পানিবন্দী জাহাবক্স লেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঘরের থোন বাইর হইলেও পানি। ঘরের ভিতরেও পানি। বাথরুম দিয়া পানি ওঠে। ময়লা পানির গন্ধে গা গুলায়। এইর মইধ্যে কি মানুষ থাকতে পারে?’ পানিবন্দী জীবনের দুর্দশার কথা বলছিলেন আম্বিয়া খাতুন। ৬৭৭/২ জাহাবক্স লেনের বাসিন্দা তিনি। পয়োনিষ্কাশন নালার নোংরা পানি ঢেউ খেলছে তাঁর বাড়ির আঙিনাজুড়ে। বাড়ির ভাড়াটেরা চলে গেছে। ছেলে, ছেলের বউ আর দুই নাতি-নাতনিকে নিয়ে দুর্বিষহ দিন কাটাচ্ছেন আম্বিয়া খাতুন। মলমূত্র ভরা পানি বাঁচিয়ে বালুর উঁচু বস্তায় পা টিপে টিপে পৌঁছানো গেল আম্বিয়া খাতুনের কাছে।মাস দুয়েক ধরে মগবাজারের জাহাবক্স লেনের বাসিন্দারা নোংরা পানিতে বসবাস করছে। হাতিরঝিল প্রকল্পের কাছের এই এলাকার রেড ক্রিসেন্ট সোসাইটির একটি ঝিল সম্প্রতি ভরাট করা হয়েছে। ফলে ঝিলের পাশের শতাধিক পরিবারকে এই শুকনো মৌসুমেও জলাবদ্ধ জীবন কাটাতে হচ্ছে।মগবাজার মোড় পেরিয়ে হাতের বাঁ দিকের গলিতেই গাবতলা এলাকা। সেখান থেকে জাহাবক্স লেনের দিকে পা বাড়ালেই বাতাসে ভেসে আসে নোংরা পানির দুর্গন্ধ। গলিতে ঢুকে কিছুটা সামনে এগিয়ে হাতের বাঁ দিকের গলিতে পা বাড়ালেই দুর্গন্ধের উৎসের দেখা মিলছে। এখানে জমে থাকা কালো পানিতে ভবনের ছায়া ভেসে উঠছে। আর সেই সঙ্গে আবর্জনা ভরা পানিতেই বালুর বস্তার স্তূপ ফেলে করা হয়েছে পায়ে চলার পথ। সাবধানী পা ফেলে নিত্যদিন চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে। চলার পথে বিঘ্ন ঘটানোর অভিযোগের তীর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দিকে। আবদুর রহমান নামের স্থানীয় এক বাসিন্দা বলছিলেন, ‘হাতিরঝিল প্রকল্পের কাজ চলছে। আর এই সুযোগে রাতের আঁধারে রেড ক্রিসেন্ট সোসাইটি ঝিলটিকে ভরাট করে নিল। হেরা না মাইনষের উপকার করে, এহন যে আমরা পানিতে ডুবতাছি, তারা ত্রাণ দিতে আসবে না?’শুধু রেড ক্রিসেন্ট নয়, হাতিরঝিল প্রকল্পের কাজ নিয়েও বিতর্কের কথা তুললেন টিপু বিশ্বাস নামের জাহাবক্স লেনের আরেক বাসিন্দা। তাঁর মতে, ‘এত বড় প্রকল্পের পরিকল্পনা যাঁরা করেছেন, তাঁরা কি এটা মাথায় রাখবেন না যে তাঁদের অপরিকল্পনার কারণে আজ মানুষকে দুর্দশা পোহাতে হচ্ছে। আমাদের উপকার করার দরকার নেই। কিন্তু আমাদের ক্ষতি করার অধিকার তাদের কে দিয়েছে?’তাঁরা জানালেন, দুই মাস ধরে পয়োনিষ্কাশন নালার এক প্রান্ত ছিল ঝিলে। সেই ঝিলে এলাকার সব নোংরা পানি নিষ্কাশিত হতো। লাইনের ঝিলের প্রান্ত বন্ধ হওয়ায় এখন তরল বর্জ্য জমছে জাহাবক্স লেনের বাড়ির আঙিনায় ও ভবনগুলোর নিচতলায়।তাই প্রায় সব বাড়ির নিচতলার বাসিন্দারা বাসা ছেড়েছেন বহু আগেই। ওপরতলার বাসিন্দারাও কষ্ট করে জীবন কাটাচ্ছে। বাচ্চাদের স্কুলে নেওয়া, নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা করার মতো সবকিছুই থমকে আছে বলে জানালেন এক বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটে জেসমিন আক্তার।নোংরা পানির মধ্যে বসবাস করে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। এলাকাবাসীর অভিযোগ, বেশ কয়েকবার জলাবদ্ধতা নিরসনের জন্য দাবি জানালেও কর্তৃপক্ষ কোনো কিছু করছে না। এ বিষয়ে ডিসিসির ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শর্মিলা ইমাম বলেন, ‘এলাকাবাসী তো একটু অল্পতেই পাগল হয়ে যায়। আমরা তো চেষ্টার ত্রুটি করছি না।’জলাধার ভরাট করার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এস আকবর দাবি করেন, ‘ঝিলের জায়গাটি আমাদের। কিন্তু এটি আমরা ভরাট করিনি। ভরাট করেছে হাতিরঝিল প্রকল্পের লোকজন।’এ বিষয়ে বেগুনবাড়ি-হাতিরঝিল প্রকল্পের পরিচালক কর্নেল সাঈদ বলেন, ‘রেড ক্রিসেন্টের অনুমতি ছাড়া তাদের ঝিল আমাদের তো ভরাট করার কথা নয়। তবে এখন আমরা স্থানীয় সাংসদের সঙ্গে বসে একটা সমাধানে এসেছি। ভরাট করা ঝিলের এক পাশ দিয়ে ময়লা যাওয়ার জন্য নর্দমা করে দিচ্ছি। নর্দমাটা তৈরি হতে মাস খানেক লাগবে। তখন আর জলাবদ্ধতার সমস্যা থাকবে না।’