বেআইনি ব্যবহার হলে পাঁচ বছর কারাদণ্ড শাস্তির বিরুদ্ধে আপিলের সুযোগ থাকছে
পানি ব্যবহারের জন্য লাইসেন্স নিতে হবে
ভূ-গর্ভস্থ ও ভূ-উপরিস্থ পানি ব্যবহারের জন্য সরকারের কাছ থেকে লাইসেন্স নেওয়ার বিধান রেখে জাতীয় পানি আইনের খসড়া চূড়ান্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই আইনের কিছু সংশোধনী পরিমার্জনের জন্য পানিসম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) মহাপরিচালককে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আগামী দু-এক দিনের মধ্যে পরিমার্জিত খসড়া পানিসম্পদ মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা। এর পরই খসড়াটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।খসড়ায় বলা হয়েছে, নতুন এ আইনে বেআইনিভাবে পানি ব্যবহারের জন্য পাঁচ বছর কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হচ্ছে। এ ছাড়া অনুমোদনবিহীন পানির ব্যবহার, ভুল তথ্য দেওয়া ও সরকারি জলাধারগুলোতে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারিরও বিধান রাখা হচ্ছে। তবে পার্বত্য চট্টগ্রাম এলাকা নতুন এই পানি আইনের আওতাভুক্ত হবে না।জানতে চাইলে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন প্রথম আলোকে বলেন, পানিসম্পদের অপচয় রোধ এবং অবাধে পানি দূষণ বন্ধে ১৩টি মন্ত্রণালয় ও ৩৫টি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে আইনের খসড়াটি তৈরি করা হয়েছে।খসড়ায় বলা হয়, সাধারণ নিয়মের বাইরে ভূ-গর্ভস্থ ও ভূ-উপরিস্থ পানি ব্যবহারের জন্য সরকার-নির্ধারিত প্রতিষ্ঠানের কাছ থেকে লাইসেন্স নিয়ে নির্ধারিত পরিমাণের পানি ব্যবহার করা যাবে। এর ব্যতিক্রম হলে লাইসেন্স বাতিল করা হবে। প্রয়োজনের বেশি পানি কেউ ব্যবহার করতে পারবে না।আইনে বলা হয়, দেশের ভেতরে সব নদী, খাল, বিল, হাওর, বাঁওড়, জলাধার, অবিরাম জলধারা, ভূ-গর্ভস্থ পানি এবং সমুদ্রের পানির মালিক সরকার। সাধারণ কাজের বাইরে এসব পানি ব্যবহার করতে সরকারের অনুমতি নিতে হবে। এসবের মূল দায়িত্ব থাকবে পানিসম্পদ মন্ত্রণালয়ের হাতে। তবে দেশের সামষ্টিক পানিসম্পদ পরিকল্পনা প্রণয়নের কাজ করবে ওয়ারপো।খসড়ায় বলা হয়, মাটির ওপর ও নিচ উভয় স্তরের পানির চাহিদা ও অগ্রাধিকারভিত্তিতে বণ্টন করবে সরকার। আইন অনুযায়ী ব্যক্তিমালিকানাধীন জমির পানি সাধারণ কাজে ব্যবহার করা যাবে। কিন্তু বেআইনিভাবে ব্যবহার করা যাবে না। লাইসেন্সের মাধ্যমে উভয় স্তরের পানি নির্দিষ্ট কাজে ব্যবহার করা যাবে, তবে সরকার এর পরিমাণ ঠিক করে দেবে। কোনো জমির মালিক নদীর পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করতে পারবে না। এ ছাড়া সরকার বিজ্ঞপ্তির মাধ্যমে পানির যেকোনো ব্যবহারের ওপর নতুন করে মূল্য ধার্য করতে পারবে।খসড়ায় বলা হয়, পানি আইনের উদ্দেশ্য হলো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জনগণের জীবনমানের উন্নয়ন করা। এ ছাড়া পানির মালিকানা, বণ্টন, ব্যবহার, নিয়ন্ত্রণ, সংরক্ষণ, জলাভূমি সংরক্ষণ, নদী ও জলাভূমির অবৈধ দখল ও ভরাট এবং এ সংক্রান্ত সব কার্যক্রম পানি খাতে সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রণয়ন করা হচ্ছে।এ আইনের সঙ্গে দেশের প্রচলিত আইনের অসংগতি দেখা দিলে প্রচলিত আইন অগ্রাধিকার পাবে। পানির স্বাভাবিক প্রবাহে বিঘ্ন সৃষ্টিসহ আরও কিছু বিষয়ে অনিয়ম বা আইনবহির্ভূত কর্মকাণ্ড করা হলে তা পানি আইনে দণ্ডযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। জনগণের সুবিধার জন্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে পানি ব্যবহার করলে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নলকূপ ব্যবহার করে ভূ-গর্ভস্থ পানি সরবরাহ করলে, কোনো উন্মুক্ত খাল, নালা বা আধারে অবৈধভাবে পানি গ্রহণ বা ভিন্ন খাতে প্রবাহিত করলে, পানি ব্যবহার আইন মানতে ব্যর্থ হলে, আইনের কোনো শর্ত মানতে ব্যর্থ হলে, কারও কোনো কর্মকাণ্ডের জন্য পানিসম্পদ ক্ষতিগ্রস্ত হলে, সরকারের অনুমোদন ছাড়া পানি বিক্রি, ইজারা বা হস্তান্তর করলে এবং প্রাকৃতিক জলাধারে কৃত্রিম প্রতিবন্ধকতা সৃষ্টি করে মৎস্য, জলজ প্রাণী অথবা নৌ-চলাচলে বাধা দিলে তা শাস্তিযোগ্য অপরাধ হবে।এ ছাড়া কোনো প্রতিষ্ঠান পানি আইনে শাস্তির বিধানের বিরুদ্ধে আপিল করতে চাইলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নির্দিষ্ট অঙ্কের ফি দিয়ে পানিসম্পদ কাউন্সিলের নির্বাহী কমিটিতে আপিল করতে পারবে।