পানি আর জলাবদ্ধতা সমস্যা প্রকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ পৌরসভা ১৯৭২ সালের ২০ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। এটি ১৯৮৯ সালে দ্বিতীয় শ্রেণী ও ১৯৯৬ সালে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়। শুরুতে এর আয়তন ছিল ৮.৩৯ বর্গ কিলোমিটার। বর্তমানে আয়তন ১৩.৮২ বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় এক লাখ। এর মধ্যে পুরুষ ৫৫ হাজার ৩২৫ জন। মহিলা ৪৮ হাজার ৬৭৮ জন। মৌজার সংখ্যা ১২টি। মহল্লার সংখ্যা ৭৫টি। হোল্ডিং সংখ্যা পাঁচ হাজার ৫১৬টি। পরিবার ১৫ হাজার ৫০১টি। পাকা রাস্তা রয়েছে ৪৭.৭০ কিলোমিটার। এর মধ্যে এইচবিবি চার কিলোমিটার, ব্রিক সলিং ১০ কিলোমিটার এবং ডব্লিউবিএম ১০ কিলোমিটার। কাঁচা রাস্তা ১৭.২৩ কিলোমিটার। ব্রিজ ২৯৭ মিটার। বাস টার্মিনাল একটি, বাস স্টপেজ চারটি। ট্রাক টার্মিনাল একটি। পাকা ড্রেন ২১ কিলোমিটার ও কাঁচা ড্রেন ১৭ কিলোমিটার। বৈদ্যুতিক সাবস্টেশন একটি। বৈদ্যুতিক সংযোগ ১৪ হাজার ৭২৫টি। বৈদ্যুতিক পোল তিন হাজার ১৫টি। স্ট্রিট লাইট সংখ্যা এক হাজার ২০৫টি। টেলিফোন সংযোগ এক হাজার ৭৬টি। উচ্চবিদ্যালয় ছয়টি। এর মধ্যে সরকারি দুটি ও বেসরকারি চারটি। মাদ্রাসা ছয়টি। মহাবিদ্যালয় তিনটি। এর মধ্যে একটি বেসরকারি। টেকনিক্যাল কলেজ তিনটি বেসরকারি ও একটি সরকারি। কবরস্থান তিনটি। এর মধ্যে একটি খ্রিষ্টান ধর্মাবলম্বীদের। শ্মশান একটি, ঈদগা একটি ও বস্তির সংখ্যা ২৬টি। পানির সমস্যা প্রকট: পৌরসভায় পানির সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে। ব্যবহার উপযোগী পুকুর ও খালের সংখ্যা কমে যাওয়ায় এবং নলকূপের পানিতে আর্সেনিক পাওয়ায় সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। পৌরসভা প্রতিদিন ৮০ লাখ গ্যালন চাহিদার বিপরীতে মাত্র ৪০ লাখ গ্যালন পানি উত্তোলন ও সরবরাহ করছে। পানি সঞ্চালন লাইন আছে ৬৮ কিলোমিটার। মিয়াপাড়ার নিম্নাঞ্চল ও বাইপাসের পূর্ব পাশে পানি সঞ্চালন লাইন নেই। জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের শহর বাইপাস সড়কের পূর্ব পাশে পৌরসভার ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের ১৫০টি পরিবারকে প্রায় এক কিলোমিটার হেঁটে মহাসড়ক অতিক্রম করে খাবার পানি সংগ্রহ করতে হয়। বিকেলে কোনো পরিবার ভুল করে পানি না আনলে পরের দিন বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হয় পানির জন্য। ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাহিনুর বেগম (২৮), মালেকা বেগম (৪০), ইঙ্গুল মিয়া (৭৫) ও আখি বেগম (২২) জানান, গত বছর পৌর কর্তৃপক্ষ পানি সরবরাহ ব্যবস্থা চালু করে। এরপর আমরা দুই থেকে তিন দিন পানি পেয়েছি। অথচ পানির বিল পৌরসভা থেকে দিয়েছে এবং পরিশোধ করতে হয়েছে। এ ব্যাপারে পৌরসভায় অভিযোগ করে লাভ হয়নি। তারা উল্টো সংযোগ বিচ্ছিন্ন করার জন্য আবেদন করতে পরামর্শ দেয়। এখন কোনো পানি সংযোগ নেই। মিয়াপাড়ার বাসিন্দা জগলুল হায়দার ইলতুত ও মহসিন উদ্দিন সিকদার জানান, যাঁদের বাসা নিচু তাঁরা সামান্য পানি পান। আর যাঁরা উঁচু এলাকায় বসবাস করেন, তাঁদের পানি সরবরাহের সময় মোটর দিয়ে টেনে পানি তুলতে হয়। বিদ্যুৎ না থাকলে পরিবারগুলো চরম ভোগান্তিতে পড়ে। পৌরসভার মধ্য দিয়ে যে খাল গেছে তার পানি পান করা তো দূরের কথা, গোসলেরও উপযুক্ত নেই। কোনো পুকুরের পানি ভালো নেই। সব মজা। আবার সরাসরি পানির লাইনে মোটর লাগানো নিষেধ। মানুষ যাবে কোথায়? পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশীষ বিশ্বাস বলেন, ‘ফাল্গুন-চৈত্র মাস এলে পৌরসভার সরবরাহ করা পানি লবণাক্ত হয়ে যায়। বৃষ্টি হলে কয়েক মাস ঘোলা পানি সরবরাহ করে। এতে পৌরবাসী পেটের পীড়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়।’ এ ব্যাপারে গোপালগঞ্জ পৌরসভার উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. জাকারিয়া আলম বলেন, ‘সাড়ে চার হাজার পানির সংযোগ রয়েছে। এ মুহূর্তে আরও আড়াই হাজার সংযোগের চাহিদা রয়েছে। সার্ফেস ট্রিটমেন্ট প্লান্টে আরও একটি পুকুর হলে ঘোলা পানি ও লবণাক্ততা অনেকাংশে দূর করা সম্ভব হবে। আর আমাদের পরীক্ষাগার না থাকায় পানির গুণগত মান আমরা যখন তখন পরীক্ষা করতে পারি না।’সরু রাস্তাঘাট, যানজট সর্বত্র: ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উদীচী গোপালগঞ্জ সংসদের সভাপতি মোহম্মদ নাজমুল ইসলাম বলেন, ‘শহরের রাস্তাগুলো ভালো নয়। কিছু রাস্তায় সংস্কার হয়েছে, তবে নিম্নমানের। পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের সলিল বিশ্বাস বলেন, ‘অনেক রাস্তা আছে একটি রিকশা গেলে পাশ দিয়ে আরেকটি রিকশা যাওয়া কষ্ট। রাস্তাগুলো সেই আগের মতো এখনো সরু। এ ছাড়া যত্রতত্র যানবাহন রাখা ও ট্রাক থেকে মাল খালাসের কারণে চৌরঙ্গী, বাজারের আনারস পট্টি, কোর্টের সামনের সড়কে ও কালিবাড়ী রোডে যানজট লেগেই থাকে।’বৈদ্যনাথ সাহা বলেন, ‘বাজারের মধ্যের রাস্তাগুলো সবচেয়ে খারাপ। রাস্তাগুলো সরু হওয়ায় পাশাপাশি দুটি ভ্যান যেতে পারে না। একে তো রাস্তাগুলো ভাঙা তার ওপর বৃষ্টি হলেই কাদায় একাকার।’ ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিজিয়া বেগম (১৯), সাবিনা বেগম (২৪) ও নাসির মোল্লা (২২) জানান, শহর বাইপাসের পূর্ব পাশে আমরা প্রায় দুই হাজার মানুষ বসবাস করি। কিন্তু যাতায়াতের কোনো রাস্তা নেই। বর্ষায় জলাবদ্ধ থাকে। নৌকায় যাতায়াত করতে হয়। শীতকালে কাদায় একাকার। তখন কষ্ট আরও বেশি। নতুন বাজার রোডের বাসিন্দা বিপ্লব শেখ বলেন, ‘এই রাস্তার অবস্থা খুবই নাজুক। এটি সিসি রাস্তা হলে বছর বছর নষ্ট হতো না। রাস্তাজুড়ে সারা বছর কাদায় পূর্ণ থাকত না।’জলাবদ্ধতা: পৌরসভার ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের ১৫০টি পরিবার বাস করে ঢাকা-খুলনা মহাসড়কের শহর বাইপাস সড়কের পূর্ব পাশে। বর্ষায় তাদের একমাত্র বাহন নৌকা। আর শীত মৌসুমের প্রথমদিকে কাদা মাড়িয়ে চলতে হয়। থানাপাড়ার জালাল উদ্দিন কচি বলেন, ‘এখানে রাস্তার অভাবে বর্ষা মৌসুমে প্রায় ৩০টি পরিবার জলমগ্ন থাকে। ৬০ ফুটের একটি ড্রেন হলে পরিবারগুলো জলাবদ্ধতার হাত থেকে বাঁচত।’ থানাপাড়া আবু মিয়ার বস্তিসংলগ্ন বাসিন্দা মানিক মিয়া (৪৮) বলেন, ‘একটু বৃষ্টি হলে ঘরের মধ্যে হাঁটু পানি হয়। ছোট পোলাপান নিয়ে হয় বিপদ। বিটিগে হাত-পায়ে ঘা হয়ে যায়। কোনো বাচ্চার তো ক্রিমি ছাড়ায় না। আমাশা লাইগেই থাকে। এই সব কয়ে কোনো লাভ নাই। কোরো কাছে এহন কই না। ভোটের সময় আসুক। ভাল কইরে ভোট দিয়ে দেবো।’ অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা: সাহাপাড়ার ভজন সাহা বলেন, ‘সাহা পাড়ার জলাবদ্ধতা কয়েক যুগের সমস্যা। সামান্য বৃষ্টি হলে এই অঞ্চলের বিভিন্ন সড়কের পানি সাহাপাড়ায় এসে জমা হয়। সৃষ্টি হয় জলাবদ্ধতার। এজন্য এখানে নতুন বড় ড্রেন করা হয়েছে। রাস্তা উঁচু করা হয়েছে। কিন্তু তারপরও সমস্যা যাচ্ছে না।’ চিকিৎসক মহানন্দ বিশ্বাস বলেন, ‘ড্রেনগুলো নির্মাণের সময় একবারে সেন্টারিং করে ড্রেনের স্লাবগুলো ঢালাই দেওয়া হয়। সেন্টারিংয়ের দামের চেয়ে সেগুলো অপসারণের ব্যয় বেশি হওয়ায় ঠিকাদার আর সেগুলো খুলে নেন না। পৌর কর্তৃপক্ষও সেদিকে নজর দেয় না। ফলে ড্রেনগুলো নতুন ও বড় হলেও বন্ধ হয়ে গেছে।’ পুরাতন বাজার রোডের বাসিন্দা উত্তম কুমার সাহা বলেন, ‘আগে প্রতিটি বাড়ির পেছনে ডোবা ছিল। সেখানে আবর্জনা ফেলত সবাই। কয়েক বছর ধরে এসব ডোবার অধিকাংশ ভরাট হয়ে গেছে।’ পুরাতন বাজার রোডের কালাচান সাহা বলেন, ‘একটি হাই ড্রেন আছে। বছরের পর বছর সেটি পরিষ্কার করা হয় না। আরেকটি ড্রেন জনগণের ইচ্ছার বিরুদ্ধে মাত্র কয়েকজনের কিছু অর্থনৈতিক লাভের কারণে তৈরি করা হয়েছে।’ ব্যবসায়ী মোজাহিদুল ইসলাম বলেন, ‘সব ড্রেনের পানি ও ময়লা গিয়ে এখনো মধুমতীতে পড়ছে। পৌরসভার বড় বড় ডাস্টবিন সব নদীর পাড়ে। তাহলে এত টাকা খরচ করে নদী খননের দরকার ছিল কী?’ডাস্টবিনের শহর গোপালগঞ্জ: মূল শহরে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে সাতটি উন্মুক্ত ডাস্টবিন রয়েছে। এসব ডাস্টবিনে ঢাকনা বা সাটার না থাকার কারণে গরু, ছাগল ও কুকুর ভেতরে গিয়ে ময়লা, আবর্জনা খাচ্ছে ও ছড়িয়ে-ছিটিয়ে রাখে। এতে ওই সব এলাকায় দুর্গন্ধ ছড়ায়। রাস্তা দিয়ে মানুষকে নাকে কাপড় দিয়ে হাঁটতে হয়। বর্ষা মৌসুমে একটু বৃষ্টি হলে ডাস্টবিনের ময়লা রাস্তায় জমা পানির সঙ্গে মিশে অস্বাস্থ্যকর পরিবেশের সৃস্টি হয়। ডাস্টবিন ছাড়াও গোপালগঞ্জের প্রাণকেন্দ্র চৌরঙ্গী বীণাপানি স্কুল মোড়, সাহাপাড়ার মোড়, পোস্ট অফিস মোড়, মরা মধুমতীর শহরের প্রায় এক কিলোমিটার জায়গা, বিভিন্ন স্থানে বাসাবাড়ি ও হোটেলসহ অনেক প্রতিষ্ঠানের ময়লা ফেলে রাখা হয়। এগুলো পচে দুর্গন্ধ ছড়ায়। এনজিও কর্মকর্তা সরদার ইফতেখার আহম্মেদ বলেন, ‘কোর্ট মসজিদ রোডে বেশ খানিকটা জায়গাজুড়ে দেয়াল দিয়ে ঘেরা। ওপরে কোনো ঢাকনা নেই। একদিকে খোলা। এটি হলো ডাস্টবিন। এলাকার বিভিন্ন বাসাবাড়ি থেকে প্রতিদিন এখানে ময়লা ফেলে। কেউ কেউ ডাস্টবিনের বাইরেও ফেলে। এসব ময়লা প্রতিদিন পৌরসভার গাড়ি নেয় না। এ কারণে ব্যাপক দুর্গন্ধ ছড়িয়ে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়। পৌর মেয়র যা বলেন: উন্নত ডাস্টবিন ও ওভারহেড ট্যাংকের জন্য প্রস্তাব মন্ত্রণালয়ে দেওয়া আছে। টাকা পেলে বাস্তবায়ন করা হবে। তখন নতুন পানির লাইন দেওয়া যাবে। এখন যাঁরা পানি কম পাচ্ছেন এবং পাচ্ছেন না তারাও পর্যাপ্ত পানি পাবেন। বাড়িতে বাড়িতে বালতি দেওয়া হয়েছে। ময়লা রাখার জন্য। পরিচ্ছন্নতাকর্মীরা ঠিকমতো না গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাস্তা বড় করার জন্য কেউ জায়গা দিতে চায় না। এটা বড় সমস্যা। প্রথমে পৌরবাসীর মানসিকতার পরিবর্তন দরকার। ক্ষমতাশালীরা পানির লাইনে মোটর লাগিয়ে পানি সরবরাহ ব্যবস্থাকে আরও ব্যাহত করছে। আমাদের একটি পরিকল্পনা আছে সব ড্রেনের পানি ও ময়লা এক করে বড় নদীতে নিয়ে ফেলা। শহরতলির রঘুনাথপুরে একটি বড় ডিপ বসিয়ে সেখান থেকে পানি উত্তোলন করে পৌরবাসীকে সরবরাহ করার একটি পরিকল্পনাও আমাদের রয়েছে। এসব ব্যয়বহুল প্রকল্প। মন্ত্রণালয় টাকা ছাড় দিলে সব করা যাবে। তখন আর কোনো সমস্যা থাকবে বলে মনে করি না।