পানিবন্দী জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসার মেঝেতে হাঁটুপানি। হামাগুড়ি দিলেই ছয় মাসের শিশুটি খাট থেকে পানিতে পড়ে যেতে পারে। তাই তাকে পাহারা দিচ্ছে পাঁচ বছর বয়সী বড় বোন সাবিনা। তাদের মা তাসলিমা বেগম গেছেন রান্নাঘরে। রান্নার পাত্র চুলায় রেখেই তিনি একটু পর পর এসে দেখে যাচ্ছেন সন্তান পানিতে পড়ে গেল কি না।এই দৃশ্য দেখা গেল নগরের উত্তর গোড়ানের মাদানী ঝিলের পাশে দাদন মিয়ার বস্তিতে। এখানকার সব বস্তিতেই জমে আছে পানি। বস্তিগুলোর কোনো ঘরে হাঁটুপানি, কোথাও তারও বেশি। তাসলিমা বেগম জানালেন, মাস তিনেক ধরে তাঁদের ঘরে পানি জমে আছে। তাঁর স্বামী কিরণ মিয়া স্যানিটারি মিস্ত্রি। সারা দিন পরিশ্রম করে রাতে এসে বাসায় যে স্বস্তিতে ঘুমাবেন, তারও উপায় নেই। কখন যে সন্তান দুটি পানিতে পড়ে যায়, এই আতঙ্কে স্বামী-স্ত্রী দুজনেই প্রায় নির্ঘুম রাত কাটান। সকালে ঘুম ভাঙার পর নোংরা পানিতে পা ফেলে তাঁদের দিন শুরু হয়। পা ভিজিয়ে হাঁটতে হাঁটতে তাঁদের পায়ে চর্মরোগ দেখা দিয়েছে।কেন তাঁরা পানিবন্দী জীবন যাপন করছেন—এমন প্রশ্নে তাসলিমা বেগমের স্বামী কিরণ মিয়া জানান, এত কম ভাড়ায় এই এলাকায় আর কোথাও ঘর পাওয়া যায় না। নিরুপায় হয়ে তাঁরা এখানেই থাকছেন। তাঁদের পাশের কয়েকটি ঘর ফাঁকা পড়ে আছে। ঘরে পানি ওঠায় ওই সব ঘরের ভাড়াটিয়ারা বাসা ছেড়ে চলে গেছেন। চারপাশে এত পানি, অথচ বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। কারণ পানির কলটি এখন পানির নিচে। তাই তাদের খাওয়ার পানি সংগ্রহ করতে হয় পাশের পানির পাম্প থেকে।  আসাদুজ্জামান ও মাহমুদ উল্লাহ