পানি নেই, পাটের বাম্পার ফলনের খুশি ফিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর চাষিরা ভালো দাম পাওয়ায় এ বছর দেশে লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ জমিতে পাটচাষ হয়েছিল। উৎপাদনও সে অনুপাতে হওয়ার প্রত্যাশা ছিল। কিন্তু এবার প্রকৃতি অন্যদিকে বিরূপ। জাগ দেওয়ার পানির অভাবে দেরিতে পাট কাটতে বাধ্য হচ্ছেন কৃষক। এতে পাটের গোড়া ও আঁশ মোটা হয়ে এর মান কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মাসের পূর্বাভাসের তুলনায় গত রোববার পর্যন্ত ৪৫ শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে।পানির অভাবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চুয়াডাঙ্গা, মাদারীপুর, কুষ্টিয়া, মেহেরপুর ও ফরিদপুরের চাষিরা। বৃষ্টি কম হওয়ায় নদী, খাল, বিল—সবখানে পানি কম। এ কারণে কৃষকেরা একরকম দিশেহারা হয়ে পড়েছেন। কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে চাষিদের মধ্যে বিনা মূল্যে পাটের আঁশ ছাড়ানোর যন্ত্র রিবনার সরবরাহ ও পুকুর খনন করতে সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে দক্ষিণের পানিস্বল্পতায় ভোগা এলাকাগুলোতে তা এখনো পূর্ণোদ্যমে চালু হয়নি। অনেক এলাকায় চাষিরা নলকূপ দিয়ে পানি তুলে মাঠে পাট জাগ দেওয়ার চেষ্টা করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিভিন্ন সূত্রে জানা গেছে, গত বছর জুলাই মাসের মধ্যে ৫০ থেকে ৬০ শতাংশ পাট কাটা হয়েছিল। এ বছর পানির অভাবে এখন পর্যন্ত মাত্র ১৫ থেকে ২৫ শতাংশ কাটা হয়েছে। এ কারণে হাটে পাট আসার পরিমাণ কমে গেছে। পাটকলগুলোও পুরোদমে কেনা শুরু করতে পারছে না। তোষা পাট ১১০ থেকে ১২০ দিনের মধ্যে ও বাংলা পাট ১০০ থেকে ১০৫ দিনের মধ্যে কাটার নিয়ম। দক্ষিণাঞ্চলের বেশির ভাগ এলাকায় রোপণের পর ১২০ দিন অতিক্রান্ত হয়ে গেলেও ১০ শতাংশের বেশি পাট কাটা হয়নি বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে। কম পানিতে পাট পচানোর নতুন প্রযুক্তি হিসেবে সারা দেশের পাটচাষিদের মধ্যে বিনা মূল্যে ১৫ হাজার ‘রিবনার’ যন্ত্র দেওয়া হয়েছে। বাংলাদেশে মেশিন টুলস ফ্যাক্টরিতে তৈরি এ রিবনার ১০০ জন কৃষক পর্যায়ক্রমে ব্যবহার করবেন। তবে চাষিরা জানিয়েছেন, সময় হয়ে আসায় বহু কৃষক একসঙ্গে পাট কাটার উদ্যোগ নিয়েছেন বলে আরও বেশি রিবনার প্রয়োজন।পানির অভাবে অনেক এলাকায় কৃষক জমিতে সেচযন্ত্র দিয়ে পানি তুলে পাট পচানোর চেষ্টা করছেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই পদ্ধতিতে পাট ঠিকমতো পচবে না। পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. কামালউদ্দিন প্রথম আলোকে বলেন, বিকল্প হিসেবে আপাতত জমির এক কোনায় গর্ত করে পাট পচাতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অর্থকরী ফসল বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর চার লাখ ৮০ হাজার হেক্টর জমিতে ৫০ লাখ বেল পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। মার্চ-এপ্রিল মাসে জমিতে পাট বোনার পর দেখা গেছে, আট লাখ ৩৪ হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে। উৎপাদন ৮০ লাখ বেল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংস্থাটি মনে করছে। অর্থকরী ফসল বিভাগের পরিচালক শহীদুল্লাহ সরকার প্রথম আলোকে বলেন, জুলাই মাসের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি সময়ে দেশের বেশির ভাগ এলাকার পাট কেটে ফেলা হয়। কিন্তু উত্তরাঞ্চলে ৩০ শতাংশ পাট কাটা হয়ে গেলেও দক্ষিণাঞ্চলে ১০ শতাংশও কাটা হয়নি। চলতি বছর বিজেএমসি পাট কিনতে ক্রয়কেন্দ্রের সংখ্যা ১০৪টি থেকে বাড়িয়ে ১১৯টি করেছে। দেশের প্রধান ক্রয়কেন্দ্রগুলোর মধ্যে রাজবাড়ীর বহরপুর, পাংশা, খলিলপুর, কানাইপুর, মাদারীপুরের চর মগলিয়া, ফরিদপুরের খানখানাপুর অন্যতম। এই হাটগুলোতে জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে প্রতি হাটের দিনে ১৫ থেকে ২০ হাজার মণ পাট ওঠে। কিন্তু এক সপ্তাহ ধরে দুই হাজার মণের বেশি উঠছে না। আমাদের মেহেরপুর প্রতিনিধি তুহিন আরণ্য জানিয়েছেন, স্থানীয় চাষিরা সমতল আবাদি জমি ভাড়া নিয়ে শ্যালো মেশিনে পানির ব্যবস্থা করে পাট জাগ দিচ্ছেন। জমির মালিকেরা প্রতি আঁটি পাটের জন্য ভাড়া নিচ্ছেন তিন টাকা। আবার অনেকে অন্যের মজা শুকিয়ে যাওয়া পুকুর ভাড়া নিয়ে সেখানে পানি তুলে বাণিজ্যিক ভিত্তিতে জাগের ব্যবস্থা করেছেন। গাংনীর সাহারবাটি গ্রামের শরিফুল মওলা জানান, তিনি জমিতে ধান বুনেছিলেন। এখন প্রতি আঁটি তিন টাকা হারে পাট জাগ দেওয়ার জন্য জমি ভাড়া দিয়েছেন। মেহেরপুর জেলা কৃষি সমপ্রসারণ বিভাগ সূত্র জানায়, এবার মোট ১৫ হাজার ৭৩২ হেক্টর জমিতে পাটচাষের লক্ষ্যমাত্রা ছিল, যা স্বাধীনতার পর থেকে সর্বোচ্চ। সেখানে পাট চাষ হয়েছে তারও বেশি, ২৭ হাজার ৬৫৩ হেক্টর জমিতে। জেলা কৃষি সমপ্রসারণ বিভাগের উপপরিচালক মো. মনিরুজ্জামান বলেন, অন্যবার দাম না পাওয়ায় পাট কৃষকের গলার ফাঁস হয়ে দাঁড়ালেও এবার সে অবস্থা হয়েছে পানির অভাবে।চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম জানিয়েছেন, চুয়াডাঙ্গার দেড় লাখ পাটচাষি পাট নিয়ে বিপাকে পড়েছেন। ভরা বর্ষায়ও জেলার চারটি উপজেলার নদনদী, খালবিল, জলাশয় পানিশূন্য। ‘বেশি লাবের আশায় বেশি পাটের আবাদ কইরেলাম। অ্যাকন দেকচি লাবের গুড় পিঁপড়েই খাচ্চে।’ এভাবেই খেদোক্তি প্রকাশ করলেন আলমডাঙ্গা উপজেলার জোড়গাছা গ্রামের পাটচাষি ইসমাইল হোসেন। জাগ দেওয়ার সুবিধা না থাকায় তাঁরা তিন ভাইয়ের কেউই এখনো পাট কাটেননি। সরকার বিকল্প হিসেবে রিবন রেটিং পদ্ধতি চালু করলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রচারসহ প্রয়োজনীয় উদ্যোগের অভাবে সাধারণ পাটচাষিরা এখনো তা জানতে পারেননি। জেলায় রিবন রেটিং পদ্ধতিতে পাট জাগ দেওয়ার জন্য ৩০ হাজার নির্দিষ্ট মাপের পুকুর খনন করার কথা থাকলেও এ পর্যন্ত মাত্র ৫০০টি খনন করা হয়েছে। আপাতত ভারী বৃষ্টি হবে না: আবহাওয়া অধিদপ্তরের সাপ্তাহিক কৃষি পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু দেশের মধ্যাঞ্চলে বিস্তৃত রয়েছে। এর প্রভাবে রংপুর, সিলেট ও ঢাকা অঞ্চলের অনেক স্থানে ও বরিশাল, খুলনা ও রাজশাহী অঞ্চলের কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে উপকূলে ঝোড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের পূর্বাভাস দেওয়া হলেও আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।