খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার সন্ত্রাসীদের গুলিতে দুজন নিহত হয়েছেন। তাঁদের একজন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এবং অন্যজন জনসংহতি সমিতির (এম এন লারমা) সদস্য। এই দুজনকে হত্যার সঙ্গে জনসংহতি সমিতির (সন্তু) সন্ত্রাসীরা দায়ী বলে দুটি সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি এ অভিযোগ অস্বীকার করেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চেঙ্গী ইউনিয়নের পূজগাঙ এলাকার পার্শ্ববর্তী লোগাঙ বাজারে গতকাল সাপ্তাহিক হাটের দিন ছিল। হাটের দিন উপলক্ষে পূজগাঙ এলাকায় লোকজনের সমাগম ছিল। সকাল পৌনে আটটার দিকে আট সদস্যের একটি সশস্ত্র সন্ত্রাসী দল পূজগাঙে কয়েকটি দোকান ঘিরে ফেলে। তারা চায়ের দোকান থেকে ইউপিডিএফের সদস্য সমীরণ চাকমা (৩২) ও পাহাড়ি ছাত্র পরিষদের কর্মী শ্যামল চাকমাকে (১৮) ধরে রশি দিয়ে বেঁধে করল্যাছড়ির দিকে নিয়ে যাচ্ছিল। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় করে লোগাঙ বাজারের দিক থেকে জনসংহতি সমিতির (এম এন লারমা) সদস্য ভদ্র চাকমা ওরফে জার্মান (৪৫) পূজগাঙে আসেন। সশস্ত্র সন্ত্রাসীদের দেখে তিনি অটোরিকশা থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এরপর সন্ত্রাসীরা কিছু দূর নিয়ে গিয়ে সমীরণকে গুলি করে হত্যা করে। তারা শ্যামলকে অপহরণ করে নিয়ে যায়। অবশ্য সন্ধ্যায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। এদিকে সন্ত্রাসীদের গুলিতে আহত ভদ্র চাকমাকে স্থানীয় লোকজন তা ৎক্ষণিক খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকি ৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকি ৎসক রাজর্ষি চাকমা জানান, ভদ্র চাকমাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। জনসংহতি সমিতির (এম এন লারমা) কেন্দ্রীয় সদস্যসচিব তাতিন্দ্র লাল চাকমা অভিযোগ করেন, ভদ্রের বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলার শিবমন্দির এলাকায়। তিনি আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসীরাই তাঁকে গুলি করে হত্যা করেছে।ইউপিডিএফের তথ্য ও প্রচার শাখার সদস্য নিরণ চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে অভিযোগ করা হয়, সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে ইউপিডিএফের সদস্য সমীরণকে হত্যা করে। তিনি পূজগাঙ এলাকার যুবনাশ্বপাড়ার শীলধন চাকমার ছেলে। তবে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এই দুজনকে হত্যার সঙ্গে তাঁর দলের কোনো নেতা-কর্মীর জড়িত নন।পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, নিহত দুই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পূজগাঙ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে জনসংহতি সমিতি ও ইউপিডিএফের মধ্যে বিরোধ ও সংঘাত দীর্ঘদিনের। ১৯৯৭ সালে ২ ডিসেম্বর সরকারের সঙ্গে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি পার্বত্য চুক্তি স্বাক্ষর করে। শুরু থেকেই এই চুক্তির বিরোধিতা করে আসছে ইউপিডিএফ। একপর্যায়ে জনসংহতি সমিতির মধ্যেও চুক্তি নিয়ে বিরোধ দেখা দেয়। সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি থেকে বেরিয়ে জনসংহতি সমিতি (এম এন লারমা) করা হয়। এই জনসংহতি সমিতির নেতৃত্বে আছেন সুধাসিন্ধু খীসা ও রূপায়ণ দেওয়ান।আমাদের দীঘিনালা প্রতিনিধি জানান, পূজগাঙ এলাকায় দুজনকে হত্যার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউপিডিএফ। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লারমা স্কয়ারে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তারা অবিলম্বে সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের পদ থেকে অপসারণ ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।