পানিতে নামতেই হলো সজল-অপর্ণাকে
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কী হাড়কাঁপানো শীতটাই না পড়েছিল! ঠিক এ সময়েই সজল ও অপর্ণাকে শুটিং করতে হয় পুবাইলের হাসনাহেনা শুটিং স্পটে। রীতিমতো রুমে হিটার জ্বালিয়ে শুটিং করলেন তাঁরা। সঙ্গে আছেন বিদ্যা সিনহা মীম।শুটিং করতে গিয়ে বিপত্তি। নাটকের দৃশ্যে আনিসুল হক লিখেছেন সজল ও অপর্ণাকে পুকুরে নামতে হবে। সজল দেখবেন কে তাঁকে বেশি ভালোবাসেন—মীম, না অপর্ণা। কিন্ত এই শীতে পানিতে নামলে নির্ঘাত অসুস্থ হয়ে পড়তে হবে। তাই সজল নাট্যকারকে ফোনে অনুরোধ করলেন, অন্য কোনোভাবে এই ভালোবাসার পরীক্ষা নেওয়া যায় কি না। আনিসুল হক সায় দিলেন না তাতে। নিরুপায় হয়ে সজল পরিচালক মাইনুল হাসান খোকনকে বললেন, ‘ভাই, দুই মিনিটের বেশি পানিতে রাখবেন না।’ অপর্ণাও একই অনুরোধ জানালেন। পরিচালক কথা রাখলেন। পুকুরের দৃশ্য শেষ করেই দুজন হিটার দিয়ে গরম করা ঘরে ঢুকে গেলেন। নাটকের নাম হূদয়পুর। জানা গেছে, ২০ জানুয়ারি চ্যানেল আইতে প্রচার করা হবে নাটকটি।