পানিবন্দী পূর্বাঞ্চলের ইউনিয়নবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের তেজগাঁও সার্কেলের পূর্বাঞ্চলের ইউনিয়নগুলোতে প্রতিবছর বর্ষায় চার থেকে পাঁচ মাস পানিবন্দী হয়ে পড়েন এলাকাবাসী। তখন তাঁদের দুর্দশার মধ্যে থাকতে হয়। এসব পানিবন্দী মানুষ পান না সরকারি কোনো সাহায্য। মহানগরের পূর্বাঞ্চলের মাতুয়াইল, দক্ষিণগাঁও, নাসিরাবাদ, সাঁতারকুল ও বেরাইদ ইউনিয়নের বর্ষার চিত্র নিয়ে এ আয়োজন। লেখা-ছবি: আসাদুজ্জামান ও মাহমুদ উল্লাহসুপেয় পানির অভাবে ছড়াচ্ছে রোগপানিবন্দী ইউনিয়নগুলোয় বিশুদ্ধ খাওয়ার পানির তীব্র সংকট চলছে। কোথাও কোথাও টিউবওয়েল পানিতে তলিয়ে গেছে। এ-বাড়ি ও-বাড়ি থেকে নৌকায় করে কলসি ভরে পানি আনছেন কেউ কেউ। কেউ বা বন্যার পানি ফুটিয়ে পান করছেন। বন্যার পানি না ফুটিয়ে পান করে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন কেউ কেউ। ফলে পানিবন্দী এলাকায়গুলোয় ছড়িয়ে পড়ছে ডায়রিয়া, আমাশয় ও জন্ডিসের মতো পানিবাহিত রোগ।বেরাইদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডগারদিয়া গ্রামের হালিমা বেগম বলেন, ‘মোর বাড়ি কল নাই। পানি ওডোনের আগে পাশের বাড়ির তোন পানি আইন্যা খাইতাম। হেই বাড়ির কল পানিতে ডুইব্যা গ্যাছে। এহন মুই বানের পানি ফুডাই খাই।’ একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাজীপাড়ার সাদেক দাবি করেন, জরুরি ভিত্তিতে পানিবন্দীদের জন্য খাওয়ার স্যালাইন ও পানি বিশুদ্ধ করার ট্যাবলেট প্রয়োজন।মহানগরের পূর্বাঞ্চলের ইউনিয়নবাসী স্বাস্থ্যঝুঁকিতে আছে। কারণ, অনেক এলাকায় ব্যবহূত হচ্ছে খোলা শৌচাগার। সব ধরনের শৌচাগারই এখন বর্ষার পানিতে তলিয়ে গেছে। দক্ষিণগাঁও ইউনিয়নের বাইগা গ্রামের সাবের হোসেন জানান, তাঁদের বাড়িতে স্বাস্থ্যসম্মত শৌচাগার আছে। তবে তা এখন পানিতে তলিয়ে আছে। তাই এখন অস্থায়ী খোলা শৌচাগার ব্যবহার করছেন।বাসাবদলের হিড়িক‘এই বাড়িতে পানি উঠতেছে। পানির কলও তলাইয়া গ্যাছে। এহানে আর থাহনের অবস্থা নাই। ঘরের ভিতর কেইচ্যা (কেঁচো) আর ছ্যাঙ্গা কিলবিল করছে। ছেলেপুলে নিয়ে এই হানে আর থাহন যাইব না। উচার দিকে বাসা ভাড়া লইছি। এহন বাসা বদলাইয়া হেইহানে যাইতেছি।’ বলছিলেন মাতুয়াইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শুকনাডাঙ্গা এলাকার মোহাম্মদ মোফাজ্জল। নৌকায় করে বাসার মালামাল নিয়ে নতুন বাসার দিকে যাচ্ছিলেন তিনি। বর্ষায় ইউনিয়নের ভাড়াটে বাসিন্দাদের বাসা বদল করতে হয়। কারণ, বাসা ভাড়া দিয়ে ভাড়াটেরা পানিবন্দী থাকতে রাজি নন। নতুন বাসায় মালামাল পরিবহন করতে গিয়ে তাঁরা পড়ছেন বিপাকে। কারণ, এক বাসা থেকে মালামাল নিয়ে অন্য বাসায় যেতে নৌকা ছাড়া গতি নেই। আবার কর্দমাক্ত সড়ক দিয়ে রিকশাভ্যানে মালামাল পরিবহন করা আরেক ঝামেলার কাজ। এতে প্রায়ই রিকশাভ্যান কাদায় আটকে যায় কিংবা উল্টে খাদে পড়ে যায়।রান্নাঘরেও পানিসাঁতারকুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মগারদিয়া গ্রামের হালিমা বেগম সকালবেলা রান্না করবেন বলে রান্নাঘরে গেলেন। চুলায় হাঁড়ি চাপিয়ে লাকড়ি দিলেন। দেশলাই দিয়ে লাকড়িতে আগুন ধরানোর চেষ্টা করলেন। কিন্তু একাধিকবার চেষ্টা করেও কিছুতেই চুলায় আগুন ধরাতে পারলেন না। শেষে হাল ছেড়ে দিয়ে হাঁড়ি সরিয়ে চুলার ভেতর উঁকি দিয়ে দেখতে চাইলেন, কেন আগুন ধরছে না। তিনি যা দেখলেন তাতে তিনি ভীষণ অবাকই হলেন। চুলার নিচ দিয়ে পানি উঠে চুলা ভিজে আছে। এ জন্যই চুলায় তিনি আগুন ধরাতে পারছিলেন না। তিনি তখন বিকল্প চুলার খোঁজে গেলেন। বর্ষাকালে এমন দৃশ্য পূর্বাঞ্চলের ইউনিয়নগুলোর অনেক গ্রামেই দেখতে পাওয়া যায়। পানি ছুঁই-ছুঁই করছে এমন বাড়িতে অনেকে আলগা চুলা দিয়ে রান্না করছে। নাসিরাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেখের জায়গার প্রধান সড়কের চারপাশে পানি থইথই করছে। দ্বীপের মতো একটি বিচ্ছিন্ন বাড়িতে আসমা বেগমের ঘর। ঘরের নিচে হাঁটুসমান পানি জমে আছে। তিনি থাকেন মাচান ঘরে। আর তাঁর রান্নাবান্নাও চলে সেই মাচান ঘরের মেঝেতে আলগা চুলায়।ঝুঁকিতে শিশুরাসাঁতারকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেরুল গ্রামে গিয়ে দেখা গেছে, অনেক ঘরের দরজার নিচের অংশে কাঠের তক্তা লাগানো। এটি লাগানোর কারণ জানতে চাইলে সাবিনা নামের এক গৃহিণী জানান, তাঁর তিন বছরের শিশুটি যাতে ঘরের বাইরে গিয়ে পানিতে পড়ে না যায়, তাই এ ব্যবস্থা করা হয়েছে। বেরাইদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রেবেকা বেগম জানান, এই বর্ষায় তাঁরা সাঁতার না-জানা শিশুদের নিয়ে আতঙ্কে আছেন। এই বুঝি শিশুটি পানিতে পড়ে যায়। তাঁদের মতো ইউনিয়নের হাজারো মা তাঁদের শিশুদের নিয়ে শঙ্কায় আছেন।কর্তারা যা বলেনপ্লাবিত ইউনিয়ন এলাকায় গেলেই এলাকাবাসী ওরস্যালাইন ও পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট চাইছেন। তাঁরা আশা করছেন, সরকার থেকে তাঁরা এ ধরনের সহায়তায় পাবেন। এ বিষয়ে পূর্বাঞ্চলের ইউনিয়নগুলোর চেয়ারম্যানরা জানান, প্রকৃতিগত কারণে এলাকাগুলো নিচু। তাই এগুলো বর্ষায় তলিয়ে যায়। প্রতিটি এলাকার শাখা রাস্তাগুলোয় মাটি ফেলে উঁচু করা হচ্ছে। বেড়িবাঁধ না হলে ইউনিয়নবাসী বর্ষার প্লাবন থেকে মুক্তি পাবেন না। এদিকে তেজগাঁও সার্কেলের অফিসার নিরোদ চন্দ্র মণ্ডলও পানিবন্দী ইউনিয়নবাসীকে সহায়তা দেওয়ার কোনো আশ্বাস দিতে পারেননি। তিনি বলেন ‘আমাদের কাছে ত্রাণের জন্য কোনো বরাদ্দ নেই।’নৌকাই ভরসা‘রাস্তাঘাট ডুইব্বা যাওনে আমাগো বেজায় অসুবিধা হইছে। চারপাশে অহন পানি আর পানি। ঘরের তোন এক পা ফেলতেও নৌকা লাগে।’ বলছিলেন মাতুয়াইল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধার্মিকপাড়ার বাসিন্দা মাফিয়া বেগম। মাতুয়াইল ইউনিয়নে তাঁর মতো পানিবন্দীর সংখ্যা দিন দিন বাড়ছে। এ ইউনিয়নের শুকনাডাঙ্গা, শুন্যা টেংরা, ওয়াপদা রোড ও ডগাইড় ঘুরে দেখা গেছে, প্রধান সড়ক থেকে যেসব সড়ক বিভিন্ন গ্রাম ও মহল্লার দিকে গেছে, তার সবই তলিয়ে গেছে। পানিবন্দী এসব এলাকার বাসিন্দাদের প্রতিদিনের কাজে বিঘ্ন ঘটছে। স্কুল-কলেজ, অফিস-আদালত ও হাটবাজারে যেতে দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকাবাসীকে। তাঁরা দাবি করেন, প্রধান সড়ক থেকে এলাকায় ঢোকা সড়কগুলো আরও উঁচু করা হোক।একাধিক ইউনিয়ন ঘুরে দেখা গেছে, বিভিন্ন এলাকার প্রধান সড়ক থেকে বাড়িতে যেতে কেউ কেউ বাঁশের সাঁকো তৈরি করে নিয়েছেন। বেশি দূরত্বের কারণে যেখানে সাঁকো তৈরি করা সম্ভব নয়, সেখানে চলাচলে নৌকাই একমাত্র ভরসা। অনেকের আবার নৌকা কেনারও সামর্থ্য নেই। যাঁদের নৌকা নেই, তাঁরা গুদারা নৌকায় পারাপার হন। তবে গুদারা নৌকা সব সময় পাওয়াও যায় না।মাতুয়াইল ইউনিয়নের ওয়াপদা রোড থেকে বিলের মধ্যে মোল্লাবাড়িতে যাওয়ার জন্য গুদারা নৌকার অপেক্ষায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিলেন কবির মোল্লা। বাজার করতে ডেমরা গিয়েছিলেন তিনি। আসার সময় প্রতিবেশীর নৌকায় করে তাঁর ছেলে ওয়াপদা রোডে নামিয়ে দিয়ে যায়। কাছেধারে কোনো নৌকা দেখা যাচ্ছে না। কী করে এখন বাড়ি ফিরবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। নৌকা কেন কিনছেন না? এমন প্রশ্নে কবির মোল্লা বলেন, ‘খেটে খাওয়া মানুষ মুই। নৌকা কেনার টেহা মোর নাই।’