পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
মৌলভীবাজারের শ্রীমঙ্গল, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও জামালপুরের ইসলামপুরে গতকাল বুধবার পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শ্রীমঙ্গল: এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল সন্ধ্যায় পৌর এলাকার বঙ্গবীর সড়ক এলাকার একটি পুকুরে পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো ওই এলাকার ধলাই মিয়ার মেয়ে সীমা বেগম (৬) ও আব্দুর রাজ্জাকের মেয়ে শামসুনি বেগম (৬)। এরা দুজন বান্ধবী ছিল। সরাইল: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার উচালিয়াপাড়া গ্রামে গতকাল রাত আটটার দিকে দুই কন্যাশিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এরা হলো মধ্যপ্রাচ্য প্রবাসী মোরশেদ কামালের একমাত্র সন্তান ঐশি আক্তার (০৬) এবং হাফেজ মাওলানা আব্দুর রাশেদের কন্যা নুসাইবা নাবিলা (৭)। দুজনই নানা বাড়িতে ঈদ করতে এসেছিল।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলার চর মুন্নিয়া পূর্বপাড়ায় গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পানিতে ডুবে রিক্তা আক্তার নামের চার বছরের এক শিশু মারা গেছে। রিক্তার বাবা ছায়েদ আলী প্রথম আলোকে বলেন, রিক্তাকে অনেকক্ষণ ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে শাখা যমুনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।