পানিবন্দী পথচারী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউ ইস্কাটনের দিলু রোডে থাকেন রফিকুজ্জামান। অফিসে যাওয়ার জন্য বাড়ির পাশে রিকশার জন্য অপেক্ষা করছিলেন তিনি। আচমকা একটি গাড়ি তাঁর পাশ দিয়ে চলে যায়। সড়কে জমে থাকা কাদাপানি ছিটে এসে তাঁর শরীরে লাগে। ক্ষোভ আর বিরক্তি এক করে তিনি গাড়িচালককে উদ্দেশ করে কটুকথা বললেন। কিন্তু এর আগেই গাড়ি ও চালক চলে গেছেন দূরে। চোখেমুখে হতাশা নিয়ে রফিকুজ্জামান নোংরা পোশাক বদল করতে আবার বাসায় ঢুকলেন। দিলু রোডের বাসিন্দারা বৃষ্টির সময় এমন দৃশ্য দেখতে অভ্যস্ত। কেননা এখন সড়কটিতে জমে আছে কাদাপানি।নিউ ইস্কাটন হয়ে মগবাজারের দিকে চলে গেছে দিলু রোড। এই সড়ক ঘুরে দেখা গেছে, পুরো সড়ক ভাঙাচোরা। জায়গায় জায়গায় খানাখন্দ। দূর থেকে মনে হয়, এগুলো ছোট ছোট ডোবা। ডোবায় জমে থাকা পানিতে আকাশের সাদা মেঘের আনাগোনার দৃশ্য ফুটে উঠছে। স্থানীয় বাসিন্দারা জানান, দিলু রোডে পানি নিষ্কাশনের নালা (ড্রেন) না থাকায় একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় সম্পূর্ণ সড়ক। কোনো কোনো ভবনের নিচতলায় ঢুকে পড়ে নোংরা পানি।দিলু রোডের বাসিন্দা শহীদুল্লাহ ভুঁইয়া অভিযোগ করেন, অপরিকল্পিতভাবে এ এলাকায় গগনচুম্বী অট্টালিকা গড়ে উঠেছে। কোনো বাড়ির মালিকই ফুটপাতের জন্য জায়গা ছাড়েননি। ফলে পথচারীদের পড়তে হয় বিড়ম্বনায়। দুটি গাড়ি পাশাপাশি সড়কে ঢুকে পড়লে পথচারীদের হাঁটারও উপায় থাকে না। নিরুপায় হয়ে সড়কের এক পাশে দাঁড়িয়ে থাকতে হয়।দিলু রোডের রিপন টেলিকমের স্বত্বাধিকারী রিপন ব্যঙ্গ করে বলেন, ‘একটু অপেক্ষা করেন। আকাশে মেঘ জমেছে, একটু পরে বৃষ্টি নামবে। দেখতে দেখতে পুরো সড়ক তলিয়ে যাবে। তখন দেখবেন, লোকজন রাস্তায় নৌকা নিয়ে বের হবে।’একই সড়কের সুমা ফ্যাশন টেইলার্সের স্বত্বাধিকারী শহিদুল্লার অভিযোগ, সড়কে পানি নিষ্কাশনের জন্য নালা না থাকায় একটু বৃষ্টি হলেই খানাখন্দগুলো পানিতে পরিপূর্ণ হয়ে সড়কে পানি জমে যায়। ফলে তাঁর দোকানে কেউ আসতে পারে না। আর খানাখন্দ ভরা পানি ডিঙিয়ে দোকানে কেউ এলেও ক্রেতারা সব সময় আতঙ্কে থাকে—এই বুঝি কোনো গাড়ি যাওয়ার সময় সড়কের নোংরা পানি ছিটিয়ে দিয়ে যায়। এতে করে তাঁর বেচা-বিক্রি কমে গেছে।দিলু রোডের জলাবদ্ধতা দূর করতে উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন? এমন প্রশ্নে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শর্মিলা ইমাম আক্ষেপের সুরে বলেন, ‘তিনি বর্তমান সরকারি দলের সঙ্গে যুক্ত নন, বিরোধী দলের সমর্থক। তাই তাঁর ওয়ার্ডের উন্নয়নের জন্য বরাদ্দ পেতে বেশ বেগ পেতে হয়।’ নির্বাহী প্রকৌশলীর অফিসে বারবার গিয়েও এসব এলাকার উন্নয়নের জন্য বরাদ্দ মিলছে না। ফলে পুরো ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক ডিসিসির একজন প্রকৌশলী জানান, ঢাকা সিটির ক্ষতিগ্রস্ত রাস্তা, নর্দমা ও ফুটপাত উন্নয়ন প্রকল্প’-এর আওতায় দিলু রোডের উন্নয়নকাজ করা হবে। শিগগিরই এর দরপত্রপ্রক্রিয়া সম্পন্ন হবে। তারপর কাজ ধরা হবে। তিনি আরও বলেন, এ প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে তিন বছর হলো। এটি অনুমোদন পেতে দেরি হওয়ায় দিলু রোডের উন্নয়নকাজ ঝুলে যায়। কারণ একটি প্রকল্পের তালিকায় কোনো সড়ক থাকলে, সেটি অন্য কোনোভাবে উন্নয়ন করার সুযোগ নেই। তাই দিলু রোডের উন্নয়নে দীর্ঘদিন কোনো কাজ করা যায়নি। দিলু রোডের দুর্ভোগের বিষয়ে অভিযোগ নম্বর: ৯৫৫৮৪৫৪ (নির্বাহী প্রকৌশলী, অঞ্চল-৫, ডিসিসি)