দেখেন আনসারের কোচ এমদাদুল হক, ‘ওর মধ্যে সম্ভাবনা আছে। অনেক দূর যেতে পারবে ও।’ সেই দূরত্বটা কতখানি? গন্তব্য নিজেই ঠিক করে রেখেছে সোনিয়া, ‘আমি অলিম্পিকে খেলতে চাই।’দারিদ্র্য আর সামাজিক প্রতিবন্ধকতা—দুটো বাধার প্রাচীরই আজ সোনিয়ার পায়ের তলায়। কিন্তু সবচেয়ে বড় শঙ্কা—সোনিয়ারা হারিয়ে যাবে না তো?