পানি চুরি ঠেকাতে কলে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোর-ডাকাতের ভয়ে মানুষ সোনা-গয়না, টাকা-পয়সা সিন্দুকে তালা দিয়ে আগলে রাখে। কিন্তু খাওয়ার পানি তালা দিয়ে যক্ষের ধনের মতো আগলে রাখার কথা শুনেছেন? অবিশ্বাস্য হলেও ঘটনাটি সত্যি। বঙ্গোপসাগর তীরের বরগুনার পাথরঘাটা উপজেলার বাদুড়তলা গ্রামের মানুষ এমন করেই খাবার পানি তালা দিয়ে, এমনকি পাহারা দিয়ে আগলে রাখে। একটু নিরাপদ পানির জন্য পাথরঘাটার প্রায় আড়াই লাখ ও বরগুনার বিভিন্ন এলাকার মানুষ প্রতিনিয়ত সংগ্রাম করে। মাইলের পর মাইল হেঁটে খাওয়ার পানি সংগ্রহ করে। শুকনো মৌসুমে পুকুর ও জলাশয়ে পানি শুকিয়ে যাওয়ায় খাওয়ার পানির জন্য হাহাকার শুরু হয়। সরেজমিন জানা যায়, উপজেলার চারদিক পানিবেষ্টিত হলেও ভূপ্রকৃতিগত কারণে এখানে গভীর নলকূপ স্থাপন করা যায় না। তাই এখানে খাওয়ার পানির বড়ই অভাব। বছরের অধিকাংশ সময় এলাকার লোকজনকে খাল, বিল, নদী ও পুকুরের পানি পান করতে হয়। পাথরঘাটার বেশ কয়েকটি পানি-সংকটপূর্ণ এলাকার মধ্যে বাদুড়তলা অন্যতম। গ্রামের বাসিন্দারা জানান, একটি বেসরকারি সংস্থা পরীক্ষামূলকভাবে গ্রামের ৪০টি পরিবারের জন্য বিশুদ্ধ পানির বিকল্প উৎস হিসেবে বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্প (রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম) বাস্তবায়ন করে। পরিবারগুলো শুকনো মৌসুমের সাত মাস বিশেষভাবে তৈরি ট্যাংকে সংরক্ষিত বৃষ্টির পানি পান করে। সুপেয় এই পানির উৎসটিকে তারা শুধু তালা দিয়েই নয়, যাতে কেউ তালা ভেঙে পানি চুরি করতে না পারে, সে জন্য রাতে রীতিমতো পালা করে পাহারাও দেওয়া হয়।জানা গেছে, সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত পাথরঘাটা উপজেলার বর্তমান জনসংখ্যা প্রায় আড়াই লাখ। স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মীরা জানান, তিনটি ইউনিয়নে তাঁরা দীর্ঘদিন চেষ্টা চালিয়ে কিছু গভীর নলকূপ বসাতে পেরেছেন। কিন্তু এসব নলকূপের পানি এতটাই লবণাক্ত যে, তা মুখে দেওয়া কষ্টসাধ্য। বাকি চারটি ইউনিয়নে এখনো কোনো নলকূপ তাঁরা বসাতে পারেননি। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মীরা বলেন, সরকার ইউনিসেফের সহায়তায় ১৯৯৬ সালে উপজেলার বিভিন্ন স্থানে ৮৪টি পুকুরে বালুর ফিল্টার (পন্ডস অ্যান্ড স্যান্ডস ফিল্টার) স্থাপন করে। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলোর বেশির ভাগই এখন বিকল হয়ে পড়ে আছে। সরেজমিন পাথরঘাটার পদ্মা গ্রামে পানির জন্য হাহাকার দেখা গেল। এই গ্রামের বাসিন্দা আবদুল আলীম বলেন, ‘এলাকার একটা পুকুইরেও পানি নাই, সব শুকাইয়্যা খান-খান। গাঙ্গের লোনাপানিতে গোসল ও অন্য কাজ করলেও তা খাওন যায় না। দেড় মাইল দূরে বাদুড়তলা গ্রামে একটা পুকুইরে ফিল্টার আছে। দৈনিক ১৫ টাকা দিয়া এক কলস পানি আনাই। অনেকে তাও পারে না। বাধ্য অইয়্যা গাঙ্গের পানি খায়।’ পদ্মার মতো রুহিতা, হরিণঘাটা, ভাঙন নামের আরও তিনটি গ্রামের অবস্থাও প্রায় একই রকম। পাথরঘাটা পৌর এলাকায় একমাত্র পানির উৎস উপজেলা পরিষদের সামনের পুকুর। সেখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত থাকে দীর্ঘ লাইন। পৌর এলাকার বরইতলা গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির জানান, ১৫-২০ টাকা দিয়ে এক কলস পানি পান না তাঁরা।শুধু পাথরঘাটা নয়, এমন পানি সংকট চলছে বরগুনা সদরের নলটোনা, বালিয়াতলী, গৌরীচন্না, বদরখালী এমনকি বরগুনা পৌর এলাকায়ও। বরগুনা পৌর এলাকাতেও এমন পানি সংকটের কথা জানান বিভিন্ন এলাকার বাসিন্দারা। ডিকেপি সড়কের বাসিন্দা গোলাম রসুল বলেন, ‘পৌরসভার সরবরাহ করা পানি নিরাপদ নয়। এই এলাকায় পৌরসভার যেসব নলকূপ আছে, তা বাড়ির ভেতরে হওয়ায় তারা সেসব নলকূপে পাম্প লাগিয়ে নিজেরা ব্যবহার করে। বাইরের লোকজন পানি আনতে গেলে বাধা দেয়।’পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আবদুল হালিম জানান, পৌর এলাকায় ৩০০ গভীর নলকূপ আছে। বাড়ির মধ্যে থাকা নলকূপ থেকে পানি আনতে বাধা দেওয়াকে তিনি অন্যায় বলে মনে করেন। এ বিষয়ে অভিযোগ পেলে তাঁরা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।বরগুনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বরগুনায় বর্তমানে ১২ হাজার ৬০০ গভীর নলকূপ রয়েছে। এর মধ্যে এক হাজার ১৩০টি অকেজো। জেলায় বর্তমান লোকসংখ্যা সাড়ে ১০ লাখ। জনসংখ্যা অনুপাতে জেলায় ৮৩৩ জনের জন্য একটি নলকূপ রয়েছে। জনসংখ্যা বিবেচনায় এই সংখ্যা শুধু অপ্রতুলই নয়, জেলার জনস্বাস্থ্যের নাজুক চিত্রই তুলে ধরে। জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ এইচ এম আবদুল্লাহ বলেন, ঘূর্ণিঝড়-সিডর ও আইলার পর সবচেয়ে আশঙ্কার কথা হলো, বরগুনার ভূগর্ভস্থ পানির স্তরে লবণাক্ততা ছড়িয়ে পড়েছে। ১০-১৫ বছর আগে যে গভীর নলকূপগুলো বসানো হয়েছে, সেগুলোতে এখন লোনাপানি উঠছে। এটা খুবই ভয়ানক ব্যাপার। তিনি আরও বলেন, বরগুনা পৌর এলাকায় প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে পানি বিশুদ্ধকরণ প্লান্টটি বছরের পর বছর বন্ধ রাখায় সেটি অকেজো হয়ে যাচ্ছে। এটি চালু হলে শহরের পানির কষ্ট অনেকটা লাঘব হতো। এ ছাড়া পানিসংকট দূর করতে কয়েক হাজার গভীর নলকূপ, পিএসএফ, পুকুর খনন করাসহ বিকল্প পানির উৎস সৃষ্টি করা প্রয়োজন। নইলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।