পানি-বাণিজ্য জমজমাট
‘আবে হায়াত!’ নাম শুনলেই এক ধরনের তৃষ্ণা জেগে উঠবে। এ তৃষ্ণা পানির। এ তৃষ্ণাকে পুঁজি করে এলাকায় বাড়ছে পানি-বাণিজ্য। এলাকায় গড়ে উঠছে বাহারি নামের পানি সরবরাহকারী প্রতিষ্ঠান। বিশুদ্ধ পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের ব্যবসা ভালো যাচ্ছে বলে এ বাণিজ্যের সঙ্গে জড়িতরা জানিয়েছেন।খোঁজ নিয়ে জানা গেছে, নগরে এ ধরনের পানি সরবরাহকারী প্রতিষ্ঠান রয়েছে ১৫-১৬টি। আর এসব প্রতিষ্ঠানের রয়েছে প্রায় ৩০ হাজার গ্রাহক। পানি সরবরাহকারী এসব প্রতিষ্ঠান ও গ্রাহক সূত্রে জানা গেছে, সিটি করপোরেশন প্রতিদিন ২০ থেকে ২১ হাজার ঘনমিটার পানি সরবরাহ করার কথা বললেও বাস্তবে এর পরিমাণ আরও কম। নগরবাসীর প্রতিদিন পানির চাহিদা রয়েছে ৫৯ হাজার ঘনমিটার। এ অবস্থায় গত কয়েক বছরে গড়ে উঠেছে বিভিন্ন পানি সরবরাহকারী প্রতিষ্ঠান। এতে এক দিকে যেমন পানিসংকটের সুযোগ নিয়ে তারা পানি বিক্রি করে অতিরিক্ত মুনাফা আদায় করছে। অন্যদিকে দূষিত পানি ক্রেতাদের হাতে গছানোর অভিযোগও পাওয়া গেছে তাদের বিরুদ্ধে।অনুসন্ধানকালে পানি সরবরাহকারী বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কয়েকটির সঙ্গে যোগাযোগ করলে তারা সংবাদ মাধ্যমকে এড়িয়ে যেতে চেষ্টা করেন। তবে সুনামের অধিকারি পানি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘আবে হায়াত’-এর পরিচালক গোলাম মোস্তফা বলেন, ‘নগরে পানির তীব্র সংকট থাকায় লাইসেন্সবিহীন অধিকাংশ ভুইফোড় পানি সরবরাহকারী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তবে আমরা সঠিকভাবে গ্রাহকদের পানি সরবরাহ করে থাকি।’ কী পরিমাণ পানি তাঁরা প্রতিদিন সরবরাহ করেন, এ প্রশ্নের জবাব দিতে তিনি অনীহা প্রকাশ করেন।মুঠোফোনে পানি সরবরাহকারী প্রতিষ্ঠান সুরমার কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে হিসাব সহকারী পরিচয় দিয়ে বেনুভূষণ দাস বলেন, ‘আমাদের প্রায় দুই হাজার গ্রাহক রয়েছে। নগরের লোকসংখ্যার প্রায় ৭০ ভাগ মানুষ এসব প্রতিষ্ঠানের সুবিধা পাচ্ছে।’এসব প্রতিষ্ঠান কাদের পর্যবেক্ষণে রয়েছে, এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, বিএসটিআই কর্তৃপক্ষের নিবন্ধন নিয়ে ব্যবসা পরিচালিত হচ্ছে। তবে খোঁজ নিয়ে বিএসটিআইয়ের তেমন কোনো নজরদারি দেখা যায়নি।