বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে ডুবে ও ঠান্ডাজনিত অসুখে ভুগে ভোলায় গত দুই দিনে শিশুসহ আরও অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ জেলায় ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেল। এর আগে শনিবার বরগুনায় চারজনের মৃত্যু হয়।ভোলা শহরের হাজারো ঘরবাড়ি পানিতে ডুবে যাওয়ায় সেসব পরিবারে রান্নাবান্না বন্ধ রয়েছে। সংকট চলছে খাবার ও বিশুদ্ধ পানির। পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়ছে বহু মানুষ।গতকাল শনিবার সকালে শহরের আবহাওয়া অফিস সড়কে সুলতানা (১২) নামের একটি মেয়ে শ্বাসকষ্টজনিত কারণে মারা যায়। মৃত্যুর পর তার মা বিলাপ করে বলছিলেন, ‘মাগো! রান্দোনের লাইগ্যা তোরে দুগা বাতও খাওয়াইতাম পাল্লাম না গো...!’ মায়ের আহাজারিতে এলাকার পানিবন্দী মানুষের চোখে পানি আসে। সুলতানার লাশের কবর দেওয়া হবে—এতটুকু শুকনো ভূমি ছিল না আশপাশে। পরে প্রায় কোয়ার্টার কিলোমিটার দূরের এক ব্যক্তির পুকুরপাড়ে সুলতানার লাশ কবর দেওয়া হয়।দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বাঁধের পাড়ের রুহুল আমিন (৬০) গত শুক্রবার দিবাগত রাতে পানিবন্দী হয়ে ঘর থেকে বের হতে গিয়ে স্রোতে ভেসে যান। পরে গতকাল তাঁর লাশ উদ্ধার করা হয়। ওই রাতেই ঘরচাপা পড়ে একই উপজেলার হাজীপুর চরের সামসুল ইসলাম মাঝিরও (৬৫) মৃত্যু হয়। তজুমদ্দিন উপজেলার চর জহিরুদ্দিন রবিপুরের তোফাজ্জল হোসেন (৫৪) গত শুক্রবার পানির স্রোতে ভেসে যেতে থাকা গরু ধরতে গিয়ে নিখোঁজ হন। গতকাল তাঁর লাশ পাওয়া যায়। সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের পানিবন্দী জাহাঙ্গীরের ছেলে শিশু তানজিল গত শুক্রবার খাট থেকে পানিতে পড়ে যায়। গতকাল শনিবার দুপুরে তার লাশ পাওয়া যায়। একই উপজেলার ধনিয়া কানাইনগর গ্রামের জসিমউদ্দিনের ছেলে আরিফুর রহমান (সাড়ে তিন বছর) গতকাল বিকেলে পানিতে পড়ে মারা যায়। এ ছাড়া কাচিয়া মাঝেরচরের আড়াই বছরের শিশু জাফর হোসেন পানিতে ডুবে মারা গেছে। নিজ নিজ উপজেলা প্রশাসন এসব মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সরেজমিন: ভোলা শহরের পানিবন্দী মানুষেরা একপ্রকার মানবেতর জীবন-যাপন করছেন। শহরের চর নোয়াবাদ চৌকিদারবাড়ির নাসিমা বেগম বলেন, ‘হারা রাইত গুমাইতাম পারি নাই। খাডের ওপর দাঁড়াই রইছি। হেনেও পানি উটছে। পরে দেহি, ঘর কাইত অই গেছে।’পাখিরপুুল এলাকায় গতকাল বেলা ১১টার দিকে গিয়ে দেখা গেছে, কোমরসমান পানি। কেউ কেউ টেবিলের ওপর গ্যাসের চুলা জ্বালিয়ে রান্না করছেন। কিন্তু শত শত পরিবারে কাঁচা চুলা পানির নিচে। শহরতলি বাপ্তা ইউনিয়নের চৌদ্দগড় স্কুল এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে কোমরসমান পানি। চৌদ্দগড় গ্রামে কোমরসমান পানি। সব গভীর নলকূপ ডুবে গেছে। শৌচাগার নেই। এলাকার শিশু, নারী ও বয়োজ্যেষ্ঠ অনেকেই পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। অনেকে স্কুলের ওপর আশ্রয় নিয়েছেন। স্কুলে আশ্রয় নেওয়া নুরনবী জানান, তাঁর শিশু মেয়ে জ্বর এবং ডায়রিয়ায় আক্রান্ত। জাকির জানান, তাঁর স্ত্রী হঠাৎ করে গত রাতে বেহুঁশ হয়ে পড়েন। তিনি জানান, গত চার দিন শুধু চিঁড়া ছাড়া স্ত্রীকে কিছু খেতে দিতে পারেননি। স্কুলে ঘরের হালিমা, কালিমুল্লাহ, বিবি আয়েশা জানান, তাঁরা গত দুই দিন জ্বরে ও গা-ব্যথায় ভুগছেন। স্কুলঘরের শিশু সুমি (৩), ফাতেমাসহ (৪) একাধিক শিশু ডায়রিয়ায় আক্রান্ত। স্কুলঘরের কাছে উঁচু একটি দোকানে চিকিৎসা দল বসেছে। তাঁদের কাছে খাওয়ার স্যালাইন আছে। কিন্তু জ্বরের বড়ি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট নেই বলে অনেকে অভিযোগ করেছেন। জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম প্রথম আলোকে বলেন, পানিবন্দীদের জন্য শুকনো খাবার ও খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। পানিবাহিত রোগীদের সেবায় বিভিন্ন এলাকায় চিকিৎসা দল বসানো হয়েছে।নিখোঁজদের সন্ধান মেলেনি: মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি জানান, মহেশখালী উপজেলার সোনাদিয়া চ্যানেলের পশ্চিম পাশে গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে চারটি মাছধরা ট্রলার ডুবে নিখোঁজ ১২ জনের সন্ধান গতকাল রাত পর্যন্ত মেলেনি। নিখোঁজ ব্যক্তিরা হলেন: এফবি আল্লাহরদান নামের মাছধরা ট্রলারের মাঝি লেয়াকত আলী, জেলে সোলতান আহমদ, বাবুল হোসেন, রবিউল আলম, মিজানুর রহমান, হাফেজ উল্লাহ, জসিম উদ্দিন, মোহাম্মদ আমীন, কবির আহমদ, রোকনউদ্দিন, মোহাম্মদ সোহেল ও জাহেদুল ইসলাম। তাঁদের বাড়ি উপজেলার কুতুবজুম ইউনিয়নে বাটতলী নয়াপাড়া গ্রামে।