পানিবন্দী মানুষের দুর্ভোগ চরমে (ভিডিও)
আকস্মিক বন্যায় সিলেটের গোয়াইনঘাট, ফরিদপুরের আলফাডাঙ্গা এবং শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা ও নদীর ভাঙনে এসব এলাকার মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:গোয়াইনঘাট (সিলেট): গোয়াইনঘাটে বন্যার পানি কমতে শুরু করেছে। তবে বাড়ছে মানুষের দুর্ভোগ। যেসব রাস্তাঘাট ও বাড়িঘর থেকে পানি নেমেছে সেগুলো একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। গ্রামীণ রাস্তাগুলো পুরোপুরি ভেঙে গেছে। সিলেটের সঙ্গে উপজেলা সদরের সরাসরি যোগাযোগ এখনো স্থাপিত হয়নি। গোয়াইনঘাট উপজেলার কৃষি ও মত্স্য অফিস সূত্রে জানা যায়, বন্যার পানিতে উপজেলার আড়াই হেক্টর রোপা, আউশ, ১০ হেক্টর বীজতলা, ১০০ হেক্টর শাকসবজি, ৯০০ হেক্টর আমন ধান নষ্ট হয়ে গেছে। পুকুর ও মত্স্য খামার থেকে প্রায় কোটি টাকার মাছ বেরিয়ে গেছে। গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি আমরা। মানুষ চরম দুর্ভোগের মধ্যে আছে। সরকারের বিশেষ নজর প্রয়োজন।’ফরিদপুর: আলফাডাঙ্গা উপজেলায় মধুমতী নদীর ভাঙনের কবলে পড়েছে বুরাইচ ইউনিয়নের দুই কিলোমিটার অংশ। ভাঙন রোধে পদক্ষেপ নেওয়া না হলে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হবে বলে এলাকাবাসীরা জানায়। খোলাবাড়িয়া এলাকার সাখাওয়াত হোসেন বলেন, গত ১৫ দিনে ওই এলাকার অর্ধশত কৃষকের ৮০ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বুরাইচ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল ওয়াহাব প্রথম আলো ডটকমকে বলেন, ‘আগামীকাল থেকে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বালুভর্তি ব্যাগ ও বাঁশের বেড়া দিয়ে ভাঙন রোধে পদক্ষেপ নেব।’শরীয়তপুর: ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের পাঁচটি গ্রাম ও একটি বাজারে পদ্মার ভাঙন দেখা দিয়েছে। গত তিন দিনে ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান, ৫০টি বসতবাড়ির জায়গা ও ২০০ বিঘা ফসলি জমি পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই এলাকায় ভাঙন চলে। উত্তর তারাবুনিয়া ইউপির চেয়ারম্যান ইউনুস মোল্যা প্রথম আলো ডটকমকে জানান, গত বছর ভাঙন-কবলিতদের মধ্যে সামান্য কিছু চাল বিতরণ করা হয়েছে। এ বছর ক্ষতিগ্রস্তদের তালিকা এখনো প্রস্তুত করা হয়নি। পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধের জন্য এই এলাকায় বাঁধ নির্মাণ করলে তারাবুনিয়ার হাজার হাজার মানুষ এ দুর্যোগের হাত থেকে রক্ষা পাবে।