পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করেছে হলমার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের হেমায়েতপুর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অর্ধকিলোমিটার বেড়িবাঁধের ঢাল ও সংলগ্ন অধিগ্রহণ করা জমি দখল করে নিয়েছে হলমার্ক গ্রুপ। এ ঘটনায় পাউবো থেকে সাভার মডেল থানায় হলমার্ক গ্রুপের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঢাকা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকেও বিষয়টি জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এই দখলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি।ব্যবসায়ী মহলে অখ্যাত এই হলমার্ক গ্রুপ সোনালী ব্যাংক থেকে এলসি (ঋণপত্র) প্রতারণার মাধ্যমে দুই হাজার ৭৩১ কোটি টাকা সরিয়ে নিয়ে আলোচনায় আসে। সম্প্রতি পরিবেশ সংরক্ষণ আইন ভঙ্গ করে সাভারে জলাভূমি ভরাট করায় এই প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়। পরে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ঢাকা অঞ্চলের আপিল আদালত জরিমানার ৩৬ লাখ টাকা মাফ করে দেন। পরিবেশ অধিদপ্তরকে দেওয়া চিঠিতে পাউবো অভিযোগ করেছে, হলমার্ক গ্রুপ পাউবোর বেড়িবাঁধের জমি দখল করেছে। সেখানে তারা অবৈধভাবে সীমানাপ্রাচীর, ভবন, গার্ড পোস্ট ও বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণ করেছে। হলমার্ক গ্রুপের এই অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ৮ এপ্রিল পাউবো সাভার থানায় জিডি করে। তবে সাভার থানার পুলিশ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। দখল বন্ধ না হওয়ায় পাউবো ১৭ এপ্রিল আবার সাভার মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দেয়। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, পাউবোর করা সাধারণ ডায়েরি দিয়ে পুলিশ কোনো উচ্ছেদ অভিযানে যেতে পারে না, মামলা করতে হবে। আর এটা দেখা এসি ল্যান্ডের (সহকারী কমিশনার-ভূমি) কাজ। তিনি বলেন, অবৈধ স্থাপনা চিহ্নিত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে যত পুলিশ দরকার হবে থানা তা সরবরাহ করবে। সাভারের এসিল্যান্ড আবু জাফর রাশেদ বলেন, ‘পাউবোর বিষয়ে জেলা প্রশাসন থেকে নির্দেশ এলে দখলদারদের উচ্ছেদ করা হবে। তবে আমরা ইতিমধ্যে জনতা হাউজিং থেকে কেনা বিভিন্নজনের বেশ কিছু প্লট হলমার্ক গ্রুপ দখল করে নেওয়ার প্রমাণ পেয়েছি। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে।’ জানতে চাইলে ঢাকার জেলা প্রশাসক মহিবুল হক বলেন, পাউবোর কোনো চিঠি তিনি পাননি। তিনি বলেন, সরকারি জমি কেউ দখল করলে জেলা প্রশাসককে তা জানাতে হবে। জেলা প্রশাসক তা দখলমুক্ত করে ওই প্রতিষ্ঠানকে বুঝিয়ে দেবে। পাউবো অভিযোগ করেছে, হলমার্কের দখলের ফলে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সীমানাপ্রাচীর অন্যান্য অননুমোদিত অবকাঠামো নির্মাণের ফলে দুটি নিষ্কাশন নালার পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে বেড়িবাঁধের ভেতর জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কার্যত পরিবেশ দূষণের হুমকি তৈরি হচ্ছে।জানতে চাইলে পাউবোর মহাপরিচালক কে এ এম শহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, পাউবোর নিজস্ব কোনো ম্যাজিস্ট্রেট না থাকায় এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা যাচ্ছে না। ফলে সহায়তার জন্য সাভার পুলিশ, পরিবেশ অধিদপ্তর ও ঢাকা জেলা প্রশাসনকে জানানো হয়েছে। হলমার্ক গ্রুপের মহাব্যবস্থাপক তুষার আহমেদের দাবি এমন—‘আমরা হেমায়েতপুরে ১০০ একরেরও বেশি জমি কিনে শিল্পপল্লী স্থাপন করছি। পাউবোর কোনো জমি এর মধ্যে পড়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। তারা যদি জমির বৈধ কাগজপত্র দেখাতে পারে তাহলে অবশ্যই আমরা ওই জমি ছেড়ে দেব।’