পানিবিদ্যুৎ উৎপাদনের নতুন সফল পরীক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাইয়ে স্বল্প খরচে পানিবিদ্যুৎ উৎপাদনের একটি নতুন পরীক্ষা হয়েছে। পরীক্ষাটি চালিয়েছে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ)। ৫ জুলাই বিকেলে কাপ্তাইয়ের কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্র এলাকায় ওই পরীক্ষা চালানো হয়। এতে মূলত নদীর স্রোত কাজে লাগিয়ে স্বল্প পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে।প্রতিষ্ঠানের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফুল ইসলাম পরীক্ষাটির সাফল্য দাবি করে প্রথম আলোকে বলেন, এই পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনে বিশেষ যন্ত্রপাতির যেমন দরকার হবে না, তেমনি এতে ব্যয়ও হবে খুব কম। কারণ, ওই বিদ্যুৎ উৎপাদনে কোনো জ্বালানি লাগবে না। তিনি বলেন, কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের পর যে পানি নদীতে গিয়ে পড়ছে, সেই পানির স্রোত কাজে লাগিয়ে নতুন পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। দেশের বিদ্যুতের যে সংকট রয়েছে, তার মোকাবিলায় ভাসমান জলবিদ্যুৎকেন্দ্র বিশেষ ভূমিকা রাখবে।বিএমটিএফের মহাব্যবস্থাপক লেফটেন্যান্ট কর্নেল জি এম সরোয়ার প্রথম আলোকে বলেন, ভাসমান কিছু যন্ত্রপাতির মাধ্যমে স্রোত কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া দেশে এই প্রথম। এটি জার্মানির ‘সঞ্চার্ট হাইড্রো পাওয়ার প্রজেক্ট’-এর একটি পরিকল্পনা। বিএমটিএফের মাধ্যমে ওই পরিকল্পনা বাস্তবায়ন করে বাংলাদেশে স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদন করা যায় কি না, সে বিষয়ে কাপ্তাইয়ে প্রাথমিকভাবে সমীক্ষা চালানো হলো।জি এম সরোয়ার এ সময় উপস্থিত সংবাদকর্মীদের নতুন এই পদ্ধতিতে উৎপাদিত বিদ্যুতের সাহায্যে ১০০ ওয়াটের তিনটি বাল্ব জ্বালিয়ে দেখান। তিনি বলেন, কাপ্তাইয়ের পর শুভলং, টেকনাফ, সাংগু, তিস্তাসহ অন্যান্য স্থানেও অনুরূপ সমীক্ষা চালানো হবে। যেসব নদীতে পানির স্রোত বেশি, সেখানে অনায়াসে এই পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করা যাবে।৫ জুলাই সরেজমিনে দেখা গেছে, কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের পাওয়ার হাউসের ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের পর যেখানে পানি নদীতে পড়ে তীব্র স্রোত সৃষ্টি করছে, সেখানে নীল রঙের ৩০০ কেজি ওজনের দুটি ভাসমান বিদ্যুৎ উৎপাদনকারী ইউনিট বসানো হয়েছে। ইউনিট দুটি শক্ত করে রশির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের ৩, ৪ ও ৫ নম্বর ইউনিটের সামনে থেকে বিশেষ যন্ত্রের মাধ্যমে ওই ইউনিট দুটি পরিচালনা করছেন অস্ট্রেলীয় প্রকৌশলী এম সি মেফিউসাইন।এ সময় সেখানে উপস্থিত কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মো. ফেরদাউস আলী প্রথম আলোকে বলেন, ‘পদ্ধতিটি অনেক সহজ বলে মনে হচ্ছে। তবে আমাদের দেশে এ বিষয়ে আগে কারও কোনো ধারণা ছিল না। এর পূর্ণাঙ্গ সাফল্য দেখতে আরও অপেক্ষা করতে হবে।’জার্মানির সঞ্চার্ট হাইড্রো পাওয়ার প্রজেক্টের ব্যবস্থাপনা পরিচালক কার্ল কর্নহার্ট ক্লমসি প্রথম আলোকে বলেন, কাপ্তাইয়ে পানিপ্রবাহের যে ব্যবস্থা রয়েছে, তাতে নতুন এই পদ্ধতিতে ৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা আছে। তবে পরীক্ষা প্রাথমিকভাবে সফল হলেও এ জন্য আরও পরীক্ষা চালানোর প্রয়োজন আছে।বিএমটিএফের চেয়ারম্যান বলেন, আপাতত সেখানে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন করা হবে। এতে যে ত্রুটি-বিচ্যুতি পাওয়া যাবে, তা সারিয়ে বিষয়টি প্রথমে বিদ্যুৎ মন্ত্রণালয়কে জানানো হবে। পরে প্রধানমন্ত্রীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করার পরিকল্পনা নেওয়া হবে।