পানির অভাবে পাট পচানো যাচ্ছে না
যশোরের মনিরামপুরে এবার পাটের বাম্পার ফলন হয়েছে। তবে পানির অভাবে চাষিরা পাট জাগ দিতে (পচাতে) পারছেন না। আবার জাগ দিতে না পারায় অনেকেই কাটতে পারছেন না। ফলে সে জমিতে আমন চাষ করাও সম্ভব হচ্ছে না। এ কারণে চলতি মৌসুমে আমন চাষের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় (১৭টি ইউনিয়ন এবং একটি পৌরসভা) পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় দুই হাজার ২৫০ হেক্টর জমি। চাষ হয়েছে পাঁচ হাজার ৮৯০ হেক্টরে। এলাকার কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত সার ও বীজ সরবরাহ এবং গত বছর পাটের মূল্য বেশি থাকায় কৃষকেরা এবার পাটের আবাদ করেছেন অনেক বেশি। কিন্তু অনাবৃষ্টির কারণে এলাকার নদী, খাল, বিল, বাওড়, পুকুর ও ডোবায় পর্যাপ্ত পানি না থাকায় কৃষকেরা ক্ষেত থেকে পাট কাটতে বিলম্ব করছেন। আর যাঁরা ইতিমধ্যে কেটেছেন, তাঁরা পানির অভাবে তা জাগ দিতে পারছেন না। ফলে ওই জমিতে রোপা আমনের আবাদ করাও সম্ভব হচ্ছে না। কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি রোপা আমন মৌসুমে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৪ হাজার ৫৯৩ হেক্টর জমিতে। ২৬ জুলাই পর্যন্ত চাষ হয়েছে মাত্র দুই হাজার ৮৭০ হেক্টর জমিতে। রাজগঞ্জের কৃষক আবদুর রশিদ বলেন, ‘গত বছর পাটের দাম বেশি থাকায় এবং এ বছর অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত সার সরবরাহ থাকায় আমি পাঁচ বিঘা জমিতে পাট চাষ করেছি। কিন্তু এখন একে তো মূল্য কম, (মণপ্রতি ৯০০ টাকা) তার ওপর পানির অভাবে পাট কেটে জাগ দিতে পারছি না। ফলে এবার আমন চাষ করা সম্ভব হচ্ছে না।’ দুর্গাপুর গ্রামের কৃষক মশিয়ার রহমান বলেন, ‘তিন বিঘা পাটের মধ্যে মাত্র এক বিঘা কেটেছি। তা-ও আবার পচাতে না পেরে রাস্তার পাশে ফেলে রেখেছি। এখনো পাট কেটে সারা করতে পারিনি, ওই জমিতে আমন চাষ করব কিভাবে?’এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা চৈতন্য কুমার দাশ বলেন, ‘পানির অভাবে কৃষকেরা পাট কেটে পচাতে পারছে না—এ কথা সত্য। তবে আমরা সহজ উপায়ে রিবন রেটিং পদ্ধতিতে পাটের আঁশ ছাড়ানোর জন্য চাষিদের উদ্বুদ্ধ করছি। পানির অভাবে চাষিরা আমন চাষও করতে পারছেন না। দুই-এক দিনের মধ্যে বৃষ্টি হলে সব সমস্যা সমাধান হয়ে যাবে।’