পানিতে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় গতকাল সোমবার রাতে পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো উপজেলার ছোটদাপ গ্রামের মো. মামুনুর রহমানের দুই মেয়ে মৌরি আক্তার (৯) ও মাহিদা আক্তার (৬) ও ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়া এলাকার আবু সাঈদের ছেলে স্নিগ্ধ (৩)।পঞ্চগড়ের পুলিশ সুপার শাহারিয়ার রহমান প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল দুপুরে স্নিগ্ধকে নিয়ে বাড়ির পেছনে খেলতে যায় তার দুই মামাতো বোন মৌরি ও মাহিদা। বিকেলের পর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাদের খুঁজতে থানায় খবর দেয় পরিবারের লোকজন। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে মাহিদার মরদেহ ভাসতে দেখেন তাঁরা। কিছুক্ষণ পর বাকি দুই শিশুর লাশও ভেসে ওঠে। এলাকাবাসীর সহযোগিতায় তিন শিশুর লাশ উদ্ধার করা হয়।পরিবারের সদস্যদের ধারণা, পার্শ্ববর্তী কালিকাপুরে ফুফুর বাড়িতে খেলতে যাচ্ছিল মৌরি, মাহিদা ও স্নিগ্ধ। পুকুরপাড়ের সরু আলপথ ধরে যাওয়ার সময় তারা পা পিছলে পুকুরে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।