পানশালায় লুকিয়ে বাঁচলেন সারকোজি
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বাস্ক ভূখণ্ডে নির্বাচনী প্রচারকাজে গিয়ে তোপের মুখে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। গতকাল বৃহস্পতিবার বাস্ক ভূখণ্ডের বেয়োনি শহরে শত শত বিক্ষোভকারীর তীব্র তোপের মুখে তিনি স্থানীয় একটি পানশালায় আশ্রয় নিতে বাধ্য হন। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। এপ্রিলে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে সেখানে প্রচারকাজে গিয়েছিলেন সারকোজি। এ সময় বিক্ষোভকারীদের কবলে পড়েন তিনি। বিক্ষোভকারীরা সারকোজিকে ব্যঙ্গাত্মক মন্তব্য করতে থাকেন। পরে পুলিশ নিরাপত্তা বলয় তৈরি করে তাঁকে বেয়োনি শহরের ওই পানশালায় নিয়ে যায়। পানশালার বাইরে কড়া নিরাপত্তার জন্য বিপুল পুলিশ সদস্য মোতায়েন করা হয়। কিন্তু বার ডু পালাইস নামের ওই পানশালার বাইরে অবস্থানরত বিক্ষোভকারীরা পানশালার দিকে ডিম ছুড়ে তাদের ক্ষোভ প্রকাশ করতে থাকে। বিক্ষোভকারীদের একাংশ বাস্ক জাতীয়তাবাদী প্রার্থীর এবং অন্য অংশ তাঁদের প্রতিদ্বন্দ্বী সমাজপন্থী প্রার্থী ফ্রাঙ্কোস হল্যান্ডের পোস্টার বহন করছিলেন। প্রায় এক ঘণ্টা এই বিক্ষোভ চলার পর সারকোজি ওই পানশালা ত্যাগ করেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সংখ্যালঘুদের এ ধরনের সহিংস আচরণ দুঃখজনক। এ সময় তিনি জাতীয়তাবাদী ও সমাজপন্থী প্রার্থীর সমর্থকদের গুন্ডা বলেও অভিহিত করেন। বিবিসি।