পানি-সমস্যার সুরাহা না হলে মানুষ বিক্ষুব্ধ হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিসমস্যার সমাধান না হলে রাজধানী ও আশপাশের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে—এমন আশঙ্কা সরকারদলীয় সাংসদদের। তাঁরা বলেন, পানির সমস্যা এতই প্রকট যে জনমনে এ নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। দ্রুত পানির পাম্প বসাতে সরকারি জমি সংগ্রহ ও জেনারেটর কেনার পরামর্শ দিয়েছেন সাংসদেরা।গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে স্থানীয় সরকারমন্ত্রী এবং ওয়াসার কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ ও পর্যালোচনা সভায় ঢাকা-নারায়ণগঞ্জের সাংসদেরা এসব কথা বলেন।স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে এ সভায় সাংসদেরা পানির সমস্যা তুলে ধরে স্বল্প ও দীর্ঘমেয়াদি সমাধানে ঢাকা ওয়াসার পুরোনো পানির পাইপলাইন পরিবর্তন, ভূগর্ভস্থ উৎস থেকে নির্ভরতা কমিয়ে ভূপৃষ্ঠস্থ উেসর ওপর নির্ভরতা বাড়ানো এবং পানির পাম্পের সংখ্যা বাড়ানোর কথা বলেন।স্থানীয় সরকারমন্ত্রী সভায় জানান, পানির সুষ্ঠু ও নিরাপদ ব্যবস্থাপনার স্বার্থে আজ বৃহস্পতিবার থেকে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হবে। পানির সংকট দূর করতে গত এক বছরে ৫০টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। ফলে এ বছর প্রায় ১৪ কোটি লিটার পানির উৎপাদন বেড়েছে। বর্তমানে ২২টি নলকূপ স্থাপনের কাজ এগিয়ে চলছে, যা সম্পন্ন হলে দৈনিক প্রায় সাড়ে ছয় কোটি লিটার পানির উৎপাদন বাড়বে। বলা হয়, জরুরি অবস্থা মোকাবিলায় ৩১টি পানির গাড়ি, ১১টি ট্রাক্টর ও ৩০টি ট্রলি প্রস্তুত রাখা হয়েছে।সভায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকার সাংসদ সাহারা খাতুন বলেন, পানি-সংকট দূর করতে না পারলে কোনো উন্নয়নই সম্ভব নয়। তিনি বলেন, কেউ পানির পাম্প বসাতে ব্যক্তিগত জায়গা দিতে চায় না, তাঁর নিজেরও কোনো জায়গা নেই। তাই রেলওয়ের অব্যবহূত জায়গা পাওয়ার ব্যাপারে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ ছাড়া পুরোনোর বদলে নতুন পানির পাইপ বসানোর পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।সভায় সাংসদদের মধ্যে আসলামুল হক পাম্প বসানোর জায়গা নিয়ে জটিলতার কথা তুলে ধরে দ্রুত এ সমস্যা সমাধানের কথা বলেন।মোস্তফা জালাল মহিউদ্দিন বুড়িগঙ্গার পানি থেকে পলিথিন সরানোর কথা বলেন। ওয়াসার পানিতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার কথাও তোলেন তিনি।সানজিদা খানম বলেন, তাঁর নির্বাচনী এলাকায় কোনো পাম্প নেই। তিনি তাঁর পাঁচটি ওয়ার্ডের জন্য পাঁচটি জেনারেটর চান। হাবিবুর রহমান মোল্লা বলেন, তাঁর এলাকায় ৮০ শতাংশ লোক ঠিকভাবে পানি পাচ্ছে, বাকিরা পাচ্ছে না। কামাল আহমেদ মজুমদার বলেন, পূর্ব মনিপুর এলাকায় পানির পাম্প বসাতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হলেও তা করা হয়নি।এ ছাড়া আসাদুজ্জামান খান, ইলিয়াস মোল্লা ও নারায়ণগঞ্জের সাংসদ নাসিম ওসমানও তাঁদের এলাকার সমস্যার কথা তুলে ধরেন।সভা শেষে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, পানির লাইন পরিবর্তনে এডিবির অর্থায়নে একটি প্রকল্প ইতিমধ্যেই হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া ভূগর্ভস্থ উৎস থেকে নির্ভরতা কমিয়ে ভূ-পৃষ্ঠ উেসর ওপর নির্ভরতা বাড়াতে সায়েদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া পাগলা ওয়াটার টিট্রমেন্ট প্লান্ট প্রকল্প বাস্তবায়নে অর্থ সহায়তা পেতে চীনের সাথে যোগাযোগ করা হচ্ছে।সভার শুরুতে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান তাঁর সংস্থার এক বছরের কার্যক্রম তুলে ধরে বলেন, ঢাকা ওয়াসা ৫৪৬টি গভীর নলকূপ ও চারটি পানি শোধনাগারের মাধ্যমে ২১০ থেকে ২৩০ কোটি লিটার চাহিদার বিপরীতে দৈনিক গড়ে ১৯৪ কোটি লিটার পানি উৎপাদন করে থাকে। বিদ্যুৎ বিভ্রাটের সময় পানি উৎপাদন অব্যাহত রাখতে ৫৪৬টি পাম্প স্টেশনের মধ্যে ২৩৪টি স্টেশনে জেনারেটর স্থাপন করা হয়েছে।সভায় শেখ ফজলে নূর তাপস, সারাহ বেগম কবরী, ওয়াসার বোর্ড চেয়ারম্যান গোলাম মোস্তফা, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মনজুর হোসেনসহ মন্ত্রণালয় ও ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।