পানিতে চুবিয়ে মেয়েদের হত্যা করলেন বাবা
বাগেরহাটের চিতলমারী উপজেলায় নিশা (৭) ও তিশা (৪) নামের দুই শিশুকন্যাকে পানিতে চুবিয়ে হত্যা করেছেন বাবা। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার হিজলা ইউনিয়নের মাঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসীর সহায়তায় বাবা শাহ আলমকে (৩৫) কলাতলা ইউনিয়নের কলাতলা উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, শাহ আলমের বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামে। শাহ আলমের স্ত্রী জেরিনা আক্তার লুফা (২২) চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের মাঠপাড়া গ্রামে বাবার বাড়িতে ছিলেন। আজ সকালে শাহ আলম তাঁর শ্বশুরবাড়িতে এসে মেয়েদের গোসল করানোর কথা বলে পাশের পুকুরে নিয়ে যান। সেখানে তিনি তাঁর দুই মেয়েকে গোসল করানোর সময় পানিতে চুবিয়ে হত্যা করেন। এরপর শাহ আলম দুই মেয়েকে হত্যার কথা মুঠোফোনে তাঁর স্ত্রীকে জানিয়ে পালানোর চেষ্টা করেন। পরে কলাতলা স্কুলের মাঠ থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ তাঁকে আটক করে।চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ আলম হত্যার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে শাহ আলম জানান, বছর তিনেক আগে তিনি তাঁর শ্বশুরের কাছে বেশ কিছু টাকা চান। টাকা দিতে তাঁর শ্বশুর গড়িমসি করায় তিনি ক্ষিপ্ত হয়ে নিজের দুই মেয়েকে হত্যা করেন।ওসি জানান, এ বিষয়ে এখনো মামলা হয়নি। কাল মঙ্গলবার লাশের ময়নাতদন্ত করা হবে।