পানির ট্যাংকির দেয়াল ধসে মৃত্যু ২
ঢাকার অদূরে সাভারের শ্যামপুর গ্রামে গতকাল বুধবার রাতে পানির ট্যাংকির দেয়াল ধসে বাবু (২৪) ও জনি (২৫) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বাবু হেমায়েতপুরের যমুনা পোশাক কারখানায় ও জনি ঢাকার মিরপুরের প্রিন্স বেকারিতে কাজ করতেন। বাবুর বাড়ি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায়, জনির বাড়ি টাঙ্গাইলে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শ্যামপুরের শামসুদ্দিন আহমেদ নামের এক ব্যক্তি পরিত্যক্ত একটি মুরগির খামারে ছোট ছোট কক্ষ তৈরি করে বিভিন্ন কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেন। ওই বাড়িতে প্রায় ২০০টি কক্ষে ৮০০ শ্রমিক বাস করছেন। বাবু ও প্রিন্স ওই বাড়িতে ভাড়া থাকতেন। গতকাল রাত নয়টার দিকে তাঁরা গোসল করছিলেন। এ সময় হঠাত্ পানির ট্যাংকির একপাশের দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলে বাবুর মৃত্যু হয়। গুরুতর আহত জনিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।ওই বাড়িতে বাস করা শ্রমিক মিজানুর রহমান জানান, ওই ট্যাংকিতে বেশ কিছুদিন আগেই ফাটল দেখা দিয়েছিল। এ ব্যাপারে বাড়ির ব্যবস্থাপক চাঁন মিয়াকে বারবার বলা সত্ত্বেও তিনি তা মেরামতে ব্যবস্থা নেননি।ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ রোমন প্রথম আলো ডটকমকে বলেন, পানির ট্যাংকিটি বেশ দুর্বল ছিল। ২৪ ফুট লম্বা ট্যাংকের নির্মাণে ত্রুটি থাকায় এর দেয়াল ধসে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।