পানি কমছে, বিভিন্ন স্থানে নদীভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের চিলমারী, জামালপুরের বাহাদুরাবাদ, সিরাজগঞ্জ, রাজবাড়ীর গোয়ালন্দ ও মুন্সিগঞ্জের ভাগ্যকুলে গতকাল শুক্রবার ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মা নদীর পানি কমেছে। তবে এখনো সেখানে বিপৎসীমার ১১ থেকে ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এসব স্থানে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও শরীয়তপুর ও শেরপুরে বন্যাপরিস্থিতির অবনতি হয়েছে।গত বৃহস্পতিবার রাতে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পদ্মা নদীর ভাঙনে ২০২টি বসতবাড়ি ও ১০৫টি দোকান বিলীন হয়েছে। এদিকে গত বৃহস্পতিবার ফরিদপুর ও রাজবাড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের উত্তর সাদিপুর গ্রামের শফি ব্যাপারীর মেয়ে সুমাইয়া (৬) ও রাজবাড়ী সদর উপজেলার ভাজনচালা খড়ির মোড় এলাকার ভ্যানচালক মুকিম শেখের ছেলে বিজয় (২)। গতকাল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বার্তায় বলা হয়েছে, ২২টি স্থানে নদ-নদীর পানি বেড়েছে, কমেছে ৪৪টি স্থানের, অপরিবর্তিত আছে দুটি স্থানের পানি। তবে এখনো ১১টি স্থানের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:শরীয়তপুর: গত বৃহস্পতিবার রাতে জেলার ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের স্টেশন বাজারের ১০৫টি দোকান পদ্মা নদীগর্ভে বিলীন হয়েছে। একই ইউনিয়নের আবুল মাস্টারকান্দির ৫০টি, মালকান্দির ৪০টি, মোল্লাকান্দির ৫২টি ও বকাউলকান্দি গ্রামের ৬০টি বসতবাড়ি বিলীন হয়েছে। এ ছাড়া উপজেলার সখীপুর-তারাবুনিয়া সড়কের বিভিন্ন স্থান পানির স্রোতে ভেঙে গেছে। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুল হক জানান, ‘ভাঙনের খবর পেয়েছি। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।’ ফরিদপুর: চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের হাজীডাঙ্গী গ্রাম ও গাজীরটেক ইউনিয়নের জয়দেব সরকারের ডাঙ্গী গ্রামের আরও ১৫ একর ফসলি জমিসহ পাঁচটি বসতভিটা গতকাল পদ্মার গর্ভে বিলীন হয়েছে। এ নিয়ে এবারের বন্যায় উপজেলার অন্তত ২০০ একর ফসলি জমি, ৬০টি বসতভিটা, দুটি মসজিদ ও একটি মন্দির বিলীন হয়েছে।এদিকে চরভদ্রাসনের বন্যাদুর্গত সাত শতাধিক পরিবার গত দুই দিনে উপজেলার আটটি বেড়িবাঁধ, তিনটি পাকা সড়ক ও দুটি বন্যা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে।শিশু সুমাইয়ার মৃত্যু প্রসঙ্গে আলীয়াবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আখতারুজ্জামান জানান, সাদিপুর গ্রামের শিশু সুমাইয়া বৃহস্পতিবার সবার অজান্তে বেড়িবাঁধের পাশে বন্যার পানিতে পড়ে যায়। পরে দুপুর আড়াইটার দিকে তার লাশ ভেসে ওঠে।গোয়ালন্দ (রাজবাড়ী): গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি দুই সেন্টিমিটার কমলেও এখনো বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর জৌকুড়া এলাকায় রিং বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে জৌকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জৌকুড়া উচ্চবিদ্যালয়। পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রসঙ্গে জানা যায়, ভাজনচালা খড়ির মোড় এলাকার ভ্যানচালক মুকিম শেখের স্ত্রী তাঁর মেয়ে ও দুই বছরের ছেলে বিজয়কে নিয়ে সকাল নয়টার দিকে সদর হাসপাতালের উদ্দেশে রওনা হয়। কিছু দূর যাওয়ার পর পরিচিত এক লোকের সঙ্গে দেখা হলে তিনি ছেলেকে কোলে থেকে নামিয়ে প্রায় দেড় ঘণ্টা কথা বলেন। কথা শেষ হলে তিনি আর বিজয়কে খুঁজে পাননি। অনেক খোঁজাখুুঁজির পর দুপুর ১২টার দিকে বাড়ির পাশের কাদের মণ্ডলের ডোবায় বিজয়ের মৃতদেহ ভাসতে দেখা যায়। জামালপুর: যমুনা নদীর পানি কমতে শুরু করায় জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বাড়তে শুরু করেছে। এতে মেলান্দহ উপজেলার আংশিক, জামালপুর পৌরসভার নাওভাঙ্গাচর এবং সদর উপজেলার লক্ষ্মীরচর ও তুলসীরচর ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকছে।এদিকে গতকাল প্রথম আলোয় বন্যার খবর ছাপা হওয়ার পর মেলান্দহ ইউএনও কামরুল হাসান ও নাংলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কিসমত পাশা গতকাল নাংলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত কৃষকেরা সাহায্যের আবেদন জানান। গতকাল সেখানে বন্যাদুর্গতদের মধ্যে দুই মেট্রিক টন ত্রাণের চাল বিতরণ করা হয়। জেলা প্রশাসক সিরাজ উদ্দিন আহমেদ গতকাল প্রথম আলোকে জানান, এবার রোপা আমনের ক্ষতিই বেশি হবে। দুই-এক দিনের মধ্যে বোঝা যাবে ধানের চারাগুলো টিকবে কি না। কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ১০ সেন্টিমিটার কমে এখনো বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রাম সেতু পয়েন্টে ধরলার পানি ছয় সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্রের পানি নুন খাওয়া পয়েন্টে ১২ সেন্টিমিটার কমেছে। তবে তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে এক সেন্টিমিটার বেড়েছে।সরকারি হিসাব অনুযায়ী জেলার প্রায় আট হাজার হেক্টর জমির রোপা আমন ছয় দিন ধরে পানির নিচে তলিয়ে আছে। শেরপুর: সদর উপজেলার আরও চারটি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে। বর্তমানে শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলার ১১টি ইউনিয়নের ৪৭টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। ফলে সদর উপজেলার চরশেরপুর, লছমনপুর, রৌহা ও কামারিয়াসহ জেলার ১১টি ইউনিয়নের ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।ব্রহ্মপুত্র নদের প্রবল তোড়ে গতকাল সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামের ১০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। জেলায় দুই হাজার ২০০ হেক্টর জমির রোপা আমন ধান ও ৪০০ হেক্টর জমির সবজিখেত বন্যার পানিতে তলিয়ে গেছে।সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি আট সেন্টিমিটার কমলেও পানি বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে জেলার সদর, কাজীপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার ৩৫টি গ্রাম নতুন করে বন্যার কবলে পড়েছে। বন্যাদুর্গত এলাকায় সরকারিভাবে ২৫০ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।