পানি বাড়ছে, বন্যা পরিস্থিতির অবনতি
ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, শেরপুর, জামালপুর, সিরাজগঞ্জ, বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট এবং ঢাকার দোহারে নদ-নদীর পানি বেড়েই চলেছে। এতে প্রতিদিন সেখানকার নতুন নতুন এলাকা ও ফসলি জমি প্লাবিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গতকাল মঙ্গলবার জানিয়েছে, তাদের পর্যবেক্ষণ করা ৭৩টি স্টেশনের মধ্যে ৪০টি স্টেশনে নদ-নদীর পানি বেড়েছে। কমেছে ২৮টির। স্থিতিশীল আছে চারটির। একটির প্রতিবেদন জানা যায়নি। এর মধ্যে ১১টি স্টেশনে নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর পানি জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ পয়েন্টে ৯ সেন্টিমিটার, সিরাজগঞ্জ পয়েন্টে ১০ সেন্টিমিটার ও আরিচা পয়েন্টে ৭ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার যথাক্রমে ২৮ সেন্টিমিটার, ৪৩ সেন্টিমিটার ও ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পদ্মা নদীর পানি রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে ৮ সেন্টিমিটার, মুন্সিগঞ্জের ভাগ্যকূল পয়েন্টে ৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার যথাক্রমে ৫৫ সেন্টিমিটার ও ৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।বন্যা পূর্বাভাসে বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা, পদ্মা ও মেঘনা নদ-নদীর পানি আগামী দুই দিন বাড়ার আশঙ্কা রয়েছে। কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, জামালপুর, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার নিম্নাঞ্চলের বন্যা-পরিস্থিতি আগামী দুই দিনে অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে আজ বুধবারের মধ্যে সিলেট জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আমিরুল হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘ভারতের আসাম ও অরুণাচল রাজ্যে কয়েক দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। ওই অতিরিক্ত পানি আমাদের কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মা হয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করছে। এতে আমাদের নদ-নদীর পানি বেড়ে গেছে।’আমিরুল হোসেন আরও বলেন, বর্তমানে স্বাভাবিক বন্যা-পরিস্থিতি চলছে। তবে সিলেট অঞ্চলের বন্যা অন্য বছরের তুলনায় প্রলম্বিত হয়েছে। তিনি বলেন, ‘আমাদের দেশে ১৬ মে থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বর্ষা মৌসুম ধরা হয়। তা ছাড়া সেপ্টেম্বর মাসে একটি স্বাভাবিক প্রবণতা আছে, যমুনা নদীর পানি বাড়বে।’ ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: ফরিদপুর: বন্যায় সদর উপজেলার নর্থ চ্যানেল, ডিক্রিরচর, আলীয়াবাদ ও চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের ৩২ হাজার লোক পানিবন্দী হয়ে পড়েছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে নর্থ চ্যানেল ইউনিয়নের মোহন মিয়ার হাট এলাকার ৯০টি বাড়ি। এদিকে চরভদ্রাসন উপজেলা সদর বন্যার হাত থেকে রক্ষার জন্য সদর ইউনিয়নের ফাজিলখারডাঙ্গি স্থানে নির্মিত পাউবোর বাঁধের ১৫ মিটার গত সোমবার রাত আটটার দিকে ধসে গেছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী সর্দার সিরাজুল হক বলেন, বাঁধের প্রায় ৫০ শতাংশ মেরামত করা সম্ভব হয়েছে। আপাতত বাঁধের ধস বন্ধ করা গেছে। শরীয়তপুর: গত দুই দিনে জেলার জাজিরা, নড়িয়া ও গোসাইরহাট উপজেলার ১৯টি গ্রামের ২৫৫টি পরিবার পদ্মা ও মেঘনা নদীর ভাঙনে গৃহহীন হয়েছে। পদ্মা গর্ভে বিলীন হয়েছে জাজিরার কলমীরচর চেয়ারম্যানবাড়ী সড়কের ৭০০ মিটার কাঁচা সড়ক। এতে পাশের গ্রামগুলোতে পানি ঢুকে প্লাবিত হয়েছে। নতুনবাবুর চর গ্রামের ৩০০ একর ও কলমীরচর গ্রামের ২০০ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। গোসাইরহাট উপজেলার বিষকাটালী গ্রামের সিরাজ, আবুল কালাম ও সেতারা বেগম জানান, ‘মেঘনা নদীর ভাঙনে ঘরবাড়ি, সহায়সম্বল হারিয়ে আমরা এখন নিঃস্ব। এখন পর্যন্ত কোনো আশ্রয় খুঁজে পাইনি।’পাউবোর শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান জানান, ‘প্রতিবছর বর্ষা মৌসুমে এ এলাকার পদ্মা মেঘনা নদীতে ভাঙন দেখা দেয়। বিশাল এলাকা জুড়ে ভাঙন হওয়ায় আমাদের কিছুই করার নেই। ভাঙন রোধে বাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা জানিয়ে ঢাকায় প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে।মাদারীপুর: বন্যার পানিতে সদর, শিবচর, রাজৈর ও কালকিনি উপজেলার অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। জেলা প্রশাসক শশী কুমার সিংহ জানান, আড়িয়াল খাঁ নদের পানি এখনো গতবারের পর্যায়ে যায়নি। তবে জেলার মধ্যে শিবচরের চরাঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বেশি। জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।কুড়িগ্রাম: গতকাল চিলমারী, রৌমারী, রাজীবপুর, উলিপুর, নাগেশ্বরী ও সদর উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী রয়েছে প্রায় ২৫০ চরগ্রামের প্রায় সোয়া দুই লাখ মানুষ। কৃষি সম্প্রসারণ বিভাগের কুড়িগ্রামের উপপরিচালক কালিপদ দেবনাথ জানান, বন্যার পানিতে গতকাল পর্যন্ত তিন হাজার ৪০০ হেক্টর জমির রোপা ও বোনা আমন নিমজ্জিত হয়েছে। সাহেবের আলগা ইউপির চেয়ারম্যান শাহজামাল মিয়া জানান, তাঁর ইউনিয়নের মেকুর আলগা, সুখের বাতি, চর বাগুয়া, দৈ খাওয়া ও সাহেবের আলগার চরে ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। গত সোমবার ও গতকাল এসব এলাকার ৬০টি বাড়ি সরানো হয়েছে। তবে শুকনো জায়গার অভাবে বাড়ি সরিয়ে নিতে সমস্যা হচ্ছে। প্লাবিত এলাকার মানুষ এখনো কোনো ত্রাণসহায়তা পায়নি বলে তিনি জানান। জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জানান, সোমবার জরুরি ভিত্তিতে ৫০০ মেট্রিক টন চাল, ১০ লাখ টাকা ও গৃহনির্মাণ বাবদ ২০ লাখ টাকা চাওয়া হয়েছে। তবে এখনো বরাদ্দ আসেনি। বগুড়া: যমুনার পানি বাড়ায় একদিকে সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, অন্যদিকে ভাঙন দেখা দিয়েছে। চরাঞ্চলে সব ধরনের ফসল পানিতে ডুবে গেছে। ধুনটের আটাচর গ্রামের বাবুল হোসেন জানান, দুই দিন আগে তাঁর বাড়ি ভেঙে নদীর পেটে গেছে। এখন তিনি পরিবারের লোকজন নিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছেন। পাউবো উপবিভাগীয় প্রকৌশলী জহুরুল হক জানান, পানি কমতে শুরু করলে ভাঙন আরও বাড়বে। তবে পানির চাপে বাঁধ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে। সিরাজগঞ্জ: জেলার কাজীপুর, সদর, বেলকুচি, চৌহালী, শাহজাদপুর উপজেলার অর্ধশত গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তীব্র পানির স্রোতে বেলকুচির রান্ধুনীবাড়ী গ্রামের বাজারসহ নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ওই এলাকার অর্ধশতাধিক বাড়ি, দোকানপাট নদীগর্ভে বিলীন হয়েছে। অনেক পরিবার ব্রহ্মপুত্রর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর চরাঞ্চলের অধিকাংশ নিচু এলাকার ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৬২টি পরিবার নদীভাঙনের শিকার হয়ে অন্যত্র চলে গেছে। নতুন করে বন্যার ফলে অনেক কৃষকের শীতকালীন বিভিন্ন শাকসবজির বীজতলা তলিয়ে গেছে। পাউবো রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, পদ্মার পানি আরও দুই দিন বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে জেলার ভাঙনকবলিত এলাকায় নতুন করে ভাঙন দেখা দেয়নি। জামালপুর: জেলার যমুনা অববাহিকার দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গতকাল অন্তত ৫০টি গ্রামের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। গতকাল পর্যন্ত বন্যাদুর্গত এলাকায় সরকারি-বেসরকারি কোনো ত্রাণ তৎপরতার খবর পাওয়া যায়নি।ইসলামপুরের উলিয়া গ্রামের কৃষক হাবিবুর রহমান প্রথম আলোকে জানান, প্রবল বেগে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানির তোড়ে গতকাল ভোরে তাঁদের গ্রামের অর্ধশতাধিক পরিবারের ঘরবাড়ি ও বসতভিটা যমুনাগর্ভে তলিয়ে গেছে। যমুনার প্রবল স্রোতে গত রোববার রাতে ইসলামপুরের উলিয়ায় হার্ড পয়েন্ট বাঁধ সম্পূর্ণ ধসে গেছে। এতে উলিয়াসহ পাশের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বিস্তীর্ণ নিচু এলাকা প্লাবিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জামালপুরের উপপরিচালক মো. সিরাজুল ইসলাম জানান, গত দুই দিনের বন্যায় জেলায় ১৬ হাজার ৯৭০ হেক্টর জমির রোপা আমন ধান, ১৪৫ হেক্টর রোপা আমনের বীজতলা, ৩৫০ হেক্টর আখ পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসক সিরাজ উদ্দিন আহমেদ জানান, বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে তাঁর কার্যালয়ে নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। শেরপুর: কয়েক দিনের ভারী বর্ষণ ও ব্রহ্মপুত্র নদে পানি বাড়ায় শেরপুরের সদর উপজেলার কামারেরচর, চরপক্ষীমারী ও চরমুচারিয়া এবং শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ২০টি গ্রাম বন্যাকবলিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে চার হাজার মানুষ।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের শস্য উৎপাদন বিশেষজ্ঞ মো. আমিনুল ইসলাম জানান, বন্যায় ৭৫০ হেক্টর জমির রোপা আমন ফসল ও ২৫০ হেক্টর জমির সবজিখেত বন্যার পানিতে তলিয়ে গেছে। নবাবগঞ্জ (ঢাকা): বন্যায় ঢাকার দোহার উপজেলার চারটি ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এর মধ্যে বিলাসপুর ইউনিয়নের চারটি গ্রামের প্রায় দুই হাজার পরিবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে প্রায় ১০ হাজার বিঘা ফসলি জমি। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্রনাথ দত্ত বলেন, বন্যা-পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। সাহায্য আসামাত্র ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হবে।