পানি বাঁচাতে উদ্যোগী শচীন
মুম্বাইয়ে পানির সংকট প্রকট। এই সংকট মোকাবিলায় এগিয়ে এলেন ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার। নিজের জন্য পানির ব্যবহার কমাতে শাওয়ারে গোসল করবেন না। এ কাজে তিনি বালতি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন।পানির খরচ কমিয়ে আনতে মুম্বাই নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন এই ক্রিকেট তারকা। আর এ লক্ষ্যে শচীন ৩০ সেকেন্ডের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। আগামী সপ্তাহেই এই চলচ্চিত্রটি মুক্তি পাবে।শচীন বিবিসিকে জানান, বর্তমানে তিনি ও তাঁর পরিবারের প্রতিটি সদস্য পানির খরচ কমানোর জন্য বালতি ও মগ ব্যবহার করে গোসল করেন।মুম্বাই নগরে প্রায়ই পানিসংকট দেখা দেয় এবং বেশির ভাগ এলাকাতেই প্রয়োজনের চেয়ে ৩০ শতাংশ কম পানি সরবরাহ করা হচ্ছে।মুম্বাই পৌর কর্তৃপক্ষ আশা করছে, শচীনের এ উদ্যোগ সবাইকে সচেতন করে তুলবে। দিনের অন্যান্য কাজের তুলনায় শাওয়ারে অনেক বেশি পানি খরচ হয়।মুম্বাইয়ে অনেক এলাকাতেই দিনে মাত্র দুই ঘণ্টা পানি সরবরাহ করা হয়। এতে অনেক বাসিন্দাই পানি জমিয়ে রেখে তাদের দৈনন্দিন কাজ সারতে বাধ্য হন।মৌসুমি বৃষ্টির পানি জমিয়ে রেখেও জুন-জুলাই মাস পর্যন্ত যে পানির সংকট, তা মেটানো সম্ভব হয় না।মুম্বাই নগরে প্রতিদিন গড়ে ৪২০ কোটি লিটার পানির প্রয়োজন, কিন্তু সেখানে ঘাটতি থাকে প্রায় ৮০ কোটি লিটার।সাম্প্রতিক সময়ে এই পানিসংকটে মুম্বাইয়ের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে বিক্ষোভও করেছে।