পানি বণ্টন চুক্তিতে সম্মত যুক্তরাষ্ট্র ও মেক্সিকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলোরাডো নদীর পানি বণ্টন ও ব্যবস্থাপনার জন্য মেক্সিকো ও যুক্তরাষ্ট্র নতুন করে চুক্তি করতে সম্মত হয়েছে। বিবিসি জানায়, দেশ দুটির প্রায় তিন কোটি মানুষ ওই নদীর পানির ওপর নির্ভরশীল।চুক্তি অনুযায়ী, খরার সময় যুক্তরাষ্ট্র মেক্সিকোতে স্বাভাবিকের চেয়ে কম পানি সরবরাহ করবে, তবে বর্ষা মৌসুমে মেক্সিকো দেশের উত্তরাঞ্চলে ব্যবহারের জন্য বেশি পানি সংরক্ষণ করার অধিকার পাবে।দুই হাজার ২৩০ কিলোমিটার দীর্ঘ কলোরাডো নদীটি রকি পর্বতমালায় উত্পন্ন হয়ে ক্যালিফোর্নিয়া উপসাগরে গিয়ে পড়েছে। সম্প্রতি দীর্ঘায়িত খরা এবং বিভিন্ন কাজে পানির ব্যবহার বেড়ে যাওয়ায় নদীটির ওপর চাপ বেড়েছে।যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী কেন সালাজার বলেন, ‘সংঘাতের বদলে আমরা সমঝোতাকে বেছে নিয়েছি। কলহের বদলে বেছে নিয়েছি সহযোগিতা ও ঐক্যকে।’সালজার আরও বলেন, ‘কলোরাডো নদীটি বিভিন্ন দিক দিয়ে আমাদের এক জনগোষ্ঠীতে পরিণত করেছে। সামনের দিনগুলোতে আমরা একসঙ্গে পানি-সংকট মোকাবিলা করতে চাই।’১৯৪৪ সালে দেশ দুটি প্রথমবার কলোরাডো নদীর পানি বণ্টনের চুক্তি করে। চুক্তিটির মেয়াদ ফুরানোর পর নতুন করে এ চুক্তিটি করা হচ্ছে। ২০১৭ সাল পর্যন্ত এটি কার্যকর থাকবে।নতুন চুক্তি অনুযায়ী, নদীর পানি যত কমই থাকুক না কেন, মেক্সিকোর ৩০ লাখ মানুষের জন্য ব্যবহার্য যথেষ্ট পরিমাণ পানি সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। তবে খরার সময় এ পরিমাণ কিছুটা কমাতে পারবে যুক্তরাষ্ট্র।এ ছাড়া ২০১০ সালের ভূমিকম্পে মেক্সিকোর যেসব জলসেচের খাল ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলো মেরামতের জন্য যুক্তরাষ্ট্র দেশটিকে এক কোটি ডলার দেবে।