পানামার সাবেক স্বৈরশাসক নোরিয়েগাকে ফ্রান্সের কাছে প্রত্যর্পণ
পানামার সাবেক স্বৈরশাসক ম্যানুয়েল নোরিয়েগা, যাঁকে ফরাসি সরকারের কাছে প্রত্যর্পণ করেছে যুক্তরাষ্ট্র, আজ মঙ্গলবার সকালে ফ্রান্সের স্থানীয় সময় আটটার কিছু আগে প্যারিসে এসে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী ও বিমানবন্দরের কর্মকর্তারা জানান, ফ্রান্সের আদালতে নোরিয়েগা অর্থ পাচার সম্পর্কিত বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন।৭৬ বছর বয়সী এ সাবেক জেনারেল এবং একসময়কার সিআইএ গুপ্তচরকে ফ্লোরিডার এক কারাগার থেকে মিয়ামি বিমানবন্দরে এনে এয়ার ফ্রান্সের একটি বিমানে তুলে দেওয়া হয়।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র অ্যান্ডি লেইন বলেন, পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত সোমবার নোরিয়েগার প্রত্যর্পণ আদেশে স্বাক্ষর করেন।মাদক চোরাচালানের দায়ে যুক্তরাষ্ট্রে নোরিয়েগার কারাদণ্ড দুই বছর আগে শেষ হলেও, তিনি ফ্লোরিডার ওই কারাগার থেকে ফ্রান্সের কাছে যাতে তাঁকে প্রত্যর্পণ না করা হয় সে চেষ্টা করছিলেন। তাঁর আইনজীবী বলেন, একজন যুদ্ধবন্দি হিসেবে নোরিয়েগাকে পানামায় ফেরত পাঠানো উচিত। যুক্তরাষ্ট্র নোরিয়েগাকে ১৯৯০ সালের জানুয়ারি মাসে গ্রেপ্তার করে। এর দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পানামা আক্রমণ করে।ফ্রান্সের আদালত নোরিয়েগাকে কোকেন পাচার থেকে প্রাপ্ত লাভের অর্থ কয়েকটি ফরাসি ব্যাংকের মাধ্যমে পাচার করা এবং সেই অর্থে তিনটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কেনার দায়ে তাঁর অনুপস্থিতিতে দোষী সাব্যস্ত করেছেন। অবশ্য ফ্রান্সে পৌঁছে পানামার এই সাবেক একনায়ক নতুন করে বিচার চাইতে পারেন।—রয়টার্স