পানছড়িতে সন্ত্রাসী হামলায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলার পানছড়ি উপজেলার ধুধুকছড়া গ্রামে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই কর্মী ও সমর্থক নিহত হন। ঘটনাটি ঘটে গতকাল শনিবার সকাল পৌনে আটটায় গ্রামের একটি চায়ের দোকানে।ইউপিডিএফের খাগড়াছড়ি জেলার সংগঠক রিকো চাকমা অভিযোগ করেন, সন্তু লারমা-সমর্থিত সশস্ত্র ক্যাডাররা সকালে অতর্কিতে চায়ের দোকানে হামলা চালায়। এতে ইউপিডিএফের কর্মী পীযূষ কুমার চাকমা ওরফে হূদয় (৩২) ও সুনীতি চাকমা (৪৫) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। জনসংহতি সমিতির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা সন্তু লারমার ক্যাডারদের হামলার অভিযোগটি অস্বীকার করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, অতর্কিতে হামলার পর ওই স্থানেই সুনীতি চাকমা গুলিবিদ্ধ হয়ে মারা যান। পীযূষ কুমার চাকমা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাঁকে ধাওয়া করে ও গুলি চালায়। এতে পীযূষ কুমার চাকমা গুলিবিদ্ধ অবস্থায় ধুধুকছড়া খালে পড়ে যান। ঘটনার প্রায় চার ঘণ্টা পর দুপুর ১২টায় ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে লোগাং থেকে পীযূষের লাশ উদ্ধার করা হয়। গ্রামবাসী জানান, হামলার পর সন্ত্রাসীরা সীমান্তের দিকে পালিয়ে যায়। তারা সীমান্তের ওপারে আশ্রয় নিয়ে থাকতে পারে। কারণ, ধুধুকছড়া থেকে সীমান্তের দূরত্ব দেড় থেকে দুই কিলোমিটার। ঘটনার পর বিজিবির লোগাং জোনের কমান্ডার লে. কর্নেল আবদুর রহমান ও পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।পানছড়ি থানার ওসি মো. আলমগীর বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। নিহত দুজনের লাশ পানছড়ি থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। এর আগে ২০ সেপ্টেম্বর একই কায়দায় সন্ত্রাসী হামলায় দীঘিনালা উপজেলায় ইউপিডিএফের দুই কর্মী নিহত হয়েছিলেন। দুটি হামলার ঘটনায় চারজন ইউপিডিএফের কর্মী ও সমর্থক নিহত হলেন।