পানবাড়ি সীমান্ত ফাঁড়িতে প্রধানমন্ত্রীর আকস্মিক সফর
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার কুচলী বাড়ি ইউনিয়নে অবস্থিত পানবাড়ি সীমান্ত ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার তিনবিঘা করিডর পরিদর্শন শেষে পাটগ্রাম যাওয়ার পথে বেলা সোয়া একটায় তিনি ফাঁড়ি পরিদর্শনে যান।সীমান্ত ফাঁড়িতে আকস্মিক পরিদর্শনে গেলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন রংপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল নেয়ামুল ইসলাম ফাতেমী (বীর প্রতীক), লালমনিরহাট ৩১ বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসলাম হোসেন ও উপ-অধিনায়ক মেজর রুহুল আমীন প্রমুখ।প্রধানমন্ত্রী প্রায় আধা ঘণ্টা পানবাড়ি সীমান্ত ফাঁড়িতে অবস্থানকালে সীমান্ত ফাঁড়ির বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ বর্ডার গার্ডের সদস্য হিসেবে সীমান্ত ফাঁড়িগুলোতে আপনারা কীভাবে থাকেন, কীভাবে উচ্চ সৈনিক মান রক্ষা করেন, তা নিজের চোখে দেখার জন্য এসেছিলাম।’এ ব্যাপারে রংপুর সেক্টর কমান্ডার কর্নেল নেয়ামুল ইসলাম ফাতেমী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে একটি সীমান্ত ফাঁড়িতে পেয়ে বিজিবির সব সদস্য ও কর্মকর্তা তাঁর প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ তিনি বলেন, ‘খোলা আকাশের নিচে গাছতলায় দাঁড়িয়ে কিংবা সীমান্ত ফাঁড়িতে হেঁটে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদের কাজকর্ম দেখেছেন ও খোঁজখবর নিয়েছেন, তা এক কথায় অভাবনীয় ও বিরল দৃষ্টান্ত।’