পানি-বিদ্যুৎ বিতরণে চলছে বৈষম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব এলাকায় সমান নয় লোডশেডিং
শনির আখড়ায় দিনে লোডশেডিং হয় কয় ঘণ্টা? এই প্রশ্নের জবাবে স্থানীয় বাসিন্দা আবুল খায়ের বললেন, কমপক্ষে ১২-১৩ ঘণ্টা। একই প্রশ্নে ধানমন্ডির বাসিন্দা সেফাউল হোসেন জানান, তাঁদের এখানে পাঁচ-ছয় ঘন্টা লোডশেডিং হয়।ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ধানমন্ডির নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, ধানমন্ডিতে কেন্দ্রীয় জোনে ১৯ এপ্রিল সন্ধ্যা ছয়টার পর বিদ্যুতের চাহিদা ছিল ৪০ মেগাওয়াট। তখন বরাদ্দ ছিল ২৮ মেগাওয়াট। একই সময়ে শ্যামপুর জোনে বিদ্যুতের চাহিদা ছিল ৬০ মেগাওয়াট। ডিপিডিসি তাদের দিয়েছে ১৫ মেগাওয়াট। এ ক্ষেত্রে ধানমন্ডি পেয়েছে চাহিদার প্রায় তিন-চতুর্থাংশ বিদ্যুৎ আর শ্যামপুর পেয়েছে চাহিদার এক-চতুর্থাংশ। লোডশেডিং স্বভাবতই বেশি ছিল শ্যামপুরে।শ্যামপুরের মতোই বিদ্যুৎ পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে ডেমরা, জুরাইন, পোস্তগোলা, শনির আখড়া, দনিয়া ও পুরান ঢাকার বেশির ভাগ এলাকা। এদিকে ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি লিমিটেডের (ডেসকো) কাছ থেকে বৈষম্যের শিকার হচ্ছে বৃহত্তর মিরপুরের সেনপাড়া, কাজীপাড়া, শেওড়াপাড়া, লালকুঠি ও পাইকপাড়া। এসব এলাকায় ডেসকোর অন্যান্য এলাকার তুলনায় লোডশেডিং বেশি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।গুলশান-১ ও গুলশান-২ এলাকায় ১৯ এপ্রিল বিদ্যুতের চাহিদা ছিল ১১৫ মেগাওয়াট। ডেসকো তাদের দিয়েছে ৬৭ মেগাওয়াট। একই সময়ে বৃহত্তর মিরপুরের পল্লবী, কাফরুল ও মিরপুর থানায় বিদ্যুতের চাহিদা ছিল ২১২ মেগাওয়াট। ডেসকো এ এলাকায় ১২১ মেগাওয়াট বিদ্যুৎ দিতে পেরেছে। এ জন্য গুলশানের চেয়ে বৃহত্তর মিরপুরের বাসিন্দাদের লোডশেডিংয়ের যন্ত্রণায় বেশি থাকতে হয়েছে। আবার মিরপুরের মধ্যে পল্লবী ও এর আশপাশের এলাকার তুলনায় সেনপাড়া, কাজীপাড়া, শেওড়াপাড়া, পাইকপাড়া এলাকায় বেশি লোডশেডিং হয় বলে জানান বৃহত্তর মিরপুর পানি-বিদ্যুৎ সংগ্রাম পরিষদের আহ্বায়ক খান আসাদুজ্জামান মাসুম।ডিপিডিসি সূত্রে জানা যায়, ২০ এপ্রিল সন্ধ্যা সাতটায় তাদের চাহিদা ছিল এক হাজার ৯৬ মেগাওয়াট, আর পাওয়া গেছে ৬৬২ মেগাওয়াট। একই সময় ডেসকোর বিদ্যুতের চাহিদা ছিল ৫৭৫ মেগাওয়াট, তারা পেয়েছে ৩৪১ মেগাওয়াট। ডেসকোর তুলনায় ডিপিডিসির এলাকায় বিদ্যুতের ঘাটতি এক শতাংশ বেশি। কাগজে-কলমে দুটি প্রতিষ্ঠানের বিদ্যুতের ঘাটতির পার্থক্য খুব বেশি ছিল না। তবে ডিপিডিসির এলাকাগুলোয় ‘লোডশেডিং-মুক্ত এলাকা’ ও ‘সিস্টেম লস’ ডেসকোর চেয়ে বেশি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়। আবার ধানমন্ডি, সেগুনবাগিচা, শেরেবাংলা নগর, কাকরাইল, ইস্কাটন এলাকায় অপেক্ষাকৃত বেশি সময় বিদ্যুৎ দিতে হচ্ছে। ফলে ডিপিডিসির শনির আখড়া, সায়েদাবাদ, ডেমরা ও পুরান ঢাকার বিভিন্ন এলাকায় লোডশেডিং বেশি হচ্ছে।কাজী আলাউদ্দীন রোডের ব্যবসায়ী আয়ুব আলী বলেন, ‘পুরান ঢাকায় থাকা কি অপরাধ? ঢাকার অন্যান্য এলাকায় লোডশেডিংয়ের একটা সীমা থাকে। আর আমাদের এখানে লোডশেডিংয়ের কোনো সীমা-পরিসীমা নেই। আমাদের প্রতি এত অবহেলা কেন? আমরা তো বিল কম দিই না।’এদিকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় লোডশেডিং-মুক্ত হলেও মিটফোর্ড হাসপাতালে লোডশেডিং করা হয়। আবার মহাখালী এলাকার আইসিডিডিআরবি, বক্ষব্যাধি হাসপাতালসহ অন্য হাসপাতালগুলোতেও লোডশেডিং হয়। এ প্রসঙ্গে ডেসকোর উপমহাব্যবস্থাপক (গুলশান এলাকা) মাইন উদ্দিন জানান, মহাখালী এলাকার হাসপাতালগুলো সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত লোডশেডিং-মুক্ত রাখা হয়। কারণ তখন অনেক রোগীর শল্যচিকিৎসার কাজ সম্পন্ন করা হয়।মহাখালীর সরকারি হাসপাতালগুলো লোডশেডিংমুক্ত করা হচ্ছে না কেন— এমন প্রশ্নে ডেসকোর উপমহাব্যবস্থাপক (সিস্টেম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিজাইন) শাহ আলম বলেন, হাসপাতালগুলোর এলাকায় একটি উপকেন্দ্র করতে পারলে এগুলো লোডশেডিংমুক্ত রাখা যাবে। এলাকাটিতে খালি জায়গাও আছে। এ জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জায়গা চাওয়া হয়েছে। তারা জায়গা দিলেই উপকেন্দ্র করা হবে।এলাকাভেদে লোডশেডিং কমবেশি করা হয় কেন, জানতে চাইলে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউল মাসুদ বলেন, ‘আমরা সবাইকে সমান চোখে দেখি। তবে কিছু গুরুত্বপূর্ণ এলাকায় লোডশেডিং করা সম্ভব হয় না। আবার শ্যামপুর, লালবাগের মতো অনেক এলাকা আবাসিক ও বাণিজ্যিক মিশ্র এলাকায় পরিণত হয়েছে। আবাসিক-বাণিজ্যিক মিশ্র এলাকা হওয়ায় পুরান ঢাকায় লোডশেডিং কিছুটা বেশি হচ্ছে।’একই বিষয়ে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক সালেহ আহমেদ জানান, সব এলাকার গ্রাহকেরা তাঁদের কাছে অভিযোগ করেন যে তাঁদের এলাকায় লোডশেডিং বেশি হয়। কিন্তু ডেসকো এমনভাবে লোডশেডিং সূচি তৈরি করেছে, যার মাধ্যমে সব এলাকায় পর্যায়ক্রমে লোডশেডিং বাড়ানো বা কমানো হয়। এভাবে বিদ্যুৎ সরবরাহে একটা সমতা রক্ষা করা হয়। তার পরও কোনো এলাকা যদি বিদ্যুৎ সরবরাহের দিক থেকে অবহেলিত থাকে, তবে বিষয়টি তিনি দেখবেন।
বিদ্যুৎ থাকে দিবানিশি
বিদ্যুতের চাহিদা ও সরবরাহের ঘাটতি সামাল দেওয়ার মোক্ষম অস্ত্র হচ্ছে ‘লোডশেডিং’। নগরে বিদ্যুতের লোডশেডিং এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। অনেক এলাকায় লোডশেডিং এমন অবস্থায় পৌঁছেছে যে দিনের বেশির ভাগ সময়ই থাকছে না বিদ্যুৎ। বিদ্যুতের লুকোচুরি খেলাটি তাদের কাছে ‘বিদ্যুৎ এখন যায় না, মাঝে মধ্যে আসে’ অবস্থায় পরিণত হয়েছে। কিন্তু নগরে এমন কিছু এলাকাও আছে, যেখানে একটা সেকেন্ডের জন্যও বিদ্যুৎ যায় না।রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দপ্তর ও ব্যক্তি বিবেচনায় বেশ কিছু স্থানে লোডশেডিং দেয় না ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ (ডিপিডিসি)। এর মধ্যে আছে বঙ্গভবন, প্রধানমন্ত্রীর ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, হাইকোর্ট ভবন, মন্ত্রী পাড়া, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা-মেঘনা, সংসদ ভবন, সচিবালয়, বিদ্যুৎ ভবন ও বাংলাদেশ টেলিভিশন ভবন। সংসদ ভবন ও বিটিভি ভবনে একাধিক ফিডার থেকে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রয়েছে, যাতে কোনো কারণে এক ফিডার অচল হয়ে গেলেও আরেক ফিডার দিয়ে বিদ্যুৎ সরবরাহ সচল রাখা যায়। এদিকে ঢাকা বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ (ডেসকো) শুধু শাহজালাল (রহ.) বিমানবন্দরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিচ্ছে।মানবিক দিক বিবেচনায় নগরের সরকারি হাসপাতালগুলোয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও সোহরাওয়ার্দী হাসপাতাল। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নামমাত্র লোডশেডিং দেওয়া হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ডিপিডিসি রাত ১২টা থেকে সকাল সাতটা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দেয়। দিনের বেলা অবশ্য তাদের কোনো বিদ্যুৎ দিতে হয় না ডিপিডিসিকে। তখন বুয়েট উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হয় এর ক্যাম্পাস ও হলগুলোয়। তাই লোডশেডিংয়ের দেখা পাচ্ছেন না বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা।এদিকে বিদ্যুৎ বাঁচাতে সরকারি সিদ্ধান্তে রাত আটটা বাজতেই নগরের বিপণিবিতানগুলো বন্ধ হয়ে যাওয়ার কথা। এ জন্য বিপণিবিতান অধ্যুষিত অনেক এলাকায় রাত আটটায় লোডশেডিং দেয় কর্তৃপক্ষ। তবে ধানমন্ডির রাইফেলস স্কয়ারে এর কোনো বালাই নেই। কেননা জাতীয় নিরাপত্তার খাতিরে এই বিপণিবিতান ও পিলখানায় কোনো লোডশেডিং করছে না ডিপিডিসি!