পানি নিয়ে ভাবনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজিমপুর শিশুপার্ক পানির পাম্পের সামনে জনজট দেখা গেল। কারও হাতে গ্যালন, কারও হাতে কলস, কারও হাতে বড়সড় বোতল। সবাই একে একে পানি নিচ্ছেন। কথা বলে জানা গেল, তাঁদের বেশির ভাগই এসেছেন নতুন পল্টন লাইন এলাকা থেকে। এখানে পানি নিতে আসার কারণ জানতে চাইলে নতুন পল্টন লাইনের একাধিক বাসিন্দা জানালেন, দিন তিনেক ধরে তাঁদের এলাকায় পানিতে দুর্গন্ধ আসে। সেই পানি খাওয়া যায় না। অন্যান্য কাজেও ব্যবহার করা যায় না।ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) নলের পানিতে দুর্গন্ধ থাকায় দুর্ভোগে আছেন নতুন পল্টন লাইনের বাসিন্দারা। কেউ পানি কিনছেন, কেউবা আশপাশের এলাকা থেকে পানি সংগ্রহ করছেন।নতুন পল্টনের বাসিন্দা নিলুফা বেগম বলেন, ‘দুর্গন্ধের কারণে ওয়াসার পানি খাওয়ার কথা চিন্তাও করা যায় না। গোসল করলে শরীর চুলকায়। চুল আঠা আঠা হয়ে যায়।’আরেক বাসিন্দা পান্না আক্তার প্রতিদিন আজিমপুর শিশুপার্ক পানির পাম্পে গিয়ে পানি আনেন। ‘কবে পানি টানার কষ্ট থেকে রক্ষা পাব? মাসে মাসে ওয়াসাকে বিল দিচ্ছি। কিন্তু তাদের কাছ থেকে ভালো সেবা পাচ্ছি না।’ঢাকা ওয়াসাকে পানির বিল দিয়েও পানি কিনে কিংবা রিকশা ভাড়া দিয়ে অন্য এলাকা থেকে পানি আনতে হয় বলে ক্ষোভ প্রকাশ করলেন আরও অনেকেই। এ বিষয়ে নতুন পল্টন লাইনের বাসিন্দা (বাড়ি ২৫) ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, প্রতিদিন পানি আনতে ২৫ থেকে ৩০ টাকা রিকশা ভাড়া দিতে হয়।আজিমপুর শিশুপার্ক পানির পাম্পে দায়িত্বরত কর্মী জাহিদ হোসেন জানালেন, রাত ১২টার সময়ও লোকজন পানি নিতে আসে।ঢাকা ওয়াসা সূত্রে জানা যায়, নতুন পল্টন লাইন এলাকার পানি সায়েদাবাদ পানি পরিশোধনাগার থেকে আসে। পানি বিশুদ্ধ করতে ক্লোরিন ব্যবহার করা হয়। এতে পানিতে গন্ধ থাকে। অন্যদিকে বিডিআর ৩ নম্বর গেটের কাছে পানির নলে ছিদ্র হয়ে গেছে। এ জন্য পানিতে পোকা ও শ্যাওলা থাকতে পারে। ওই এলাকার পানির সমস্যা সমাধানে ইরাকি কবরস্থানের পাশে একটি নতুন পানির পাম্প বসানো হচ্ছে।এ বিষয়ে ঢাকা ওয়াসার উপসহকারী প্রকৌশলী সিদ্দিকুর রহমান জানান, নতুন পাম্প বসানো হলে নতুন পল্টন লাইন এলাকায় সায়েদাবাদ পানি পরিশোধনাগারের পানি লাগবে না। মাস খানেকের মধ্যে পাম্পটি চালু হবে।নতুন পল্টন লাইন এলাকার পানিবিষয়ক অভিযোগ নম্বর: ৭৩১৮২৯৫ (নির্বাহী প্রকৌশলী, মডস জোন-২, ঢাকা ওয়াসা)