বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র
পানি ও বিদ্যুতের দাবি পূরণে ২৫ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল গ্রামবাসী
পানি ও বিদ্যুতের দাবি পূরণে ২৫ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে দিনাজপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের পার্শ্ববর্তী ১০টি গ্রামের বাসিন্দা। আজ মঙ্গলবার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় গ্রামবাসী এ সময়সীমা বেঁধে দেয়।এর আগে আজ সকাল সাড়ে ১০টার দিকে গ্রামবাসী কেন্দ্রটি ঘেরাও করে। এ সময় তারা লাঠি হাতে বিক্ষোভও করে। পরিস্থিতি সামাল দিতে র্যাব, পুলিশ ও সেনাসদস্য সেখানে অবস্থান নেয়। পরে গ্রামবাসী কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে।বৈঠক শেষে তাপ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ হালদার জানান, তিনি গ্রামবাসীর দাবি-দাওয়ার বিষয়টি মন্ত্রণালয়কে জানানোর কথা বলেন। তবে তাঁর এ প্রস্তাবে গ্রামবাসী রাজি না হয়ে দাবি পূরণের জন্য আগামী ২৫ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেয়।গ্রাসবাসীর পক্ষ থেকে জানানো হয়, ২৫ অক্টোবরের মধ্যে তাদের দাবি মেনে না নিলে তারা আবার আন্দোলন শুরু করবে।গ্রামবাসীর অভিযোগ, বিদ্যুৎ উৎপাদনের জন্য তাপ বিদ্যুৎকেন্দ্রের আশপাশে ১৪টি বড় ধরনের পাম্প বসানো হয়েছে। ওই পাম্পগুলো দিয়ে সারা দিনই প্রচুর পানি তোলা হয়। এতে দুধিপুকুর, ইসবপুর, শেরপুরসহ ১০টি গ্রামে পানিশূন্যতা দেখা দিয়েছে। তাই ওই সব গ্রামের বাসিন্দা পানি-বিদ্যুৎ সংগ্রাম কমিটি গঠন করে তাদের সমস্যা সমাধানের জন্য এ আন্দোলন শুরু করেছে। তাদের অভিযোগ, তাদের জমির ওপরই বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, অথচ তারাই বিদ্যুৎ পাচ্ছে না।এসব অভিযোগের ব্যাপারে নির্বাহী প্রকৌশলীর বক্তব্য, তাঁদের কাজ হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে দেওয়া। আন্দোলনকারীদের সমস্যাগুলো আগে বিচ্ছিন্নভাবে এসেছে। কিছুদিন আগে ক্ষতিগ্রস্ত গ্রামবাসী একটি স্মারকলিপি দিয়েছিল, তা ঢাকায় চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। এ ছাড়া বিষয়টি সমাধানে তাঁদের সঙ্গে আজ আলোচনাও হয়েছে।