পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মাছিমপুর গ্রামে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে বিলের পানিতে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশুরা হলো: স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী আরিফা বেগম (৯), দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সুহেফা বেগম (৮) ও প্রথম শ্রেণীর ছাত্রী মারুফা বেগম (৬)। সুহেফা ও মারুফার বাবার নাম আলী আশরাফ এবং আরিফার বাবার নাম আলী হোসাইন।ওই শিশুদের পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কয়েকজন শিশু মিলে বাড়ির পাশের বিলে আজ গোসল করতে যায়। আরিফা, সুহেফা ও মারুফা ভালো করে সাঁতার জানত না। বেলা একটার দিকে পানিতে নামার কিছুক্ষণ পরই একে একে তিনজন ডুবে যায়। সঙ্গে থাকা বাকি শিশুরা বিষয়টি বুঝতে পেরে তাদের বাড়ি গিয়ে জানায়। খবর পেয়ে স্থানীয় ব্যক্তিরা তিন শিশুকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সকেরা তাদের মৃত ঘোষণা করেন।জরুরি বিভাগের চিকিত্সক সেলিম সাংবাদিকদের বলেন, তিন শিশুকে যখন হাসপাতালে আনা হয়, তখন তারা কেউই জীবিত ছিল না। অনেক আগেই তাদের মৃত্যু হয়েছে।